স্বরূপে ম্যারাডোনা
দিন দশেক বোধহয় খুব কষ্ট করে নিজেকে ধরে রেখেছিলেন। এর মধ্যে পেলে-প্লাতিনিকে আক্রমণ করেছেন, জাবুলানি-ভুভুজেলা নিয়ে সরব হয়েছেন, ইউরোপিয়ান ফুটবলের মুণ্ডুপাত করেছেন; কিন্তু স্বরূপে ঠিক ফেরেননি ডিয়েগো ম্যারাডোনা। সাংবাদিকদের কোনো আক্রমণই যে করেননি এত দিন!সংযমটা আর ধরে রাখতে পারলেন না। পূর্ণ নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে ওঠা নিশ্চিত করেই একহাত নিলেন ‘পুরোনো শত্রু’দের। বাছাইপর্বে সাংবাদিকদের অনেক সমালোচনা সইতে হয়েছে। সেসব সমালোচনার জবাব বড় বিশ্রীভাবে দিয়েছিলেন বাছাইপর্ব পার হয়েই। সাংবাদিকদের প্রতি কুৎসিত অঙ্গভঙ্গি করে ফিফার শাস্তিও পেয়েছিলেন। পরশু আর অতটা আগে বাড়লেন না। তুলনামূলক ভদ্রভাবেই সমালোচকদের বললেন, তাঁদের ক্ষমা চাওয়া উচিত, ‘আপনারা অনেক কথা বলেছেন। যা বলেছেন তার সবই ভুল। আপনারা খেলোয়াড়দের প্রতি সে সময় ন্যূনতম শ্রদ্ধাটুকুও দেখাননি। এখন আপনাদের উচিত, এই খেলোয়াড়দের কাছে ক্ষমা চাওয়া। খেলোয়াড়েরা মাঠে তাদের সর্বোচ্চ ঢেলে দিচ্ছে। কারণ, এরা শতভাগ পেশাদার খেলোয়াড়।’বাছাইপর্বে খারাপ করার জন্য আর্জেন্টিনার খেলোয়াড়দের সমালোচনা করাটা যে অন্যায় ছিল, সেটা নানাভাবেই বোঝাতে চেয়েছেন ম্যারাডোনা, ‘আমরা সব সময় যা করি, এখনো সেভাবেই আর্জেন্টিনার জাতীয় পতাকার জন্য লড়ে যাচ্ছি। এই খেলোয়াড়েরাই কিন্তু বাছাইপর্বে খেলেছে। যে কেউই (সমালোচনা করে) ভুল করতে পারে। এখন যদি তারা দুঃখিত বলে সেটাই আমার ভালো লাগবে।’গ্রিসের বিপক্ষে ‘রিজার্ভ দল’ মাঠে নামিয়ে ম্যাচ জিতে ম্যারাডোনার আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। তবে এ ম্যাচের রেফারিদের তীব্র সমালোচনা করেছেন ম্যারাডোনা। অবশ্য মেক্সিকোর সঙ্গে দ্বিতীয় পর্বের ম্যাচ নিয়ে আগাম কথা বলতে গিয়ে একটু যেন সতর্ক বিশ্বকাপজয়ী অধিনায়ক। ২০০৬ সালের মতো এবারও আর্জেন্টিনার দ্বিতীয় পর্বে প্রতিপক্ষ মেক্সিকো। ম্যারাডোনা এখন চেষ্টা করছেন মধ্য আমেরিকান দলটির দুর্বলতা খুঁজে বের করার, ‘আমরা এখন ওদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছি এবং ওদের ভালো খেলোয়াড়দের চিহ্নিত করছি। এই পর্যায়ে কোনো ভুল করা চলবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যতদূর সম্ভব যেতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দলটা এখন খুবই একতাবদ্ধ; মাঠে যার প্রমাণও যাওয়া যাচ্ছে।’ ওয়েবসাইট।