স্বস্তিতে আজহার, কাজ করবেন ক্রিকেট নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০০ সালে ম্যাচ পাতানোর কলঙ্ক মাথায় নিয়ে ক্রিকেট অঙ্গন থেকে বিদায় নিতে হয়েছিল মোহাম্মদ আজহারউদ্দিনকে। ভারতের অন্যতম সফল এই অধিনায়ককে নিষিদ্ধ করা হয়েছিল আজীবনের জন্য। কিন্তু দীর্ঘ ১২ বছর পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই সিদ্ধান্তকে বেআইনি বলে ঘোষণা করেছেন অন্ধ্র প্রদেশের একটি আদালত। নতুন এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আজহারউদ্দিন। এখন বোর্ডের বিরুদ্ধে পাল্টা কোনো আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা না করলেও ভবিষ্যতে ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে এসে ম্যাচ পাতানোর অভিযোগ নিয়ে ক্রিকেট অঙ্গন থেকে বিদায় নিয়েছিলেন আজহারউদ্দিন। এরপর যুক্ত হয়েছিলেন রাজনীতিতে। বর্তমানে তিনি উত্তর প্রদেশের মোরাদাবাদের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ তাঁর ওপর জারি থাকা নিষেধাজ্ঞা নিয়ে আদালতের এই রায়ের পর আজহার বলেছেন, ‘এই মামলাটা চলেছে দীর্ঘদিন। আর এটা ছিল যন্ত্রণাদায়ক। আমরা দীর্ঘ ১১ বছর ধরে আদালতে লড়াই করেছি। শেষ পর্যন্ত রায় বেরিয়েছে এবং আমি খুবই খুশি যে আদালত এই নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করেছেন।’ এখন ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে নতুন কোনো আইনি ব্যবস্থা নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে কংগ্রেসের এই সাংসদ বলেছেন, ‘আমি এখন কারও বিরুদ্ধেই কোনো আইনি ব্যবস্থা নিতে যাব না। আমি এ জন্য কাউকে দোষীও করব না। সবই ভাগ্যের ব্যাপার। যা হওয়ার তা হয়ে গেছে। আমার আর কোনো অভিযোগ নেই।’আদালতের রায়ে নির্দোষ ঘোষিত হওয়ায় খুশি ভারতের অন্যতম সফল এই অধিনায়ক। ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের জন্য কিছু করারও ইচ্ছা প্রকাশ করেছেন আজহার। বলেছেন, ‘আমি ক্রিকেটকে কিছু দিতে চাই। আমি আমার ক্যারিয়ারজুড়ে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি, সেগুলো ভারতের তরুণ ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই।’— টাইমস অব ইন্ডিয়া