স্বাধীন বাংলা ফুটবল দল, ইরানের 'বিশ্বকাপ জয়', ম্যান্ডেলার ভাষণ
খেলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়—এমন আপ্তবাক্য অনেকেই বলেন। কিন্তু সত্যি সত্যিই কি খেলাকে রাজনীতি থেকে আলাদা করা সম্ভব? অতীতের ইতিহাস তো তেমন বার্তা দিচ্ছে না। খেলার সঙ্গে বারবারই রাজনীতি মিশেছে। রাজনীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে খেলার পরিবেশ। আবার উল্টো দিকটাও আছে, খেলা দিয়েই রাজনীতিকে বশে আনা হয়েছে, খেলার শক্তির কাছে হার মেনেছে রাজনৈতিক বিভেদ, দ্বন্দ্ব অনেক কিছুই। খেলা যেমন রাজনীতির শিকার হয়েছে, ঠিক তেমনি খেলা চ্যালেঞ্জ জানিয়েছে রাজনীতিকেও। খেলা সাধারণ মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে সব সময়ই। খেলাই আবার দুটি বৈরি দেশের সম্পর্ক উন্নয়নে কাজে লেগেছে। খেলা যেহেতু পৃথিবীর বিপুল সংখ্যক মানুষ উপভোগ করেন, তাই বিভিন্ন খেলাকে রাজনীতির মঞ্চ বানানোর আগ্রহ থাকে সব পক্ষেরই। খেলা কিন্তু দিনের শেষে কেবল মাঠেই সীমাবদ্ধ থাকে না। রাজনৈতিক ও সামাজিক ব্যাপারগুলো এটিকে করে তোলে নিছক বিনোদন দানের উপাদানের চেয়েও বড় কিছু। বিশ্ব ক্রীড়ার ইতিহাস ঘেঁটে পাওয়া এমন কয়েকটি ঘটনা যেকোনো পাঠককেই রোমাঞ্চিত করতে পারে

হিটলারের ডেরায় প্রতিবাদ
১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক ছিল হিটালারের ফ্যাসিবাদী উস্কানিতে ভরপুর। কিন্তু এই অলিম্পিকেও ক্রীড়াবিদেরা প্রতিবাদ করেছেন নীরবে–নিভৃতে। ব্রড জাম্পের একটি ইভেন্টে যুক্তরাষ্ট্রের সোনাজয়ী জেসে ওয়েনস হিটলারের নাজি স্যালুটকে প্রত্যাখ্যান করেছিলেন দারুণভাবে। পোডিয়ামে দাঁড়িয়ে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের সময় তাঁর দেশের পতাকাকে স্বাভাবিক কায়দায় স্যালুট জানিয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির মিত্রশক্তি জাপানের অ্যাথলেট জাজিমাও সেদিন নাজি স্যালুট এড়িয়ে গিয়েছিলেন। তবে রুপাজয়ী জার্মানির লুতজ লং স্বাভাবিকভাবেই হিটলারি স্যালুট এড়াতে পারেননি। ছবিতে দেখা যাচ্ছে সেই মুহূর্তটা পদক বিতরণের পর সব কর্মকর্তারা নাজি স্টাইলে স্যালুট দিচ্ছেন। কিন্তু নির্বিকার জেসে ওয়েনস ও জাজিমা। ওয়েনস হিটলারের জাত্যাভিমানকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন একাধিক সোনা জিতে। তিনি তিনটি নতুন বিশ্ব রেকর্ড নিজের করেছিলেন। নয়টি অলিম্পিক রেকর্ড নিজে গড়েছিলেন অথবা তাতে ব্র্যাকেটবন্দী হয়েছিলেন। তাঁর সাফল্য ছিল হিটলারের জন্য রীতিমতো বিব্রতকর। কারণ বার্লিন অলিম্পিককে তিনি জার্মান শক্তির প্রদর্শনী হিসেবে নিয়েছিলেন।

অধিকারের দাবিতে হাতে কালো গ্লাভস
১৯৬৮ সালে মেক্সিকো অলিম্পিকে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দুই অ্যাথলেট টমি স্মিথ ও জন কার্লোস। তাঁরা ২০০ মিটার স্প্রিন্টে যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ জিতেছিলেন। পোডিয়ামে দাঁড়িয়ে এই দুই কৃষ্ণাঙ্গ অ্যাথলেট হাতে কালো হাতমোজা পরে দিয়েছিলেন 'ব্ল্যাক পাওয়ার স্যালুট'। যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার নিয়ে আন্দোলন তখন তুঙ্গে। এই দুই অ্যাথলেট সেটির সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই এমনটি করেছিলেন। যুক্তরাষ্ট্র অলিম্পিক দল অবশ্য ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নেয়নি। প্রায় সঙ্গে সঙ্গেই তাদের দেশে ফেরত পাঠানো হয়। তবে ১৯৮০'র দশকের আগ পর্যন্ত টমি স্মিথ ও কার্লোসের এই প্রতিবাদকে খুব শ্রদ্ধার চোখে দেখা হয়নি। এরপর থেকেই তাঁদের সেই ছবিটি ক্রীড়া ইতিহাসের অন্যতম আইকনিক মুহূর্তের মর্যাদা লাভ করে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ফুটবল
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খেলার দুনিয়াকে অভাবনীয় কিছু মুহূর্ত উপহার দিয়েছিল। দেশের সেরা ফুটবলাররা ফুটবলকে বেছে নিয়েছিলেন যুদ্ধের অস্ত্র হিসেবে। তাঁরা 'স্বাধীন বাংলা ফুটবল দল' গঠন করে ভারতের মাটিতে একের পর এক ম্যাচ খেলে তহবিল সংগ্রহ করেছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই বিদেশের মাটিতে এই স্বাধীন বাংলা ফুটবল দল জাতীয় সঙ্গীতের সুর মূর্চ্ছনায় আপ্লুত করেছিলেন মুক্তিকামী মানুষকে। জাকারিয়া পিন্টু, আইনুল, প্রতাপ শঙ্কর হাজরা, সাইদুর রহমান প্যাটেল, এনায়েত, সালাউদ্দিনরা তাঁদের ফুটবল নৈপুণ্য দিয়ে জয় করেছিলেন মানুষর মন। পৃথিবীর ইতিহাসে কোনো দেশের স্বাধীনতা সংগ্রামে এক ঝাঁক ফুটবল তারকার অংশগ্রহণ এক বিরল ঘটনা।

ইরানের 'বিশ্বকাপ জয়' ও ফুটবল কূটনীতি
ইরান বিশ্বকাপ জয় করেছে! দেশটিতে বিশ্বকাপের চূড়ান্তপর্বেই খেলেছে হাতে গোনা কয়েকবার। কিন্তু ১৯৯৮ সালের বিশ্বকাপে একটি জয়ই ইরানকে সুযোগ করে দিয়েছিল বিশ্বকাপ জয়ের মতো উৎসব করার। সেই জয়টা যে ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে! ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের সময়, মার্কিন কূটনৈতিকদের জিম্মির সেই ঘটনা মারাত্মক প্রভাব ফেলেছিল দুই দেশের কূটনৈতিক সম্পর্কে। তারপর থেকেই ইরানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। এই দুই দেশ কূটনৈতিক দুনিয়ায় চিরবৈরি, চির শত্রু দুই দেশ হিসেবেই পরিচিত। কিন্তু ২২ বছর আগে ফ্রান্স বিশ্বকাপে একই গ্রুপে পড়ায় যুক্তরাষ্ট্র–ইরান ম্যাচটিকে ঘিরে ছিল তুমুল উত্তেজনা। সে ম্যাচে অবশ্য রাজনৈতিক বৈরিতার কোনো ছোঁয়া পড়েনি। শান্তিপূর্ণ সেই ম্যাচে উল্টো ফুল দিয়ে পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছিলেন দুই দেশের ফুটবলাররা। ম্যাচটি ২–১ গোলে জিতে ইরান কূটনীতিতেও বড় সাফল্য পেয়েছিল।

রাগবি বিশ্বকাপ দিয়ে ঐক্যবদ্ধ দক্ষিণ আফ্রিকা
এক সময় বর্ণবাদের থাবায় জর্জরিত ছিল দক্ষিণ আফ্রিকা। শেতাঙ্গদের দৃষ্টিতে কালো মানুষেরা ছিল অচ্ছ্যুত। ১৯৪৮ থেকে ১৯৯১ পর্যন্ত সেই বর্ণবাদি নীতি দেশটিকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। আন্তর্জাতিক খেলায় অনেক দিন ধরেই নিষিদ্ধ ছিল তারা। দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ-নীতি বিসর্জন দিয়ে স্বাভাবিক দুনিয়ায় ফেরে ১৯৯১ সালে। নেলসন ম্যান্ডেলা হন দেশটির ঐক্যের প্রতীক। ১৯৯৫ সালে রাগবি বিশ্বকাপ আয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার জাতীয় ঐক্যমতের প্রথম পদক্ষেপ। এতে শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকাই। ফাইনালে দক্ষিণ আফ্রিকান রাগবি দলের শেতাঙ্গ অধিনায়ক ফ্রাঙ্কোরেস পিয়েনারের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন ম্যান্ডেলা। ঐতিহাসিক এক বক্তৃতায় বলেছিলেন, 'খেলায় আছে পরিবর্তনের শক্তি। যে শক্তি দিয়ে গোটা দুনিয়াকে বদলে দেওয়া যায়। খেলাধুলার ভাষা সব দেশেই এক। সবাই এটি বুঝতে পারে। কোনো কোনো সময় এটি রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে প্রশাসকদের চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।'

ব্ল্যাক আর্মব্যান্ড প্রতিবাদ
২০০৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের তোলপাড় ফেলেছিল এই ঘটনা। জিম্বাবুয়ের স্বৈরশাসক রবার্ট মুগাবের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদে শামিল হয়েছিলেন দুই জিম্বাবুইয়ান তারকা ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার ও হেনরি ওলোঙ্গা। তাঁরা বিশ্বকাপে জিম্বাবুয়ের প্রতিটি ম্যাচই কালো আর্মব্যান্ড পরে খেলেন। তাঁদের প্রতিবাদের কারণ ছিল মুগাবের অগণতান্ত্রিক নীতির প্রতিবাদ। সে সময় মুগাবের বিরুদ্ধে টু শব্দ করাও ছিল জীবনের জন্য হুমকি। কিন্তু দুই তারকা ক্রিকেটার সেই হুমকিকে পাত্তা না দিয়েই প্রতিবাদে অংশ নিয়েছিলেন। তাঁরা দুজনই জানতেন, প্রতিবাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তাঁদের ক্যারিয়ার তো শেষ হয়ে যাবেই, জেল, জুলুম এমনকি জীবনহানিরও শঙ্কা ছিল। কিন্তু পরিণতির কথা না ভেবেই ক্রিকেট ইতিহাসের অন্যতম বিখ্যাত প্রতিবাদে অংশ নিয়েছিলেন এ দুজন। বিশ্বকাপের পর অবশ্য তাঁরা আর জিম্বাবুয়েতে ফেরেননি। রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন ইংল্যান্ডের মাটিতে।