স্বাধীন বাংলা দলকে বাফুফের মনোনয়ন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদকের জন্য বাফুফের কাছে একটা মনোনয়ন চেয়েছে সরকার। বাফুফেকে জাতীয় ক্রীড়া পরিষদ চিঠি পাঠিয়ে গত বৃহস্পতিবারের মধ্যে মনোনয়ন দিতে বলেছিল। কিন্তু সময় অল্প থাকায় বাফুফে মনোনয়ন চূড়ান্ত করতে পারেনি। মনোনয়ন চূড়ান্ত করতে আজ বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।
জানা গেছে, একাত্তরের স্বাধীনতাযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরোচিত ভূমিকার জন্য দলটিকে ২০১৪ সালের স্বাধীনতা পদকের জন্য মনোনয়ন দিতে চান বাফুফের শীর্ষ দু-একজন কর্মকর্তা। আজকের সভায় সেটিই অনুমোদন করিয়ে নেওয়ার পরিকল্পনা তাঁদের। তবে শেষ পর্যন্ত অনুমোদন হবে কি না বলা কঠিন। কারণ বাফুফের ভেতরে কারও কারও ভিন্নমত আছে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানালেন, ‘আমি স্বাধীন বাংলা দলের নাম প্রস্তাব করব। বোর্ড সেটা অনুমোদন করলে ভালো, নইলে অন্য নামও আসতে পারে। কোনো নাম অনুমোদন না হলে হয়তো আমরা নামই পাঠাব না।’
সালাউদ্দিন নিজে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। স্বাধীনতা পুরস্কার পাওয়া ১১ জন গর্বিত ক্রীড়াবিদের একজন তিনি, ১৯৯৬ সালে পেয়েছেন ওই পুরস্কার। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু (১৯৯৫) ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের হাতেও উঠেছে এই পুরস্কার (১৯৮৯)।
এ ছাড়া স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আব্বাস মীর্জা (১৯৮১), মোশাররফ হোসেন (১৯৮৬), শাহ আলম (১৯৯১), কাজী আবদুল আলীম (১৯৯৩), আতিকুর রহমান (১৯৯৪), শেখ কামাল (১৯৯৮), ব্রজেন দাস (১৯৯৯), সুলতানা কামাল (১৯৯৯)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (২০০১) ও বাংলাদেশ আনসার-ভিডিপি পেয়েছে স্বাধীনতা পুরস্কার (২০০৩)।