স্বাগত প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
খাবারের মেন্যু থেকে শুরু করে অনুষ্ঠানের মঞ্চ, সবখানেই ক্রিকেট! কোনো খাবারের নাম টস, কোনো খাবারের নাম পিঞ্চ হিটার কিংবা নাইটওয়াচম্যান। মঞ্চে বিশালাকৃতির সাদা বলটাও ঘোষণা করছে, এখানে ক্রিকেটটাই আসল উপলক্ষ।পরশু সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে অনুষ্ঠানটি ছিল প্রাইম ব্যাংকের। কিন্তু ব্যাংকের অনুষ্ঠান এমন ক্রিকেটময় কেন? কারণ, প্রাইম ব্যাংক এখন ক্রিকেটেরও অংশ। গত বছর প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্লাব ওল্ড ডিওএইচএসের স্বত্ব কিনে নিয়েছে তারা। আগামী মৌসুম থেকে এই ক্লাবের নামও হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ক্রিকেটাঙ্গনের মানুষদের মিলনমেলা ঘটিয়ে পরশু আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাটাই দিয়েছে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ। তবে ঘোষণার অনেক আগেই দেশের ক্রিকেটপ্রেমীরা জেনে গেছেন ক্রিকেটে প্রাইম ব্যাংকের উপস্থিতি। জানিয়ে দিয়েছে, প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের (বর্তমান ওল্ড ডিওএইচএস) পারফরম্যান্সই। এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তারাই পয়েন্ট তালিকার শীর্ষে। দেশের চলমান ক্লাব-সংস্কৃতির বাইরে গিয়ে প্রাইম ব্যাংক যে ভিন্ন কিছু করতে চাচ্ছে, সেটা বোঝা গেছে শুরু থেকেই। খেলোয়াড়দের পোশাক-আশাক, যাতায়াতের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বাস, উত্তরায় মানসম্মত আবাসন, অনুশীলনসহ সব বিষয়ে সর্বোচ্চ সুযোগ-সুবিধা এবং খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা দিয়ে এ ক্লাবটি এরই মধ্যে ঢাকার ক্রিকেটে ব্যতিক্রমী চেহারা নিয়ে আবির্ভূত হয়েছে। ক্লাবের কোচ খালেদ মাহমুদের চোখে যেটা নাকি পূর্ণ পেশাদারিত্বের লক্ষণ, ‘শুরু থেকেই তাদের সবকিছু গোছানো। ভালো ফলাফলের জন্য দলের যা যা প্রয়োজন, সবই করছে কর্তৃপক্ষ। আমরা খেলোয়াড়দের অনুশীলন বা খেলার বাইরে হোটেল থেকে মাঠে আসার জন্যও আলাদা পোশাক দিয়েছি। তাদের স্বস্তির কথা ভেবে এসি বাস দেওয়া হয়েছে। মোট কথা, ভালো খেলার জন্য খেলোয়াড়দের নির্ভার রাখতে যা যা করা দরকার, সবই করা হচ্ছে। বাংলাদেশে এ ধরনের সুযোগ-সুবিধা আপনি একমাত্র জাতীয় দলেই দেখবেন।’ক্রিকেটে প্রাইম ব্যাংকের এগিয়ে আসাকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। শুনিয়েছেন একটা সুখবরও। এখন থেকে ক্রিকেটে অর্থ বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থের ওপর আয়কর ছাড় পাবে ব্যাংকগুলো। আগামীবার থেকে এই ছাড় ৪০ শতাংশ হবে বলেও আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি।অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের রূপকার ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরী ও ব্যাংকের অন্য কর্মকর্তারা।