স্বাধীনতা কাপের মাঠ-দুঃখ
মাঠে ফিরতে না ফিরতে আবার হিমাগারে যেতে বসেছে স্বাধীনতা কাপ ফুটবল। বাংলাদেশ লিগের দলগুলোকে নিয়ে বছর পাঁচেক পর গত মৌসুমে মাঠে ফিরেছিল এই টুর্নামেন্ট। এক মৌসুম হওয়ার পর ‘মাঠ সমস্যায়’ এবারের আসর এখন অনিশ্চিত।বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাঁকে মার্চে স্বাধীনতা কাপ আয়োজনের পরিকল্পনা জানিয়েছিল বাফুফে। কিন্তু আগামী ১৬ থেকে ২৬ মার্চ ১১ দিনের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম চায় জাতীয় ক্রীড়া পরিষদ। স্বাধীনতা দিবসের শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ হবে এখানে। এ অবস্থায় ১৯-২৬ তারিখ পর্যন্ত মাঠ ছাড়তে রাজি হয়ে এনএসসিকে চিঠি দিয়েছে বাফুফে।মার্চে স্বাধীনতা কাপ হচ্ছে না, এটা এখন নিশ্চিত। স্বাধীনতা কাপ স্বাধীনতার মাসেই হওয়ার রীতি। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাফুফের তৈরি করা বাংলাদেশ লিগের সংশোধিত ফিকশ্চারে স্বাধীনতা কাপ নেই। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিলে ছোট পরিসরে টুর্নামেন্টটি হতে পারে।