স্বপ্নের সেই ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইটা ফাইনালে হলেই মানাত ভালো। কিন্তু ড্র-ই নির্ধারণ করে দিয়েছে, একুশ শতকের টেনিসের সবচেয়ে ধ্রুপদি প্রতিদ্বন্দ্বিতাটা হলে তা সেমিফাইনালেই হবে। এক দশক ধরে যে ম্যাচটির প্রতীক্ষায় থাকে টেনিস-বিশ্ব, আজ মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বহুপ্রতীক্ষিত সেই ফেদেরার-নাদাল দ্বৈরথ। আজকের বিজয়ীর জন্য রোববারের ফাইনালে অপেক্ষা করছেন স্তানিসলাস ভাভরিঙ্কা। কাল প্রথম সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে ৬-৩, ৬-৭ (১/৭), ৭-৬ (৭/৩), ৭-৬ (৭/৪) গেমে হারিয়েছেন ফেদেরারের বন্ধু ভাভরিঙ্কা।
দুই বছর আগে এই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামে আবার মুখোমুখি শীর্ষ বাছাই নাদাল ও ষষ্ঠ বাছাই ফেদেরার। সেবার ৬-৭ (৫/৭), ৬-২, ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে জিতেছিলেন নাদাল। ২০০৪ সালের মায়ামি মাস্টার্সে জন্ম হয়েছিল যে প্রতিদ্বন্দ্বিতার, আজ সেটির ৩৩তম সংস্করণের আগে উড়ছেন নাদাল-ফেদেরার দুজনই। শেষ চারে ওঠার পথে মাত্র একটি করে সেট হেরেছেন। ১০ বছর আগে প্রথম লড়াইয়ে জয় পাওয়া নাদালই এগিয়ে মুখোমুখি লড়াইয়ে। দুজনের সর্বশেষ ১০ ম্যাচের আটটিতেই জেতা বিশ্বের এক নম্বর খেলোয়াড় অবশ্য আজ ম্যাচ শুরু করবেন কিছুটা হলেও পিছিয়ে থেকে।
যে হাতে খেলেন, সেই বাঁ হাতের তালুটাই যে ফোসকা পড়ে ক্ষত-বিক্ষত নাদালের। টেপ লাগানো সেই হাত দিয়েই কোয়ার্টার ফাইনাল জিতে আসতে কতটা কষ্ট করতে হয়েছে, নাদাল নিজেই বললেন সেটা, ‘পট্টি লাগানো হাতে যখন সার্ভ করি, মনে হয় র্যাকেটটা হাত থেকে ছুটে যাচ্ছে। সার্ভের জন্য ওটা ভয়ংকর, কারণ এটা গতিতে প্রভাব ফেলে। ছন্দটাও এলোমেলো হয়ে যায়। এটা অনেক বড় ব্যাপার।’
হাঁটুর গুরুতর চোট কাটিয়ে ফেরার পর থেকে প্রায় অপ্রতিরোধ্য নাদালের অস্বস্তিটাকে কি কাজে লাগাতে পারবেন নতুন কোচ ও নতুন র্যাকেটের আশ্রয় নেওয়া ফেদেরার? পারবেন ২০১২ সালের উইম্বলডনের পর প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে? সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক আশাবাদী, ‘কোনো সন্দেহ নেই, তাঁর বিপক্ষে খেলাটা কঠিন। (তবে) স্লামে তাঁর সঙ্গে খেলার সুযোগ পেয়েই আমি খুশি। মুখোমুখি লড়াইয়ে সে এগিয়ে। আমি স্টেফানের (এডবার্গ) সঙ্গে কথা বলব। কারণ প্রথম যখন আমরা খেলা নিয়ে কথা বলেছি, সেখানে রাফার সঙ্গে খেলার বিষয়টিও ছিল। আশা করছি, আমি জয় পাব।’
আশা নিশ্চয়ই নাদালও করছেন। স্মরণীয় আরেকটি ম্যাচ দেখার আশাটা তো সর্বজনীনই। এএফপি।