স্বাধীনতা কাপ ফুটবল মাঠে ফিরছে আজ
মাঝখানে চলে গেছে ছয় বছর। তা-ও ভালো যে অন্য সব টুর্নামেন্টের মতো কালের গর্ভে হারিয়ে যায়নি স্বাধীনতা কাপ ফুটবল। ১৯৯৫ সালে সরকারি উদ্যোগে টুর্নামেন্টটি প্রথম হয়েছিল। তারপর ফুটবল ফেডারেশনের ঔদাসীন্য আর সরকারি উদ্যোগের অভাবে টুর্নামেন্টটি বাক্সবন্দী হয়ে পড়ে। এবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আগ্রহে এটি আবার মাঠে নামানোর উদ্যোগ শুরু।আজ বিকেল সাড়ে চারটায় উদ্বোধনী ম্যাচ খেলছে শেখ জামাল-রহমতগঞ্জ। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় আবাহনী-চট্টগ্রাম মোহামেডান ম্যাচ। ১৬ এপ্রিল পর্যন্ত গ্রুপ পর্বে একই সময়ে প্রতিদিনই দুটি করে ম্যাচ। কোয়ার্টার ফাইনাল ১৮ এপ্রিল ও ১৯ এপ্রিল। ২১ এপ্রিল দুটি সেমিফাইনাল। ফাইনাল ২৪ এপ্রিল। ১৯ এপ্রিলের দুটি কোয়ার্টার ফাইনাল কমলাপুরে। বাকি সব ম্যাচ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়ে চলতি মৌসুমে ঘরোয়া ফুটবল ফিরছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।টুর্নামেন্টটি বাংলাদেশ লিগের দলগুলোর জন্য ফিরতি পর্বের প্রস্তুতিমূলক হয়ে দাঁড়াল। বাংলাদেশ লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর সুপার কাপ হওয়ার কথা ছিল। কিন্তু বলা হচ্ছে, সুপার কাপ হবে লিগের শেষে, এখন স্বাধীনতা কাপ। লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে এই টুর্নামেন্ট শেষে। প্রথম পর্ব শেষে দলগুলো স্কোয়াডে কিছু পরিবর্তন এনেছে। নতুন করে খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকায় অনেক দলই প্রথম পর্বের বিদেশি বিদায় করে নতুন বিদেশি নিয়ে এসেছে।তবে স্বাধীনতা কাপ নিতান্তই দায়সারা একটা আয়োজন। বাফুফেতে কোনো উৎসাহ-উদ্দীপনা নেই। টুর্নামেন্টের আগের বিকেলেও ফেডারেশন ভবনে কোনো চাঞ্চল্য নেই। কিছু কর্মী বাদে ভবনটা শূন্য পড়ে আছে। বোঝার উপায় নেই, ২৪ ঘণ্টা পর এরাই একটা টুর্নামেন্ট আয়োজন করছে। প্রয়োজনীয় অনেক তথ্যও ঠিকভাবে পাওয়া যায় না। মিডিয়া বিভাগ আছে নামমাত্র।