স্বরূপে বোল্ট

১০০ মিটারে গত সপ্তাহে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। রোম ডায়মন্ড লিগ হেরেছিলেন জাস্টিন গ্যাটলিনের কাছে। তবে বিসলেট ডায়মন্ড লিগে গতির ঝড় তুললেন উসাইন বোল্ট। জ্যামাইকান এই গতিমানব গতকাল বৃহস্পতিবার ২০০ মিটার স্প্রিন্ট জিতলেন ১৯.৭৯ সেকেন্ডে।
এ বছর এটিই সেরা টাইমিং ছয়বার অলিম্পিক সোনাজয়ী বোল্টের। চলতি বছর এই প্রথম কোনো অ্যাথলেট ২০০ মিটারে ২০ সেকেন্ডের নিচে টাইমিং করলেন।
হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফেরার পর গত মাসে প্রথম ট্র্যাকে নেমেছিলেন বোল্ট। তবে কেম্যান আমন্ত্রণমূলক মিটে ১০০ মিটারে তাঁর টাইমিং ছিল খুব সাদামাটা, ১০.০৯ সেকেন্ড। গত সপ্তাহে রোমেও গতির ঝড় তুলতে পারেননি। তবে বিশ্বের দ্রুততম এই মানব স্বরূপে ফিরলেন গতকাল। স্বাভাবিকভাবে খুশি বোল্ট। তবে একই সঙ্গে তিনি এটাও জানিয়ে রাখলেন, তাঁর পক্ষে আরও ভালো টাইমিং করা সম্ভব ছিল, ‘সার্বিকভাবে ভালো হয়েছে। কিন্তু এর চেয়ে ভালো, উষ্ণতর কন্ডিশনে খুব সহজেই টাইমিংটা ১৯.৫০ সেকেন্ড করতে পারতাম।’
বিসলেট ডায়মন্ড লিগে বোল্টের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছিল নরওয়েজিয়ান অ্যাথলেট জয়সুমা সাইদেকে। গত সপ্তাহে ১০০ মিটারে হারা বোল্টের বিপক্ষে চমক দেখানোর স্বপ্নও নিশ্চয়ই দেখেছিলেন তিনি। তবে পারেননি স্বাগতিক এই অ্যাথলেট। ২০.৩৬ সেকেন্ড টাইম করে দ্বিতীয় হয়েছেন। লড়াই শেষে জয়সুমার কণ্ঠে হতাশা, ‘ভেবেছিলাম বোল্টকে ছাড়িয়ে যেতে পারব। ১৫০ মিটার পথ পর্যন্তও মনে হচ্ছিল তাঁকে ধরতে পারব। কিন্তু তা আর হলো না।’ সূত্র: রয়টার্স।