স্বস্তিও দিয়েছেন সানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বোলিং বৈধতার পরীক্ষা িদয়েছেন আরাফাত সানি l ফাইল ছবি
কাল বোলিং বৈধতার পরীক্ষা িদয়েছেন আরাফাত সানি l ফাইল ছবি

আরাফাত সানি যদি অস্বস্তির নাম হয়, বাংলাদেশ দলকে বড় একটা স্বস্তিও এই বাঁহাতি স্পিনারেরই উপহার!
ঠান্ডায় জবুথবু বৃষ্টিমুখর ধর্মশালা থেকে কাল চেন্নাই উড়ে গেলেন সানি। বোলিং অ্যাকশন নিয়ে ওঠা প্রশ্নের উত্তর খুঁজতে। সঙ্গে স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে। দুপুরে রওনা হয়ে চেন্নাই পৌঁছেছেন রাত সাড়ে আটটার দিকে। ঘণ্টা দুয়েক পরই পরীক্ষার সব আয়োজন ঠিক করে রাখা হয়েছিল। গবেষণাগারে ক্যামেরার সামনে বোলিং-বৈধতার পরীক্ষা। যা দিয়ে আজ দুপুর সাড়ে ১২টায় সানির আবার ফিরে আসার কথা ধর্মশালায়।
অস্বস্তিটা না হয় বোঝা গেল, স্বস্তির কথা আসছে কোত্থেকে! একটু ভূমিকা করে বলা যাক।
বাছাইপর্বে যে ম্যাচটিকে ‘অর্থহীন’ বলে ভেবে নিয়েছিলেন সবাই, সেই বাংলাদেশ-ওমানই এখন নকআউট ম্যাচ! তবে বৃষ্টি সেই ম্যাচ হতে দেবে কি না, এ নিয়ে প্রবল সংশয়। পরশু দিন শুরু বৃষ্টি কালও প্রায় সারা দিনই ঝরে গেছে। পূর্বাভাস অনুযায়ী আজকের দিনটিও তেমনই হওয়ার প্রবল সম্ভাবনা।
হলে হবে। ‘আজ তোরা যাসনে ঘরের বাহিরে’ ডাক শুনে সারা দিন হোটেলে কাটানো বাংলাদেশ দল যে নিরুদ্বিগ্ন বিশ্রাম নিতে পারল, এর মূলে তো আরাফাত সানি! বৃষ্টিতে যদি আজকের ম্যাচ ভেসেও যায়, তাতে বাংলাদেশের কিছু আসছে-যাচ্ছে না সানির কারণেই। হল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ রানে জিতেছিল বাংলাদেশ, ইনিংসের শেষ চার বলে ঠিক ৮ রানই নিয়েছিলেন সানি। ম্যাচের নির্ধারক তো তাহলে ২০০ স্ট্রাইক রেটের ওই ছোট্ট ইনিংসটাই!
তখন কল্পনাও করা যায়নি, সানির ওই ৮ রান, আরও নির্দিষ্ট করে বললে পঞ্চম বলে মারা তাঁর ছক্কাটা ওই ম্যাচ ছাপিয়ে পুরো বাছাইপর্বেই এমন প্রভাবশালী হয়ে উঠবে। বাংলাদেশের পয়েন্ট ৩, ওমানেরও তা-ই। বাংলাদেশের নেট রানরেট দশমিক ৪, ওমানের দশমিক ২৮৩। যে ব্যবধানের মূলে সানির ওই ছক্কা!
ম্যাচ যদি একদমই না হয়, তাতে সমস্যা নেই। কিন্তু বৃষ্টি যদি কিছুক্ষণের জন্য ‘দয়া’ করে, তা নিয়ে কিন্তু একটা অস্বস্তি থাকছেই। তামিম ইকবাল সেটিই মনে করিয়ে দিলেন। ১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিয়ে পাকিস্তান দলের কোনো সন্দেহ নেই। কোচ ওয়াকার ইউনিস তো বাংলাদেশকে নিয়ে হোমওয়ার্ক করতেও শুরু করে দিয়েছেন। কিন্তু মনে মনে ইডেনে খেলা নিয়ে রোমাঞ্চিত তামিম সেটি মুখেই আনতে রাজি নন। বরং বাংলাদেশ সুপার টেনে উঠে গেছে, এই নিশ্চিন্তি মন থেকে ঝেঁটিয়ে দূর করে দিচ্ছেন, ‘এমনও তো হতে পারে, বৃষ্টির কারণে ৫ ওভার হলো। ৫ ওভারের খেলায় কিচ্ছু বলা যায় না। কাজেই একটা প্রশ্নচিহ্ন থাকছেই।’
ওই প্রশ্নচিহ্ন থাকাটাকে ইতিবাচকই মনে হচ্ছে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তামিমের, ‘প্রশ্নচিহ্ন থাকা ভালো। ওটা থাকলে অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় না।’ এমনিতে ওমানের বাংলাদেশের কাছে পাত্তাই পাওয়ার কথা নয়। শৌখিন ক্রিকেটারদের এক দল। ওমান ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ক্রিকেটাররা কিছু টাকা পান বটে, তবে সেটি নামমাত্র। শুধুই ক্রিকেট নিয়ে পড়ে থাকার মতো নয়। দলে ওমানি মাত্র একজন। বাকি সবারই শিকড় ভারত বা পাকিস্তানে। তার পরও কাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক বারবার বলে গেলেন, ওমানকে হালকাভাবে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভারত বা পাকিস্তানের বিপক্ষে খেললে যেভাবে প্রস্তুতি নিত বাংলাদেশ দল, এই ম্যাচেও সেভাবেই নিচ্ছে।
কারণ একটাই—টি-টোয়েন্টি যে ধাঁধার খেলা! তা যত বেশি সংক্ষিপ্ত হয়, তত বেশি ধাঁধা। তার ওপর ওমান যে খেলতে পারে, এটা তো প্রমাণিতই। ৫০ ওভারের হোক বা ২০ ওভারের, প্রতিটি বিশ্বকাপেই একটি না একটি অঘটন ঘটানো আয়ারল্যান্ডকে হারাতে যাদের সংক্ষিপ্ত ম্যাচের আশীর্বাদও লাগেনি। ঢাকায় এশিয়া কাপের বাছাইপর্বে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক পুরোনো দল হংকংকেও হারিয়ে এসেছে।
বিচিত্র সব ক্রিকেটার ওমান দলে। লাসিথ মালিঙ্গার মতো অ্যাকশনের একজন পেসার। প্রায় হেঁটে গিয়ে বল ছাড়ার আগে পুরো থেমে যাওয়া এক বাঁহাতি স্পিনার। প্রতি বলেই চার-ছয় মারতে চাওয়া ব্যাটসম্যান। হোটেলে দল বেঁধে আয়ারল্যান্ডের বিপক্ষে ওমানের ম্যাচটি দেখার সময় এসবে খুব মজা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ওমানের শক্তির জায়গা বলতে গিয়ে তামিম ইকবাল অবশ্য ক্রিকেটীয় কিছু খুঁজে পাচ্ছেন না। একটু হলেও ওমানকে যদি বিপজ্জনক মনে হয়, তাঁর কাছে সেটির কারণ অন্য, ‘ওদের হারানোর কিছু নেই। ওরা মনের আনন্দে খেলছে।’
ওমানের জন্য আসলেই এ এক আনন্দ-সফর। বৃষ্টিতে আজকের ম্যাচটি ভেসে গেলে তা আর নির্ভেজাল আনন্দের থাকবে না। একটু দুঃখ মিশে যাবে তাতে। বাংলাদেশ দলের চাওয়াটা খুব পরিষ্কার। হলে পুরো ম্যাচই হোক, নইলে এক বল হওয়ারও দরকার নেই।
এমন যে ভাবা যাচ্ছে, তার মূলে কিন্তু কাল চেন্নাই উড়ে যাওয়া বিষণ্ন-চিন্তিত এক তরুণ। আরাফাত সানি!