স্বাগতিক হও তবে ফেবারিট নয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যাশার চাপ সামলে এবার ব্রাজিল কি পারবে ১৯৭৪-এর পশ্চিম জার্মানির মতো আরেকটি দৃষ্টান্ত গড়তে? ছবি: এএফপি
প্রত্যাশার চাপ সামলে এবার ব্রাজিল কি পারবে ১৯৭৪-এর পশ্চিম জার্মানির মতো আরেকটি দৃষ্টান্ত গড়তে? ছবি: এএফপি

বিশ্বকাপে প্রতিটি আয়োজক দলেরই পারফরম্যান্স থাকে অসাধারণ—সে যে যত দুর্বল দলই হোক না কেন। যদি আয়োজক হয় ‘পরাশক্তি’, তাহলে তো কথাই নেই! স্বাভাবিকভাবেই আয়োজককে তখন ধরা হয় ‘হট ফেবারিট’ হিসেবে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও এবার হট ফেবারিট। কিন্তু ইতিহাস বলছে আয়োজক দেশ হট ফেবারিট হলেই সব সময় বিশ্বকাপ জেতে না।
স্বাগতিক হিসেবে বিশ্বকাপ জেতার প্রথম উদাহরণ উরুগুয়ে। তবে প্রথম বিশ্বকাপে ইউরোপের শক্তিশালী দেশগুলোর অনুপস্থিতি উরুগুয়েকে অনেকটাই সাহায্য করেছিল। সেবার লাতিন আমেরিকাকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দেওয়ায় গোসসা করে উরুগুয়ে খেলতে আসেনি ইউরোপের অনেক দেশই। ১৯৩৪ বিশ্বকাপে অবশ্য স্বাগতিক ইতালি শিরোপা জিতলেও আগেরবার ইউরোপের অবজ্ঞার পাল্টা জবাবে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা।
স্বাগতিক হট ফেবারিট হলেও বিশ্বকাপ জেতে না—এর উপযুক্ত দৃষ্টান্ত ১৯৫০ বিশ্বকাপ। ওই বিশ্বকাপের অলিখিত ফাইনালে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে ২-১ গোলের পরাজয় ব্রাজিলিয়ানদের বুকে আজও শেলের মতো বিঁধে। যা ‘মারাকানাজো’ (মারাকানা বিপর্যয়) নামেই পরিচিতি।
১৯৯০ বিশ্বকাপে আয়োজক হট ফেবারিট ইতালিকে সেমি থেকেই বিদায় করে দিয়েছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাকে হারিয়েই বিশ্বকাপ জিতে নেয় পশ্চিম জার্মানি। ১৬ বছর পর, ২০০৬ সালে ঘটল ঠিক উল্টো ঘটনা। জার্মানিকে সেমিতে বধ করে ফাইনালে উঠে শিরোপা জিতে নেয় ইতালি।
স্বাগতিক ও হট ফেবারিট হিসেবে বিশ্বকাপ জেতার রেকর্ড যে একেবারেই নেই, তা নয়। ১৯৭৪ সালে স্বাগতিক পশ্চিম জার্মানি নিজেদের হট ফেবারিট মর্যাদা রেখেছিল ফাইনালে আরেক ফেবারিট হল্যান্ডকে হারিয়ে। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পশ্চিম জার্মানি এই ব্যতিক্রম তৈরি করার পর হট ফেবারিট আর কোনো স্বাগতিক দলই বিশ্বকাপ জিততে পারেনি।
অনেকেই বলতে পারেন, ইংল্যান্ড, ফ্রান্স ও আর্জেন্টিনার পরাশক্তিগুলো বিশ্বকাপ জিতেছে কিন্তু দেশের মাটিতেই। হ্যাঁ, ইংল্যান্ড ও ফ্রান্সের একমাত্র বিশ্বকাপ শিরোপা দেশের মাটিতেই এসেছে, কিন্তু ১৯৬৬ সালে ইংলিশরা আর ১৯৯৮ সালে ফরাসিরা সে অর্থে ফেবারিট ছিল কি না, তা নিয়ে বিতর্ক হতেই পারে। ১৯৭৮ সালে ঘরের মাঠে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ শিরোপাটাও এসেছিল ‘ডার্ক হর্স’ হিসেবেই।
এখন কথা হলো, আয়োজক দেশ কেন হট ফেবারিট হয়েও বিশ্বকাপ জেতে না? চেনা মাঠে, চেনা পরিবেশে, নিজেদের সমর্থকদের সামনে কেন শিরোপা জয় কঠিন হয়ে পড়ে? এ ক্ষেত্রে যৌক্তিক কারণ হতে পারে—চাপ। প্রতিপক্ষের তুলনায় দেশের মানুষের বিপুল প্রত্যাশার চাপটাই বিরাট দেওয়াল হয়ে দাঁড়ায় স্বাগতিক দলের। পেছনের অনেক বিশ্বকাপে সে চাপের দেওয়াল টপকাতে পারেনি ব্রাজিল, ইতালি, জার্মানির মতো বড় বড় দল। এবার ব্রাজিল কি পারবে ১৯৭৪-এর পশ্চিম জার্মানির মতো আরেকটি দৃষ্টান্ত গড়তে?