স্বামী-স্ত্রী, ভাই-বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের মধ্যগগনেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন কিটি ম্যাককেন। স্বামী লেসলি গডফ্রির সঙ্গে মিলিয়ে বিয়ের পর নাম হয়ে গেল কিটি গডফ্রি। তো এই বিয়ে ক্যারিয়ারে ভাটার টান আনবে কী, উল্টো ব্যক্তিগত জীবনের সঙ্গীকে টেনিস কোর্টেও সঙ্গী করে গড়লেন ইতিহাস। ১৯২৬ সালের শুরুতে বিয়ে হলো দুজনের, ওই বছরই দুজন জিতলেন উইম্বলডনের মিক্সড ডাবলস। এখন পর্যন্ত ইংল্যান্ডের গডফ্রি দম্পতিই উইম্বলডন মিশ্র দ্বৈতে জয়ী একমাত্র স্বামী-স্ত্রী। ওই উইম্বলডনটা দারুণ কেটেছিল কিটির, চ্যাম্পিয়ন হয়েছিলেন মহিলা এককেও, মহিলা দ্বৈতে রানারআপ। বিবাহিত দম্পতির শিরোপা ওই একটি হলেও ভাই-বোনের উইম্বলডন মিক্সড ডাবলস জয়ের ঘটনা আছে তিনটি। ১৯৮০ সালে জিতেছিলেন যুক্তরাষ্ট্রের জন ও ট্রেসি অস্টিন, ১৯৯৬ সালে চেকোস্লোভাকিয়ার সিরিল সুক ও হেলেনা সুকোভা আর ২০০৪ সালে জিম্বাবুয়ের ওয়েইন ও সারা ব্ল্যাক।