স্বাগত জানাচ্ছে আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রাতটা নির্ঘুম কেটেছে ১৫৮১ জন নৃত্যশিল্পীর। কোনো অঘটনের অপেক্ষায় নয়; উত্তেজনায়। কজন শিল্পীর ভাগ্য হয় বিশ্বকাপের মঞ্চে নিজের প্রতিভা দেখানোর! আজ জোহানেসবার্গের স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টা) সকার সিটি স্টেডিয়ামে নেচে-গেয়ে ওরাই জানান দেবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর শুভ উদ্বোধন। নৃত্যশিল্পীদের একজন হেমালি খুশাল খুশিতে উদ্বেল, ‘পাঁচ সপ্তাহ ধরে টানা অনুশীলন করছি। দিনটির জন্য আমরা পুরোপুরি তৈরি। মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিতে অপেক্ষা আর বাঁধ মানছে না।’সেপ ব্ল্যাটার আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার নাম ঘোষণা করতে গিয়ে বলেছিলেন, ‘নেলসন ম্যান্ডেলা হচ্ছেন সেই মানুষ, যাঁর জন্য দক্ষিণ আফ্রিকা ২০১০ বিশ্বকাপের আয়োজক।’ সেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যান্ডেলা না থাকলে হয়! হয় না। অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ম্যান্ডেলার পরিবার জানিয়েছে, মাঠে থাকবেন ৯১ বছর বয়সী কালো মানুষের এই মুক্তির দূত।৪০ মিনিটের জমকালো অনুষ্ঠান শুরু হবে জোলানি খিবার প্রার্থনাসংগীত দিয়ে। ‘এর পরপরই সাত মিনিটের মাথায় থাকবে অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক। যাঁরা ভাবছেন চমকটা নেলসন ম্যান্ডেলা, তাঁদের হতাশ করে বলছি, চমকটা আরও বড় কিছু’—আশার বাণী শুনিয়েছেন কর্মকর্তা ডেরেক কারস্টেন। সরাসরি সেই চমক দেখতে দর্শকদের দুইটার আগেই গ্যালারিতে বসার পরামর্শও দিয়েছেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল সিম্ফিউয়ি নেেসবেরও। কিন্তু সপ্তাহ দুয়েক আগে মেনিনজাইটিসে ভুগে মারা গেছেন এই শিল্পী। না থেকেও থাকছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাঠে সুর তুলবেন টিমোথি মলই। প্রেসিডেন্ট জ্যাকব জুমার সংস্কৃতিমন্ত্রী লুলু জিংগোয়ানা জানিয়েছেন, বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এবার বিশ্বকাপের ছয় আফ্রিকান দেশ—দক্ষিণ আফ্রিকা, আইভরিকোস্ট, নাইজেরিয়া, ঘানা ও ক্যামেরুনকে নিয়ে একটি সমবেত পরিবেশনা। উঠে আসবে আফ্রিকার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। গান গাইবেন নাইজেরিয়ার ফেমি কুটি, আলজেরিয়ার খালেদ, ঘানার ব্যান্ড ওসিবিসা, আমেরিকার রবার্ট কেলি, দক্ষিণ আফ্রিকার থান্ডিস্যা মাজওয়াই এবং হিপহপ গায়ক পান্টসুলারের মতো শিল্পীরা।পৃথিবীর প্রতিটি মানুষের ভেতরেই আফ্রিকা আছে। সবকিছুর শুরু এই আফ্রিকা থেকেই—এই বিশ্বাস থেকেই আয়োজকেরা উদ্বোধনী অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘ওয়েলকামিং দ্য ওয়ার্ল্ড হোম’ বা ‘বিশ্বকে তার আপনালয়ে স্বাগতম’। বিশ্বকে তার নিজ ঘরে অভ্যর্থনা জানাতে কী পসরা নিয়ে বসেছে দক্ষিণ আফ্রিকা? তা দেখতে আজ ৫০ কোটি দর্শক উন্মুখ হয়ে থাকবে টিভি পর্দার সামনে। আপনিও নিশ্চয়ই তাদের একজন?