স্বস্তির নাম মুশফিকুর-শাহরিয়ার
প্রথম ওয়ানডে শেষে জানা গিয়েছিল, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে পরে ব্যাট করা কঠিন। আর কাল টসে জিতে সাকিব আল হাসানের আগে ব্যাটিং নেওয়ার সুবাদে সবাই জানল, দ্বিতীয় ওয়ানডেতে ওই একই মাঠের উইকেটেই পরে ব্যাট করাটা জলবৎ তরলং, অন্তত শেন ওয়াটসনের জন্য অবশ্যই। ওয়াটসন যা চান, তাই হয় এখানে। ২২৯ রানের লক্ষ্য তাড়া করে ৯ উইকেটে ম্যাচ জিতিয়ে দিতে পারেন ২৬ ওভারেই।অস্ট্রেলিয়ার সিরিজ জয় নিশ্চিত করা ম্যাচটা শেষ পর্যন্ত ওয়াটসনের ‘ওয়ান ম্যান শো।’ তবে তার আগ পর্যন্ত সিরিজের দ্বিতীয় ওয়ানডে থেকে বাংলাদেশও কি কম পেল? ৮৮ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরও স্কোর বোর্ডে ৭ উইকেটে ২২৯ রান। শাহরিয়ারের নাফীসের ফিফটিতে ব্যাটিং-অর্ডারের তিন নম্বর জায়গা নিয়ে দুশ্চিন্তা কিছুটা কমে যাওয়া, মুশফিকুর রহিমের সাত ম্যাচ পর পাওয়া ফিফটি কিংবা ব্যাটিং পাওয়ার প্লেতে ৫৯ রান—এক ওয়াটসনের কাছেই হেরে যাওয়া ম্যাচেও স্বস্তির বুদ্বুদ্ তুলছে এসব।বিশ্বকাপের ৫৮ আর ৭৮-এর শঙ্কা অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটাকে করে দিয়েছিল জবুথবু। সাকিব আল হাসানের আশা ছিল কালকের ম্যাচ দিয়ে বের হয়ে আসবেন সেই বৃত্ত থেকে। কিন্তু শুরুটা এমনই ভয়াবহ হলো যে বাজছিল আরেকটি ব্যাটিং-লজ্জার ঘণ্টা। মিচেল জনসনের বলে তামিম ইকবালের স্লিপে ক্যাচ দেওয়া দিয়ে শুরু। বিশ্বকাপে নায়ক হয়ে ওঠা ইমরুল কায়েসও পুল করতে গিয়ে আকাশে বল তুলে দিয়ে ওয়াটসনের ক্যাচ। পরের ওভারেই রকিবুল বলের লাইন মিস করে বোল্ড হয়ে গেলে শাহরিয়ার নাফীসের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। ওয়ান ডাউনে আস্থার প্রতীক হতে একটা ভালো ইনিংসের প্রত্যাশা ছিল তাঁর কাছে। সাকিব ও মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে সেই প্রত্যাশা তিনি কিছুটা মেটালেন। কিন্তু কারও সঙ্গে জুটি জমল না। সাকিবের সঙ্গে ৩৭ আর মুশফিকুর রহিমের সঙ্গে ২৩ রানের দুটি জুটি বিপর্যয় থেকে বের করতে পারেনি বাংলাদেশকে।শেষ পর্যন্ত যেটা পেরেছেন মুশফিকুর। গত বছর ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ রানের ইনিংসটির পর গত সাত ম্যাচে করেছেন ৮৭ রান। ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্স হারিয়ে যাচ্ছিল আন্তর্জাতিক ক্রিকেটের বড় আঙিনায়। সেই মুশফিকুর অবশেষে শুধু জ্বলেই উঠলেন না, বিপদে কান্ডারি হলেন দলের। ৮৮ রানে ৫ উইকেট থেকে মাহমুদউল্লাহর সঙ্গে তাঁর ৭৯ রানের ষষ্ঠ উইকেট জুটি টেনে তুলল বাংলাদেশকে।৮০ বলে মুশফিকুরের অপরাজিত ৮১ রানের ইনিংসের হাইলাইটস বলতে পারেন শেষ পাওয়ার প্লের ব্যাটিংটাকে। ৪৬ থেকে ৫০—এই পাঁঁচ ওভারেই বাংলাদেশের স্কোর বোর্ডে জমা হয়েছে ৫৯ রান। মুশফিকুরের ব্যাট ওই সময় এতটাই দাপুটে ছিল যে ৫৯-এর মধ্যে তাঁর একারই ৩৩! ব্রেট লির করা ইনিংসের ৪৯তম ওভারের চতুর্থ বলে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে তুলে চার। পরের বলে মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা। শেষ বলে গ্লান্স করে আবার চার—শেরেবাংলা স্টেডিয়ামের প্রায় ফাঁকা গ্যালারিতেও আনন্দের ঢেউ তুলল এই ব্যাটিং।শেষ পর্যন্ত যা ক্ষণস্থায়ী। শেন ওয়াটসন এসেই যেভাবে ব্যাট চালাতে শুরু করলেন তাতে শেষ পর্যন্ত ম্যাচটা একপেশেই হলো। শফিউল ইসলামের প্রথম ওভারেই তিন বাউন্ডারিসহ ১৪ রান! সেই যে শুরু করলেন, ১৮৫ রানে অপরাজিত ওয়াটসন থামলেন ম্যাচ জিতিয়ে। মাঝখানে ওয়াটসন-রিকি পন্টিংয়ের ১৭০ রানের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে হয়ে গেছে একটার পর একটা রেকর্ড। অস্ট্রেলিয়ার ২৬ ওভারে করা ২৩২ রানের মধ্যে বাংলাদেশ বোলারদের একমাত্র সাফল্য হয়ে থাকল সাকিবের নেওয়া ওপেনার ব্র্যাড হাডিনের উইকেটটা।৫৮ ও ৭৮-এর ধাক্কার পর শেন ওয়াটসনের তাণ্ডব। আগামীকাল শেষ ম্যাচে না আবার এটাই নতুন আতঙ্ক হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য!