স্বল্প প্রস্তুতি নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছে মহিলা দল
প্রায় এক মাস হলো জাতীয় মহিলা দলের অনুশীলন ক্যাম্প চলছে, অথচ কালই প্রথম একটা প্রস্তুতি ম্যাচ খেলল তারা! এতে জাতীয় দল সাবিনা (২), সুইনু প্রু ও অম্রা চিংয়ের গোলে ৪-০ ব্যবধানে হারাল অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় দ্বিতীয় সাফ ফুটবলে যাওয়ার আগে বড়জোর আরও দু-একটি ম্যাচ খেলতে পারে জাতীয় মহিলা দল। তার মানে স্বল্প প্রস্তুতি নিয়েই সাফ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। দুই বছর আগে কক্সবাজারে হওয়া প্রথম সাফ ফুটবলে স্বাগতিক বাংলাদেশ উঠেছিল সেমিফাইনালে। এবারও প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। কিন্তু তৃষ্ণা, সাবিনারা যা খেললেন তাতে খুব বেশি আশাবাদী হওয়া যায় না। ভুল পাসের ছড়াছড়ি, গোল মিসের মহড়া, ফিনিশিংয়ের অভাব—দলটির খুব একটা উন্নতি হয়নি। কোচ গোলাম রব্বানি (ছোটন) বললেন, ‘আরও বেশি ম্যাচ খেলার দরকার ছিল।’ অভিজ্ঞ খেলোয়াড় তৃষ্ণারও একই আক্ষেপ, ‘আমাদের আরও আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। এই দলের চেয়ে বেশি শক্তিশালী দলের বিপক্ষে খেললে আমাদের জন্য আরও উপকার হতো।’৭-১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে বাংলাদেশের গ্রুপ সঙ্গী ভারত, শ্রীলঙ্কা ও ভুটান।