এমনিতেই চোট-জর্জরিত দল। বলাবলি হচ্ছে, নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে দুর্বল দল। পরশু আরেকটা বড় ধাক্কা। তৃতীয় ওয়ানডের মাঝামাঝি চোট পেলেন সফরে দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। তবু তৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে পারল কিউইরা। সফরে প্রথমবার যে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পেরেছে তারা!দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় ওয়ানডে জিতে জিইয়ে রেখেছে সিরিজের উত্তেজনাও। সেন্ট কিটসের ছোট্ট মাঠ, ব্যাটিং-স্বর্গ উইকেট আর ক্যারিবিয়ানদের ব্যাটিংশক্তি বিবেচনায় ৩০০ রানকে মনে করা হচ্ছিল লড়ার জন্য ন্যূনতম। অনভিজ্ঞ কিউই ব্যাটিং লাইনআপ তুলতে পেরেছিল মাত্র ২৪৯। কিন্তু উজ্জীবিত বোলিং-ফিল্ডিংয়ে এই ম্যাচটাও জিতে নিয়েছে ৮৮ রানের বড় ব্যবধানে। রুনাকো মর্টনকে স্মরণ করার ম্যাচে স্যামি-গেইলরা পারলেন না সাবেক সতীর্থকে জয় উপহার দিতে। এমন নিষ্প্রাণ উইকেটেও এক রব নিকোল ছাড়া বলার মতো রান পাননি আর কেউ। ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় নিকোলের ৫৯ রানের পরও তাই ১২৫ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। ষষ্ঠ উইকেটে নাথান ম্যাককালামের সঙ্গে ৬৬ রানের জুটির পর স্কুপ খেলতে গিয়ে ফিরে যান বড় ভরসা ওয়াটলিং। কিউইরা ২৪৯ পর্যন্ত যেতে পারে ম্যাককালামের চতুর্থ ওয়ানডে ফিফটির সৌজন্যে। আরও একবার ৪ উইকেট পেয়েছেন রাসেল, ২৫ ওয়ানডের ক্যারিয়ারেই পেলেন পাঁচবার!দুর্দান্ত ফর্মে থাকা গেইল (১১) ও স্মিথকে (১৯) এদিন আর দাঁড়াতে দেননি কিউই বোলাররা। গাপটিলের দুর্দান্ত ফিল্ডিংয়ে রানআউট স্যামুয়েলস (১১)। অসম্ভব এক তিন রান নিতে গিয়ে রানআউট ডোয়াইন ব্রাভোও (২)। ১০৩ রানে ৮ উইকেট হারিয়ে আরও বড় পরাজয়ের শঙ্কায় থাকা দলকে মান বাঁচানোর মতো রান এনে দিয়েছে নয় নম্বরে নেমে আন্দ্রে রাসেলের ঝড় (২৪ বলে ৪২*)। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি আগামীকাল, সেন্ট কিটসেই। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৪৯/৯ (নিকোল ৫৯, নাথান ম্যাককালাম ৫০, ওয়াটলিং ৪০, ফ্লিন ২৮; রাসেল ৪/৫৭, নারাইন ২/২৮)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৪.৩ ওভারে ১৬১ (রাসেল ৪২*, স্মিথ ১৯; ওরাম ২/২২, ম্যাককালাম ২/৪০, বোল্ট ২/৪৫)। ফল: নিউজিল্যান্ড ৮৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রব নিকোল।