স্বস্তির জয়ে শুরু লঙ্কার

কলম্বোর সেই রাতটির পর বদলে গেছে অনেক কিছুই। পালাবদলের পালায় কত পরিবর্তন! দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ তার পরও ফিরে গেল দেড় বছর আগে। যেখানে শেষ সেখানেই শুরু। এবি ডি ভিলিয়ার্সের সেই মলিন মুখ!
প্রেমাদাসায় ভারতের কাছে শেষ ওভারে হেরে সেদিন শেষ হয়েছিল দক্ষিণ আফ্রিকার ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। কাল আরেকটি বিশ্বকাপ অভিযান শুরু হলো আবারও সেই শেষ ওভারে হেরে। গত বিশ্বকাপের প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স এখন আর টি-টোয়েন্টি দলের কান্ডারি নন। ফ্যাফ ডু প্লেসিসের চোটে কাল কাজ চালাতে এসে আরেকবার তবু শোনাতে হলো ‘এত কাছে তবু কত দূরের’ গল্প।
দক্ষিণ আফ্রিকার হারটা অপ্রত্যাশিত নয়। নিজেদের ‘আন্ডারডগ’ মেনেই এই বিশ্বকাপে এসেছেন ডি ভিলিয়ার্সরা। কিন্তু এই কাছে গিয়ে হারটাই হয়তো পোড়াবে বেশি। গ্রুপ ফেবারিটদের বাগে পেয়েও যে হারানো গেল না! ৫ রানের জয়ে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট শ্রীলঙ্কার শুরুটা হলো স্বস্তিতে। হারের শঙ্কা মুছে জয়টা এসেছে বলেই কিনা গ্রুপ পর্বের একটি ম্যাচ জয়ের আনন্দেই অধিনায়ক দিনেশ চান্ডিমাল বলে ফেললেন, ‘উই আর ওভার দ্য মুন—আমরা আনন্দে আত্মহারা!’
২২ জনের লড়াইটা শেষ দিকে পরিণত হয় দুজনের লড়াইয়ে। কুশল পেরেরার শুরুর ঝড় বা অ্যাঞ্জেলো ম্যাথুসের শেষ, ইমরান তাহিরে দুর্দান্ত বোলিং বা ডি কক-ডুমিনির ছোট ঝড়, কিংবা আগের সোয়া তিন ঘণ্টা, সব তখন ভুলে যাওয়া অতীত। ক্রিকেট ম্যাচ তখন ‘বক্সিং বাউট’, একদিকে ‘স্লিঙ্গা মালিঙ্গা’, আরেক দিকে ‘মিলার দ্য কিলার’। ১৮ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২৯। ৫ উইকেট হাতে নিয়ে এই সমীকরণ টি-টোয়েন্টিতে কঠিন কিছু নয়। মিলার ছন্দে থাকলে ওই রানটা করতে ১০-১২ বলই যথেষ্ট। কিন্তু ওই ১৮ বলের ১২টিই যে আবার মালিঙ্গার, স্লগ ওভারে যাঁর বলে রান করা ক্রিকেটের সবচেয়ে দুরূহ কাজগুলোর একটি! মালিঙ্গাকে তবু অনায়াসে খেলে ১৮তম ওভারে ১০ রান নিয়ে মিলার পেন্ডুলামকে টানলেন নিজেদের দিকে। অপ্রত্যাশিতভাবেই তখন দৃশ্যপটে আবির্ভাব নুয়ান কুলাসেকারার। ওভারে রান দিলেন মাত্র ৪! শেষ দুই বলে রান না দিয়ে তো উইকেট নেওয়ার উদ্যাপনও করলেন! পেন্ডুলাম তখন প্রান্ত বদলেছে। মালিঙ্গার শেষ ওভারে ১৫ রান নিয়ে জেতা তো ৮০ বছরের বৃদ্ধের এভারেস্ট জয়ের মতোই ব্যাপার! প্রথম তিন বলেই রান নেই, রানের জন্য দিশাহারা দৌড়ে রানআউট দুজন। শেষ বলে ইমরান তাহিরের ছক্কার পরও তাই ব্যবধান ৫!
শেষটার মতো দুই দলের ব্যবধান বলতে পারেন ম্যাচের প্রথম ওভারও। চোটশঙ্কা কাটিয়ে ডেল স্টেইন ফিরলেন দক্ষিণ আফ্রিকার আশা হয়ে। কিন্তু প্রতিপক্ষের মূল অস্ত্রকে তুলাধোনা করে নিজেদের ছাপটা রাখতে চাইল যেন লঙ্কানরা। ‘স্টেইনগানের’ প্রথম ওভারেই ১৭ রান! দুটি চার ও একটি ছক্কায় ১৫ রানই কুশল পেরেরার। ওভারের শেষ বলে দিলশানকে বোল্ড করে স্টেইন ফিরলেন বটে, ততক্ষণে ছন্দ পেয়ে গেছেন পেরেরা। সনাৎ জয়াসুরিয়ার সঙ্গে বারবার তুলনায় বিব্রত হন, কিন্তু কালও একেকটি শটে বারবার মনে করিয়ে দিয়েছেন ‘মাতারা হারিকেন’কে। ‘বিগ থ্রি’ দিলশান-সাঙ্গাকারা-জয়াবর্ধনে মিলে এদিন করেছেন ২৮ বলে ২৩, পেরেরার ৪০ বলে ৬১ রান লঙ্কান ইনিংসকে জোগাল অক্সিজেন। পরে ম্যাথুস (৩২ বলে ৪৩) রানটাকে নিয়ে গেলেন ১৬০ ছাড়িয়ে।
ডি কক-ডুমিনিরা হুমকি হয়ে ওঠার চেষ্টা করেছেন। অজন্তা মেন্ডিসকে টানা দুই ছক্কায় কাঁপিয়েছিলেন অ্যালবি মরকেল। কিন্তু প্রয়োজনের সময় ঠিকই উইকেট পেয়ে গেছে লঙ্কানরা। আর শেষটার জন্য তো মালিঙ্গা ছিলেনই!
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৭
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬০/৮
ফল: শ্রীলঙ্কা ৫ রানে জয়ী
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৭ (কুশল ৬১, দিলশান ০, জয়াবর্ধনে ৯, সাঙ্গাকারা ১৪, ম্যাথুস ৪৩, চান্ডিমাল ১২, থিসারা ৮, কুলাসেকারা ৭*, সেনানায়েকে ১*; স্টেইন ২/৩৭, সতসোবে ০/৩১, মরনে মরকেল ২/৩১, ডুমিনি ০/১৩, অ্যালবি মরকেল ০/২৪, তাহির ৩/২৬)। দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬০/৮ (ডি কক ২৫, আমলা ২৩, ডুমিনি ৩৯, ডি ভিলিয়ার্স ২৪, মিলার ১৯, অ্যালবি মরকেল ১২, বেহারডিয়েন ৫, স্টেইন ০, মরনে মরকেল ০*, তাহির ৮*; কুলাসেকারা ১/২৩, ম্যাথুস ১/২১, সেনানায়েকে ২/২২, মালিঙ্গা ১/২৯, থিসারা ০/১৮, মেন্ডিস ১/৪৪)।
ফল: শ্রীলঙ্কা ৫ রানে জয়।
ম্যান অব দ্য ম্যাচ: কুশল পেরেরা (শ্রীলঙ্কা)।