স্বীকার কিংবা অস্বীকার
দর্শক চিৎকার করে বলছে, ম্যাচটা পাতানো। আপনি কী বলেন?শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের উল্টো প্রশ্ন করলেন, ‘আপনার কী মনে হচ্ছে, ম্যাচটা পাতানো?’ তাঁর সম্পূরক বাক্য, ‘দর্শক তো বলবেই। এতে কী আসে-যায়।’দর্শকের অভিযোগের কথা তাঁর সামনে আবারও তুলে ধরলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি একটু ক্ষুব্ধ স্বরেই প্রশ্নকারী সাংবাদিককে বললেন, ‘আপনার কী প্রতিক্রিয়া আপনি বলুন। আপনার প্রতিক্রিয়া আমি শুনতে চাই।’মনজুর কাদেরের যুক্তি, ‘দুই গোল খেয়ে আমরা জিতেছি। ওরা রেড কার্ড খেয়েছে, পেনাল্টি দিয়েছে। ফার্স্ট থার্টি মিনিটস তো আমরা দাঁড়াতে পারিনি। পরবর্তী পর্যায়ে ছেলেরা আল্লাহর রহমতে ভালো খেলেছে। ওদের রেড কার্ডে অ্যাডভান্টেজ বেড়ে গেল ডেফিনেটলি। কে কী বলল কিছু আসে-যায় না।’বঙ্গবন্ধু স্টেডিয়ামে তখন পড়ন্ত বিকেল। খানিক আগে রহমতঞ্জের বিপক্ষে ৫-২ জয় নিয়ে মাঠ ছাড়ল শিরোপার এক নম্বর দাবিদার শেখ জামাল। সতীর্থ কর্মকর্তাদের নিয়ে শেখ জামালের সভাপতি যখন টেন্টে খেলোয়াড়দের বাহবা দিতে এলেন, দুই দিকের গ্যালারি থেকে দুয়োধ্বনি ছড়িয়ে পড়েছে।মৌসুম শুরুর আগে ক্লাব সভাপতি বলেছিলেন, শেখ জামাল পাতানো খেলা খেলবে না বা তাদের বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগ উঠবে না। কিন্তু কাল খেলা দেখা দর্শকেরা অভিযোগ তোলার পর সেটি তাঁকে মনে করিয়ে দেওয়া হলে মনজুর কাদের বললেন, ‘দর্শকদের অভিযোগ আপনি বিশ্বাস করলে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ইট।’ পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়ার ধারাবাহিকতায় আরও বললেন, ‘ফার্স্ব দুটি গোল তাহলে কেন খাব আমরা? আপনিই বলুন? পাঁচটা গোল তো এমনিই আসে না।’শেখ জামাল কোচ পাকির আলীর কথা, ‘দর্শক তো বলবেই। আমাদের তো আগে অনেক গালি দিয়েছে গ্যালারি থেকে, দিলে আপনি কী করবেন। আমাদের টিমটা দেখেন। আমরা খেলেই জিতেছি।’রহমতগঞ্জ টেন্টে তখন বসে আছেন কোচ আলী আসগর নাসির ও কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন কালা। পরাজয়ে হতাশার কোনো ছাপ নেই তাঁদের চোখে-মুখে। ম্যাচের সময় টেন্টে কাউকে দাঁড়িয়ে খেলোয়াড়দের নির্দেশনা দিতে খুব একটা দেখা যায়নি। এ অবস্থায় লাল কার্ড, খেলোয়াড় আহত, ইত্যাদি কারণ দেখালেন কোচ আলী আসগর। পরে পাতানো খেলা প্রশ্নে বললেন, ‘আমার জানা নেই।’সালাউদ্দিন কালা পাতানো প্রশ্নে ‘না’, ‘না’ করে গেলেন। তাঁর কথা, ‘না, না এটা ভুল ভাই।’ ম্যাচ পাতানোর নেপথ্যে তাঁর কথাই শোনা যাচ্ছে, এ ব্যাপারে কালার মন্তব্য, ‘আমি অসুস্থ হয়ে পইড়্যা আছি, আমি এসব জানি না।’ পরে একটু বিশদ হতে গিয়ে বলে ফেললেন, ‘ভাই রে, আমার জানামতে পাতানো না, যদি কোনো অ্যাঙ্গেল দিয়া হইয়া থাকে, হইলেও হইতে পারে।’ কোন অ্যাঙ্গেল দিয়ে হতে পারে প্রশ্ন করলে বলেন, ‘আমি তো একলা টিম চালাই না। আমাদের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, পিলিয়ার আছে। আমার লগে শেখ জামালের প্রেসিডেন্টের একটু খাতির আছে, এর ল্যাইগ্যা এসব কথা আইতাছে।’