স্বরূপে ক্লে-কোর্টের ‘রাজা-রানি’
একসময় ফ্রেঞ্চ ওপেন বলতেই রাফায়েল নাদাল আর জাস্টিন হেনিনের জয়জয়কার বোঝাত। আকস্মিক অবসরের কারণে গত দুই বছর কোর্টে নামা হয়নি হেনিনের। আর গত বছর দুর্ভাগ্য ফাইনালের আগেই ছিটকে দিয়েছিল নাদালকে। আরেকটা ফ্রেঞ্চ ওপেন শুরুর মাত্র ২০ দিন আগে দুজনই একটা করে শিরোপা জিতে জানিয়ে দিলেন, রাজত্ব পুনরুদ্ধার করতে আসছেন নাদাল-হেনিন।রবিন সোদারলিং ভেঙে দিয়েছিলেন রাফায়েল নাদালের টানা পঞ্চম ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বপ্ন। গত বছর ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায়ের পরই তাঁর দুঃসময়ের শুরু। র্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে নামতে নামতে তিন নম্বরে নেমে এসেছিলেন। মনে হচ্ছিল, প্রিয় ক্লে-কোর্টেও তাঁর দাপটের দিন শেষ। কিন্তু আরেকটা ফ্রেঞ্চ ওপেনের ঠিক আগে নাদাল বুঝিয়ে দিলেন, ক্লে-কোর্ট তাঁর দখলেই আছে। ডেভিড ফেরারকে ৭-৫, ৬-২ ব্যবধানে ফাইনালে হারানোর সঙ্গে সঙ্গে আন্দ্রে আগাসির একটি রেকর্ড ছুঁয়ে ফেললেন নাদাল। দুজনই এখন ১৭টি করে মাস্টার্স শিরোপার মালিক। এই জয়টা ক্লে-কোর্টে বিস্ময়কর সাফল্যের স্বাক্ষর রাখল তাঁর জন্য, মাত্র ১৭টি হারের বিপরীতে জয়ের সংখ্যা ১৯১!নাদালের রোম মাস্টার্স জয়ের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছেন তাঁর ২০১০ ফ্রেঞ্চ ওপেন জয়ের সংকেত। কদিন আগে নাদালের কাছে মন্টে কার্লোর ফাইনালে হারা ফার্নান্দো ভার্দোস্কো যেমন বলছেন, ‘রাফা যদি ওর সেরা টেনিস খেলে, তাহলে ওকে ক্লে-কোর্টে কেউই হারাতে পারবে না।’একই কথা একসময় অনেক শুনেছেন হেনিনও। নাদাল ফ্রেঞ্চ ওপেনের সাবেক ‘রাজা’ হলে, এই কোর্টের একসময় ‘রানি’ ছিলেন জাস্টিন হেনিন। চারটি ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতার পর ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেনের ঠিক আগে আগে দুনিয়া কাঁপিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেয়েদের এক নম্বর খেলোয়াড়। গত বছর ফিরে এসে কয়েকটা টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শিরোপাটা অধরা থেকে যাচ্ছিল হেনিনের।অবশেষে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরের বিপক্ষে স্টুটগার্ট ইনডোর জয় করে শিরোপা-খরা কাটালেন হেনিন। বাঁ হাতের ভাঙা আঙুল নিয়ে টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন ডানহাতি হেনিন। বলছেন, ওই ভাঙা আঙুলই তাঁর জন্য সৌভাগ্য বয়ে এনেছে। এএফপি।