স্বাপ্নিক সালাউদ্দিনের ‘ভিশন ২০২২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে খেলবে, এটা শুনলে অনেকে হেসেই উড়িয়ে দেবে। দেওয়ারই কথা। বর্তমান বাস্তবতায় এশিয়ার সর্বোচ্চ মানে পৌঁছানোও বাংলাদেশের কাছে ‘দিল্লি বহুদূর।’কিন্তু তা ভেবে হাত-পা গুটিয়ে বসে থাকার লোক কাজী সালাউদ্দিন নন। বাংলাদেশের ফুটবল নিয়ে বড় বড় স্বপ্ন তাঁর চোখে। তবে তাঁর এ স্বপ্নটা চোখ কপালে তুলে দেওয়ার মতো। ২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি।দিন কয়েক আগে থেকেই সালাউদ্দিন তাঁর নতুন স্বপ্নের কথা বলে আসছিলেন বিচ্ছিন্নভাবে। কাল তা আনুষ্ঠানিক রূপ পেল। এদিন ঢাকার একটি হোটেলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে (ডিএফএ) অনুদান দেওয়ার অনুষ্ঠানে সব ছাপিয়ে এটিই হয়ে উঠল মূল আলোচ্য। গোটা হলঘর সাজানো ছিল অসংখ্য ‘ভিশন ২০২২’ ফেস্টুন দিয়ে, যা দেখে স্বাভাবিকভাবেই হলজুড়ে গুঞ্জন। সার্ক অঞ্চলে শ্রেষ্ঠত্বই যেখানে প্রশ্নাতীত নয়, সেখানে বিশ্বকাপে খেলার স্বপ্ন তো অলীক কল্পনা!সালাউদ্দিন অবশ্য মোটেও তা মনে করেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনে করিয়ে দিলেন, তিনি করেছেন এমন অনেক কিছুই অসম্ভব মনে হয়েছিল একসময়, ‘কোটি টাকার সুপার কাপ করার ঘোষণা যখন দিলাম, অনেকে আমাকে পাগল বলল। মেসিসহ আর্জেন্টিনা আসার আগে লোকজন বলেছে, আমি অবাস্তব কথাবার্তা বলছি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ দেখে মেসি নাকি খেলতেই নামবে না। কিন্তু মেসি এসেছে, আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ হয়েছে। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। তাই ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই।’ স্বপ্নকাতর চোখে সালাউদ্দিন বলেন, ‘আমি ফুটবলপাগল মানুষ। পাগল বলেই মনে করি, কোনো কিছুই অসম্ভব নয়।’সালাউদ্দিনের এ কথার পরও আমন্ত্রিত ডিএফএগুলোর সভাপতিসহ উপস্থিত বাফুফে এবং মঞ্চে উপস্থিত বাফুফের জেলা ফুটবল লিগ কমিটির কর্মকর্তাদের বিস্ময়ের ঘোর কাটেনি। অনেকের কথা, ২০২৬ সালকে লক্ষ্য করলে হয়তো বেশি যুক্তিযুক্ত হতো। তবে ‘নতুন কিছু করতে চাইলে ‘সালাউদ্দিনের পক্ষেই সম্ভব’ এটা মানতে কারোরই দ্বিধা ছিল না।কিন্তু এমন একটা স্বপ্ন দেখার ভিত্তিটা কী? সালাউদ্দিন উত্তর দিলেন সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে, ‘সিলেট বিকেএসপিতে একাডেমি গড়ার কাজ চলছে। গত কিছুদিনে অনূর্ধ্ব-১৪ দল জাপানে ম্যাচ খেলতে গেছে, অনূর্ধ্ব-২৩ দল গেছে নেপালে, জাতীয় দলও নেপালে গেছে, এ মাসে যাবে ব্যাংকক। মেয়েরা শ্রীলঙ্কা-মালয়েশিয়ায় খেলে এল। আমরা কাজ শুরু করে দিয়েছি। আগামী ছয় মাসের মধ্যে বিস্তারিত পরিকল্পনা সবাইকে জানিয়ে দেব।’কিন্তু বাস্তবতা হলো, গত সাফ ফুটবলে সেমিফাইনালেই উঠতে পারেনি বাংলাদেশ। এএফসি চ্যালেঞ্জ কাপ হয়ে গেছে আরও কঠিন চ্যালেঞ্জের নাম। আগে বিশ্বকাপ বা এশিয়া কাপের বাছাইপর্বে খেললেও এখন প্রাক-বাছাইয়ে নামতে হয়। এর কোনো কিছুই সালাউদ্দিনের অজানা নয়। তিনি চোখ রাখছেন ভবিষ্যতে, ‘বর্তমান প্রজন্ম নয়। আগামী প্রজন্মই আমাদের বিশ্বকাপে নেবে, এটা আমার বিশ্বাস।’সারা দেশ থেকে তরুণ প্রতিভা তুলে আনতে ডিএফএগুলোকে নিয়মিতভাবে অনূর্ধ্ব-১৭ লিগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কাল ডিএফএগুলোকে সচল করার জন্য এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে দেওয়া হবে আরও দুই লাখ টাকা করে। ফিফার দেওয়া বাৎসরিক আড়াই লাখ ডলারও জেলার ফুটবলে খরচ করার ঘোষণা দিয়েছেন সালাউদ্দিন।অনুষ্ঠানে ডিএফএ সংগঠক পরিষদ ও চট্টগ্রাম ডিএফএর সভাপতি আ জ ম নাছিরউদ্দিন বলেছেন, ‘সালাউদ্দিন ভাই একটা স্বপ্ন দাঁড় করিয়েছেন। সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’ ‘ভিশন ২০২২’ সফল করতে সেটিই তো পূর্বশর্ত।