স্বার্থের ঊর্ধ্বে গেইল-বিনোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন ক্রিকেটার ক্রিস গেইলের সামর্থ্যের আরেক প্রমাণ। গেইল নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, নিজের বা নিজ দলের স্বার্থের চেয়েও বড় হয়ে ওঠে সামগ্রিক স্বার্থ, খেলাটার স্বার্থ। গেইলকে নিয়ে এই একটা জায়গায় মিলে গেলেন কেভিন পিটারসেন ও আড্রিয়ান বারাথ। প্রতিপক্ষ দলে গেইল থাকা মানেই আতঙ্ক, তার পরও কদিন আগে পিটারসেন কদিন আগে বলেছিলেন খেলাটার স্বার্থেই এই বিনোদনদায়ী ব্যাটসম্যানকে আন্তর্জাতিক ক্রিকেটে দরকার। এবার বারাথের কণ্ঠেও অনেকটা একই কথা।একদিক থেকে বারাথের ‘ত্যাগ’ আরও বড়। গেইলের ফেরার প্রভাব তাঁর ওপর পড়েছে সরাসরি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে বারাথ জায়গা হারালেন হয়তো গেইল ফিরলেন বলেই। হতাশার মাঝেও তবু কিছুটা তুপ্তি খুঁজে পেয়েছেন বৃহত্তর স্বার্থের কথা ভেবে, ‘আমরা সব সময়ই সবাইকে দলে স্বাগত জানাই। ক্রিস তো বহুদিন ধরেই এই দলের অংশ এবং ওর প্রতি সবার শ্রদ্ধাও আছে। ওকে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। ওকে দলে পাওয়ার জন্য আমরা মুখিয়ে আছি, সবাই ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’গেইলের সঙ্গে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন আলোচিত ‘ফ্রিল্যান্সার’রাও। নিজে দলে না থাকলেও বারাথের ধারণা, দলটার চেহারা এখন দারুণ, ‘ক্রিসকে পাওয়ার পর আমাদের দল এখন আরও পোক্ত। ব্যাটিংয়ের গভীরতার কথা ভাবুন—কাইরন পোলার্ড, ড্যারেন স্যামি, দুই ব্রাভো, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল—একবার পাওয়ার প্লে পর্যন্ত গেলে বড় স্কোর গড়া বা তাড়া করা আমাদের জন্য খুব কঠিন হবে না।’গেইলকে দলে নিতে পেরে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ক্লাইভ বাটস জানিয়ে রেখেছেন একটু দাবিও, ‘ক্রিসের সামর্থ্য প্রমাণিত। আশা করি, ও দলে নতুন এক মাত্রা যোগ করবে এবং সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে অবদান রাখবে।’ এএফপি, ওয়েবসাইট।