স্বরূপে শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ রাসেলকে প্রথম গোল এনে দিলেন শাকিল। গোলদাতাকে ঘিরে চলল সতীর্থদের উল্লাস। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ।  প্রথম আলো
শেখ রাসেলকে প্রথম গোল এনে দিলেন শাকিল। গোলদাতাকে ঘিরে চলল সতীর্থদের উল্লাস। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে । প্রথম আলো

প্রথম দুই ম্যাচেই জয়। পা হড়কাল তৃতীয় ম্যাচে, ব্রাদার্সের কাছে হার। শেখ রাসেলের জন্য এটা ছিল বড় এক ধাক্কা। ফেনী সকারের বিপক্ষে জয় তুলে চতুর্থ ম্যাচেই ঘুরে দাঁড়াল গতবারের ট্রেবলজয়ীরা।
তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল গোল পেতে হাঁসফাঁস করছিল রাসেল। শেষ ১২ মিনিটে মরোক্কান ফরোয়ার্ড ইউনেস রক্স ও শাকিলের দুটি গোলেই ভারমুক্তি।
সাধ্যমতো পোস্ট অক্ষত রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত হার ফেনী সকারের। এর আগে যারা রুখে দিয়েছিল আবাহনীকে (০-০), শেখ জামালের সঙ্গে চার গোল খেলেও ফেরত দিয়েছে দুটি। বিজেএমসির বিপক্ষে লড়াই করে হেরেছে ২-১ এ। ফেনী সকার নামে ছোট হলেও লড়াই-ই করে আসছিল লিগের শুরু থেকে।
সকারের গাম্বিয়ান কোচ ওমর সিসের কৌশল আগের ম্যাচগুলোয় কাজ করছিল ভালোই। কালও তা লেগে গিয়েছিল প্রায়। কিন্তু রাসেলের আক্রমণের ঝড়ে পোস্ট অক্ষত রাখা যায়নি। ৭৮ মিনিটে মিঠুনের ক্রসে দারুণ হেডে লক্ষ্যভেদ শাকিলের, এই লিগে তাঁর প্রথম গোল। শেষ মিনিটে আবার মিঠুন, এবার তাঁর বলে রক্স করেন ২-০। ম্যাচে গোল না পেলেও দুটি গোল করিয়ে ম্যাচের সেরা মিঠুনই।
বারিধারার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে লিগ শুরু করেছিলেন মিঠুন। গোল আর না পেলেও এখন পর্যন্ত বেশ উজ্জ্বল। শেখ রাসেল ও
জাতীয় দলের জন্যই তা সুখবর। তবে মিঠুন নয়, কাল না খেলেও আলোচনার কেন্দ্রে শেখ রাসেলের হাইতিয়ান মিডফিল্ডার মিলিয়েন প্যাসকাল।
হাইতি জাতীয় দলে নর্দের (শেখ জামাল) সঙ্গে খেলা প্যাসকাল নর্দেকেও ছাড়িয়ে যেতে পারেন, এমন দাবি শেখ রাসেলের অনেকের। রাসেলের কোচ মারুফুল হক অবশ্য এখনই উচ্ছ্বাসে ভাসতে রাজি নন, ‘ওর খেলা না দেখে অগ্রিম কিছু বলতে পারব না।’
ফেনী সকারের কাল আক্রমণে সেভাবে কেউ ছিল না। তিন সেন্টারব্যাকের মধ্যে তাই দুজনকে রেখে হাসানকে একটু ডানে তুলে দেন মারুফ। আক্রমণে খেলোয়াড়সংখ্যা বাড়ল, তা সামাল দিতে হিমশিম খেল ফেনী সকার। প্যাসকালকে নিয়ে রাসেলের আক্রমণের ধার আরও বাড়বে বলেই ধারণা।
অনেকেই খুব কৌতূহলী, নর্দের পর আরেকজন তারকা তাহলে পাচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ?
আজকের খেলা: শেখ জামাল-মুক্তিযোদ্ধা (বিকেল ৪-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)