স্বহস্তে সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম লেকার ও অনিল কুম্বলে—দুজনের নাম পাশাপাশি দেখলেই মানদণ্ডটা বুঝে যাওয়ার কথা। টেস্ট ইতিহাসে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব কেবল এই দুই স্পিনারেরই। এর আগের ইনিংসেই ৯ উইকেট নিয়েছিলেন লেকার। টেস্টে নিখুঁত হওয়ার এতটা কাছাকাছি গেছেন আরও ১৪ জন। এঁদের দুজন আবার নিজের সর্বনাশ করেছেন নিজের হাতেই। স্কোরবোর্ডে নাম তাঁদের ১০ বারই উঠেছে, কিন্তু একবার ফিল্ডার হিসেবে! ১৯৫৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের শেষ ইনিংসে প্রথম উইকেট দুটি নেন হিউ টায়ফিল্ড, এরপর ট্রেভর গডার্ডের বলে নেন ডগ ইনসোলের ক্যাচ। পরের সাতটি উইকেটই তাঁর, ১১৩ রানে ৯ উইকেট! রিচার্ড হ্যাডলি নিজের সর্বনাশ করেছেন আরও কাছাকাছি গিয়ে। ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে টানা ৮টি উইকেট নেওয়ার পর ভন ব্রাউনের বলে ক্যাচ নেন জিওফ লসনের। আবার ব্রাউন ক্যাচ নেওয়াতেই শেষ উইকেটটি পান হ্যাডলি—৫২ রানে ৯ উইকেট! ওটাই ছিল ব্রাউনের একমাত্র উইকেট!