স্বস্তির জয়ে শুরু মোহামেডানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিক-অফ হতে না-হতেই গোল! ম্যাচের বয়স তখন মাত্র ২২ সেকেন্ড। ব্রাদার্সের রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ। মোহামেডান স্ট্রাইকার বাসডেন উইলকক্সের আলতো টোকায় বল জালে। অনেকটা পড়ে পাওয়া চৌদ্দ আনার মতো এক গোল!ডাগ-আউটে দাঁড়িয়ে কাল কোচ হিসেবে মোহামেডানের এই গোল দেখলেন এমেকা ইউজিগো। ১৯৮৭ সালে মিরপুর স্টেডিয়ামে এই এমেকাই কিক-অফ থেকে সরাসরি শটে মাত্র ১০ সেকেন্ডে গোল করেছিলেন। মোহামেডানের জার্সি গায়ে আদমজীর বিপক্ষে ছিল সেই গোল। ওটাই বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দ্রুততম গোল হিসেবে স্বীকৃত।নেমেই গোল পাওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয় দিয়ে শুরু করার ব্যাপারে আশাবাদী হয়ে ওঠে মোহামেডান। ফেডারেশন কাপে তিন ম্যাচের প্রথমটি ড্র, পরের দুটি হার। এমেকার আনা নাইজেরিয়ান ফুটবলারদের বিদায় দেওয়ার তোড়জোড় শুরু করেও তাঁদেরই রাখতে হয়েছে বাফুফের অনুমতি না পাওয়ায়। লিগটা জয় দিয়ে শুরু করা গেল, এমেকাকে ঘিরে পড়ন্ত বিকেলের বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাই সমর্থকদের তুমুল উল্লাস।তবে ১-১ করার পর শেষ পর্যন্ত ২-১-এ হার ব্রাদার্সের জন্য হতাশাজনক। কোচ সৈয়দ নইমুদ্দিনকে ছাড়া লিগের প্রথম ম্যাচটা আরামবাগের বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ হার। কাল পর্যন্ত ভারত থেকে নইমুদ্দিন ফেরেননি। প্রথম দুটি লিগ ম্যাচই হেরে যাওয়া মানে ব্রাদার্সের অবনমনের শঙ্কা জাগল শুরুতেই। ব্রাদার্সের একদল কর্মকর্তা হঠাৎ কয়েক গুণ উৎসাহ নিয়ে মাঠে হাজির।প্রেসবক্সের নিচে তাঁরা সারাক্ষণ চিৎকার-চেঁচামেচি করে দলকে চাঙা রাখলেন। অনেক দিন পর দলও দুর্দান্ত খেলল। কিন্তু শেষ রক্ষা হয়নি ৮৪ মিনিটে গোল খেয়ে বসায়। পাল্টা-আক্রমণ থেকে মোহামেডানের বদলি ফরোয়ার্ড মোবারক মাঝমাঠ থেকে থ্রু পান। অফসাইড ফাঁদ এড়িয়ে দারুণ এক গোল করে দলকে জিতিয়ে দিয়েছেন ছোটখাটো গড়নের মোবারক। এর ঠিক আগে উইলকক্সের শট ব্রাদার্সের ক্রসবারে লেগে ফিরেছে, ২-১ হওয়ার পরপরই গোলরক্ষককে কাটিয়েও গোল করতে পারেননি মোহামেডানের প্রথম গোলদাতা।প্রথমার্ধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মোহামেডান গোলরক্ষক তিতুমীর চৌধুরী। অভিজ্ঞ রজনী দেয়াল না তুললে বড় বিপদই ছিল মোহামেডানের। তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার মতিউর মুন্নাও।ব্রাদার্সের ওলালেকান জসুয়া সারাক্ষণ মোহামেডান রক্ষণকে সন্ত্রস্তই রাখলেন। দলের জয় দেখতে উদ্গ্রীব কর্মকর্তাদের আনন্দে মাতিয়ে ৭২ মিনিটে বদলি স্ট্রাইকার মালেক ম্যাচে ফেরান ব্রাদার্সকে। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের পুড়তে হয়েছে হতাশায়।এমেকা দলটাকে খেলিয়েছেন ৩-৪-৩ ছকে। আগের দিন আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমিও এই ছকে খেলিয়েছেন তাঁর দলকে। আকাশি-নীলে অভিজ্ঞ এবং ভালো মানের খেলোয়াড় অনেক বেশি। কিন্তু মোহামেডানের তেমন খেলোয়াড় হাতেগোনা। তাই রক্ষণের ওপর চাপটা পড়েছে বেশি।তার পরও জয় দিয়ে লিগ শুরু। গত লিগে ষষ্ঠ হওয়া মোহামেডানের জন্য বড় স্বস্তির ব্যাপার তো এটাই।মোহামেডান: টিটু (হিমেল), রজনী, মোরসালিন, ডোমিনিক, ইসমাইল, মতিউর মুন্না, মনোয়ার (মোবারক), ওচেন্ডো, জোসেফ, উইলকক্স, ওয়াহেদ।ব্রাদার্স: উত্তম, নাহিদ, তারা, শিপন (সৈকত), অনীক (মালেক), ওলালেকান, কবির, জানকাসা, জামাল, স্যামসন, কিংসলে।