১৯৩০ প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলেছে মেক্সিকো। আর ফুটবল মহাযজ্ঞের প্রথম ম্যাচেই খেলতে নামার স্বাদ কেমন—সেটি এই প্রথম পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেটিও স্বাগতিক হওয়ার সুবাদে। দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকো—আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটাও ‘অভিজ্ঞতার সঙ্গে অনভিজ্ঞতা’র লড়াই-ই যেন।বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে অনাকর্ষণীয় উদ্বোধনী ম্যাচও কি এটিই? ইতিহাস তুলে দিচ্ছে এই প্রশ্ন। ১৯৭০-এ মেক্সিকো-সোভিয়েত ইউনিয়ন ম্যাচ ছাড়া বিশ্বকাপের বাকি উদ্বোধনী ম্যাচগুলোতে কোনো না কোনো পরাশক্তি ছিলই। ৪০ বছর পেছনেই আজ ফিরে যাচ্ছে বিশ্বকাপ!তা হোক, বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকার জন্য এটি মহা ধুমধামের ম্যাচই! ঘরের মাঠে বিশ্বকাপ, কাল রাতে হয়ে গেল জমজমাট ‘কিক অফ কনসার্ট’। আজ তো গোটা দেশই তাকিয়ে তাদের ফুটবল দলের দিকে। যে দলটি তাদের আগের দুটি বিশ্বকাপে (১৯৯৮, ২০০২) ৬ ম্যাচে জিতেছে মাত্র একটিই, হেরেছে তিনটি। বাকি দুটো ড্র। খুব বেশি চাওয়া থাকার কথা নয় দক্ষিণ আফ্রিকার। কিন্তু স্বাগতিক বলেই যত স্বপ্ন!আজ শুধু দ্বিতীয় জয় নয়, বিশ্বকাপ জয়েরই অভিযান শুরু করতে হবে দক্ষিণ আফ্রিকাকে! বিশ্বকাপ জয়? যে দেশটি দ্বিতীয় রাউন্ডে উঠে কি না, এটা নিয়ে এত দীর্ঘ আলোচনার পর হুট করে এক লাফে শিরোপার স্বপ্ন? হ্যাঁ, এই স্বপ্নই এখন দেখছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা!প্রেসিডেন্ট বললেই তো আর হলো না, তিনি তো আর মুসোলিনির মতো ক্ষমতাধরও নন। দক্ষিণ আফ্রিকাকে প্রথম রাউন্ড থেকেই বিদায়ের খাতায় ধরে রেখেছেন অনেকেই। সেটি যেন না হয়, সেই মিশনটাই সামনে রেখে আজ মাঠে নামছে কার্লোস আলবার্তো পাহেইরার দল। দল শেষ পর্যন্ত যা-ই করুক, আজই একটা রেকর্ড করে ফেলবেন এই ব্রাজিলিয়ান কোচ। বোরা মিলুটিনোভিচকে ছাপিয়ে রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপের কোচ হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড।দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেকটাই এগিয়ে মেক্সিকো। সাম্প্রতিক সময়টাও তাদের ভালো যাচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে ৩ জুন প্রস্তুতি ম্যাচে হারিয়ে দিয়েছে ২-১ গোলে। আগের ম্যাচে জাম্বিয়াকে হারিয়েছে ৫-১ ব্যবধানে। বিশ্বকাপের দুই দল আজই প্রথম ম্যাচে মুখোমুখি হলেও তিনবার খেলেছে আগে। তাতেও এগিয়ে মেক্সিকো। তাদের জয় দুটি। দক্ষিণ আফ্রিকা জিতেছে একটি ম্যাচ।বড় সাফল্য নেই, তবু বিশ্বকাপের অতিপরিচিত নাম মেক্সিকো। এটি তাদের ১৪তম বিশ্বকাপ। ৪৫টি ম্যাচ খেলে জয় ১১টি। একটা বাজে রেকর্ড অবশ্য উত্তর আমেরিকান এই দেশটির সঙ্গী—বিশ্বকাপে সবচেয়ে বেশি ২২ পরাজয় তাদেরই ললাটে!তবে জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়াম তো বটেই, আজ পুরো দেশের সমর্থন থাকবে ‘বাফানা বাফানা’দের পেছনে। বিশ্বকাপ কখনোই স্বাগতিকদের হতাশ করে না। অন্তত বিব্রত লজ্জায় ফেলে না। সেই দায় তো ইতিহাসের আছেই।চোখ রাখুনকাটলেগো এমফেলাজাতীয় দলে অভিষেক বছর পাঁচেক আগে কিন্তু জায়গা পাকা করতে পেরেছেন বছরখানেক ধরে। একসময়ের প্রতিশ্রুতিশীল ফুটবলার কাটলেগো এমফেলা এখন অনেকটাই পরিণত, দলের মূল স্ট্রাইকার। পাঁচটি প্রস্তুতি ম্যাচে করেছেন ছয় গোল। আজও গোলের জন্য দক্ষিণ আফ্রিকাকে তাকিয়ে থাকতে হবে এই ২৫ বছর বয়সীর দিকে।রাফায়েল মার্কেজখুব বেশি দিন হয়নি, বিশ্বসেরা ডিফেন্ডারদের সারিতেই থাকত তাঁর নাম। ইনজুরি জন্য বার্সেলোনার সেরা একাদশে জায়গা হারিয়েছেন, কিন্তু রাফায়েল মার্কেজ ছাড়া মেক্সিকো দল এখনো ভাবাই যায় না। একজন আদর্শ ডিফেন্ডারের সবকিছু আছেই তাঁর। আরেকটি বড় গুণ ডিফেন্স থেকে নিখুঁত দূরপাল্লার পাস, যা আচমকাই ঘুরিয়ে দেয় খেলার মোড়।