স্বাধীনতা কাপ মোহামেডানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপাজয়ী মোহামেডানের বাঁধভাঙ্গা উল্লাস। ছবি: শামসুল হক
শিরোপাজয়ী মোহামেডানের বাঁধভাঙ্গা উল্লাস। ছবি: শামসুল হক

বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপের ফাইনাল নিষ্পত্তি হলো টাইব্রেকারে। নির্ধারিত সময়ে গোলশূন্য, অতিরিক্ত সময়েও তা-ই। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফেনী সকারকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতল মোহামেডান। যদিও পুরো ম্যাচে ফেনী সকারের পারফরম্যান্স ছিল দেখার মতো। দুর্ভাগ্য সকারের, টাইব্রেকারে হেরে যাওয়া আর লটারিতে হারা তো একই কথা।

যদিও পেশাদার লিগের গত ছয়টি আসরে মোহামেডান শিরোপাশূন্য। তবে টুর্নামেন্ট-ভাগ্য তাদের খারাপ নয়। এর আগে তিনটি সুপার কাপের দুটিতে জয়, একটিতে ফাইনালে টাইব্রেকারে হার। এবার জয়ের তালিকায় যোগ হলো আরও একটি টুর্নামেন্ট।

পুরো খেলা দেখে বোঝার উপায় ছিল না ফেনী সকারের সঙ্গে মোহামেডানের ঐতিহ্যগত পার্থক্য। দেশের ফুটবলের অন্যতম বড় দল, দর্শক সমর্থনপুষ্ট মোহামেডানের ওপর প্রায় পুরো ম্যাচই আধিপত্য করে গেছে ফেনী সকার। অবশ্য গোটা স্বাধীনতা কাপেই রক্ষণভাগ-নির্ভর মোহামেডান কৌশলগত কারণেই হয়তো ছিল একটু নিচের দিকে। সেই সুযোগটা পুরোপুরিই কাজে লাগিয়েছে ফেনী সকার। গাম্বিয়ান ফুটবলারদের সমন্বয়ে গড়া ফেনী সকারের আক্রমণভাগে পুরো খেলাতেই চাপে রেখেছিল মোহামেডানের রক্ষণকে। অধিকাংশ সময়ে বল ছিল ফেনীর দখলে। কেবল ভালো ফিনিশারের অভাবে গোল হয়নি।

টাইব্রেকারে গিয়ে প্রথম শটটি হাতছাড়া হওয়াই কাল হলো সকারের। গোলটি ঠেকিয়ে দেন মোহামেডানের জাতীয় দলের গোলরক্ষক মামুন খান। কে জানত, সকারের হাতছাড়া হওয়া গোলটিই শেষমেশ শিরোপা নির্ধারণ করে দেবে মোহামেডানকে!