স্বপ্নের রিয়ালে রদ্রিগেজ

বাতাসে গুঞ্জনটা ভাসছিল কদিন ধরেই। স্প্যানিশ প্রচারমাধ্যম আভাস দিয়েছিল, হামেস রদ্রিগেজের রিয়াল মাদ্রিদে আসা শুধুই সময়ের ব্যাপার।
কাল রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক ঘোষণার পর অবশ্য সেটা আর গুঞ্জন নেই। দিবালোকের মতো সত্য। ২৩ বছর বয়সী কলম্বিয়ান প্লেমেকারকে ছয় বছরের চুক্তিতে কিনে নিয়েছে রিয়াল।
কাল বিকেলে মাদ্রিদের একটা ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছিলেন এই প্লেমেকার। তখনই বোঝা যাচ্ছিল, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে রিয়াল। সাদা পোশাকে হাস্যোজ্জ্বল রদ্রিগেজ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘আমি খুবই খুশি। তবে এ বিষয়ে পরে কথা বলব।’ পরে নিজেদের ওয়েবসাইটে রিয়াল মাদ্রিদ ঘোষণা দিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ও এএস মোনাকো হামেস রদ্রিগেজের বিষয়ে একটা চুক্তিতে পৌঁছেছে। এর ফলে আগামী ছয় বছর রদ্রিগেজ রিয়ালে খেলবেন।’ কাল রাতেই বার্নাব্যুতে হয়ে গেছে রদ্রিগেজ-বরণও। মোনাকোর কলম্বিয়ান স্ট্রাইকার পরে তাঁর টুইটারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘স্বপ্ন এখন সত্যি। বিশ্বসেরা ক্লাবে এসে আনন্দিত।’
নিজেদের ওয়েবসাইটে মোনাকো অবশ্য জানিয়েছে কলম্বিয়ান স্ট্রাইকারকে ছাড়ার কোনো ইচ্ছা ছিল না তাদের, ‘হামেস অসাধারণ একজন খেলোয়াড়। মোনাকোর হয়ে তিনি অনেক কিছুই জিতেছেন। তাঁকে বিক্রি করে দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না ক্লাবের। কিন্তু সব পক্ষের ভালোর জন্য এই দলবদলটা হতে হয়েছে। ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলবদলগুলোর একটির অংশীদার হতে পেরে মোনাকো গর্বিত।’
মোনাকোর দাবিটা মেনে নিতেই হচ্ছে। আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, কিন্তু রদ্রিগেজকে আনতে রিয়ালকে ৮ কোটি ইউরো খরচ করতে হয়েছে বলে প্রচারমাধ্যমগুলো জানিয়েছে। সেটা ঠিক হয়ে থাকলে গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজের পর রদ্রিগেজ এখন বিশ্বের চতুর্থ দামি খেলোয়াড়।
রদ্রিগেজের জন্য অর্থটা বেশি হয়ে গেছে কিনা, সেটা ভবিষ্যৎই বলে দেবে। তবে বিশ্বকাপে যা করেছেন, তাতে রিয়ালকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে সেটা নিশ্চিতই ছিল। ব্রাজিল বিশ্বকাপে ছয় গোল করে জিতেছেন গোল্ডেন বুট, কলম্বিয়াকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে। পরশু ফিফাডটকমের ভোটে রদ্রিগেজের গোলটা বিশ্বকাপের সেরা নির্বাচিত হয়েছে।
পোর্তো ও মোনাকোর হয়ে ইউরোপের মঞ্চে নিজেকে চিনিয়েছিলেন আগেই। পোর্তোর হয়ে তিনবার ঘরোয়া লিগ ও একবার ইউরোপা লিগ জিতেছেন। গত মৌসুমে মোনাকো ৪ কোটি ৫০ লাখ ইউরো দিয়ে তাঁকে নিয়ে এসেছিল। মৌসুমে ফ্রেঞ্চ ক্লাবটির সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন। এএফপি, রয়টার্স।