স্বপ্নের শেষ যেখানে.....শুরুও সেখানেই

কোনো এক কর্মব্যস্ত দিনে অফিস থেকে বাসায় ফিরে হয়তো কফির কাপটা হাতে নিয়ে বারান্দায় বসেন সিরলি ফ্রেইতাস। ক্ষণিকের জন্য কি কল্পনায় ভেসে যান না তখন? হয়তো। হয়তো চোখ বুজে হারিয়ে যান এই স্বপ্নের মধ্যে—বারান্দায় তিনি একা নন, কফির কাপ হাতে পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর স্বামীও। দুজনের সুন্দর কিছু প্রিয় মুহূর্ত কাটছে। তাঁরা স্বপ্ন বুনছেন আট ও তিন বছর বয়সী দুই সন্তানকে নিয়ে।
কিন্তু বন্ধ চোখটা খুলতেই সিরলির সামনে এসে দাঁড়ায় বাস্তব। বড্ড নিষ্ঠুর সেটি। সেখানে তিনি একা, দুই সন্তানকে নিয়েই তাঁর পৃথিবী। সন্তানদের সুন্দর পৃথিবী উপহার দেওয়ার স্বপ্ন দেখতেন যাঁর সঙ্গে মিলে, তিনিই যে নেই! তাঁকে কেড়ে নিয়েছে দুর্ভাগ্যজনক সেই বিমান দুর্ঘটনা। গত নভেম্বরে শাপেকোয়েনসের ফুটবলার-কোচ-কর্মকর্তাদের বয়ে নেওয়া যে বিমানটি ভূপাতিত হয় কলম্বিয়ার মাটিতে, তাতে ছিলেন সিরলির স্বামী ক্লেবারসন সিলভাও।
শাপেকোয়েনসের প্রেস সচিব ছিলেন ক্লেবারসন। ব্রাজিলের ফুটবলের চতুর্থ স্তর থেকে সাত বছরের মধ্যে রূপকথা লিখে যেভাবে শীর্ষস্তরে উঠে আসে শাপেকোয়েনস, খেলে মহাদেশীয় প্রতিযোগিতায়, সেটি মানুষকে জানানো ছিল তাঁর কাজের অংশ। গত নভেম্বরে দলের সঙ্গে যখন কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাসিওনালের মাঠে যাচ্ছিলেন, ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় রূপকথার গল্পটিই হয়তো সবাইকে জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেটি আর জানানো হলো না। আর কখনোই লিখবেন না, বলবেন না ক্লেবারসন।
শাপেকোয়েনসের বেদনার গল্পে যোগ হতে পারত সিরলির স্বপ্ন-সমাধির কাহিনিও। ওই দুর্ঘটনার এক সপ্তাহ পর ক্লাবে যান ৩৩ বছর বয়সী সিরলি। পুরো শাপেকোয়েনস তখনো স্তব্ধ। এরই মধ্যে নীরবে ক্লাব থেকে স্বামীর ব্যবহার্য সব জিনিস নিয়ে আসতে চেয়েছিলেন সিরলি। চেয়েছিলেন প্রিয়তমর স্মৃতিচিহ্নগুলো তাঁর কাছেই থাকুক। কিন্তু তাঁর জন্য অপেক্ষায় ছিল একটা প্রস্তাবও—স্বামীর চাকরিটা নিয়ে নিন!
এর আগে স্থানীয় একটি পত্রিকায় ফটোসাংবাদিকের কাজ করতেন সিরলি। তাই ক্লেবারসনের কাজের ব্যাপারে কিছুটা ধারণা ছিল। চাকরিটা তিনি নিলেন। তাঁর স্বামীর দিন যেখানে কাটত আগ্রহী সাংবাদিকদের কাছে ক্লাবের সাফল্য-ব্যর্থতার বয়ান দিতে দিতে, সিরলির শুরুর দিনগুলোতে প্রশ্ন আসত শুধুই ওই দুর্ঘটনা নিয়ে, যা এখনো তাঁর ঘুম ভাঙিয়ে দেয়। সিরলি দুর্ঘটনার পরপর বেশ কিছুদিন ছিলেন ঘোরের মধ্যে, ‘মাঝে মাঝে নিজেরই বিশ্বাস হতো না আসলেই এমন কিছু হয়েছে। এতটাই কষ্টের ছিল সবকিছু, মনে হতো এসব আসলে সত্যি নয়।’
চাকরিটা ক্লেবারসনেরও খুব পছন্দের ছিল। সেটি নিজের করে নিয়ে ক্লাবকে আবারও উঠে দাঁড়াতে সাহায্য করতেই চেয়েছেন সিরলি। কিন্তু বারবার স্বামীর স্মৃতি যে টোকা দিয়ে যেত সিরলিকে। আর বেয়াড়া স্মৃতিগুলো সঙ্গে নিয়ে আসত কিছু হাহাকারও, ‘ব্যাখ্যাতীত কিছু মুহূর্ত নিয়েই দিনগুলো কাটত, কারণ ওকে মনে পড়ত আমার। ও যা করত, আমি তা-ই করছি। যে কারণে ওকে খুব বেশি করে মিসও করছি। আমি সব সময় ভাবি, ও এখানে থাকলে কী করত। এই ভাবনাই কঠিন মুহূর্তগুলোতে আমাকে সাহায্য করে।’
সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল সম্ভবত গত মার্চে কোপা লিবার্তাদোরেসের ম্যাচ খেলতে পেরুতে যাওয়ার সময়টা। ওই ভ্রমণ মানেই যে বিমানে চড়া! ওই দুর্ঘটনার পর শাপেকোয়েনসের প্রথম বিমানযাত্রা। ‘ওই ফ্লাইটে আমার অনেক কষ্ট হয়েছে। কলম্বিয়াতে যা হয়েছে সেটি একটা মুহূর্তের জন্যও মন থেকে সরাতে পারছিলাম না’—পেরুর বিমানে চড়ার অভিজ্ঞতাটা জানালেন সিরলি। তবে আবেগে সবচেয়ে নাড়া দিয়ে যাবে আগামী ১০ মের বিমানযাত্রা। আবারও কলম্বিয়ায়, সেই অ্যাটলেটিকো ন্যাসিওনালের মাঠেই। ক্লেবারসনের জায়গায় এবার সিরলি যাবেন দলের সঙ্গে।
এবার হয়তো আনন্দই সঙ্গী হবে তাঁদের। হয়তো এখান থেকেই শুরু হবে শাপেকোয়েনসের নতুন স্বপ্নযাত্রা। তবে সেটি তো ক্লাবের স্বপ্নের গল্প। বেদনা ছাপিয়ে একটা ব্যক্তিগত স্বপ্নের গল্প তো লেখার বাকি সিরলিরও, ‘আমার দুটি সন্তানের দেখাশোনা করতে হবে। ওদের বিশ্বাস করাতে হবে যে ওদের মা ঠিকই আছে, ভেঙে পড়েনি। আমার সব চিন্তা এখন ওদের ঘিরেই।’
স্বপ্নও হয়তো সব সন্তানদের ঘিরে। এখনো বারান্দায় কফির কাপ হাতে নিয়ে হয়তো সেই স্বপ্নই দেখেন সিরলি। পার্থক্য বলতে, এখন স্বপ্নটা দেখেন একা একা! এএফপি অবলম্বনে।