স্মরণীয় রাতের পর সাগরসৈকতে

আগের রাতে মাঠে বয়ে গেছে আনন্দের ঢেউ। হোটেল ফিরে সবাই খাওয়া-দাওয়া ও হইহল্লায় কাটিয়েছেন অনেকটা সময়। দলের জন্য এক লাখ টাকার বোনাসও ততক্ষণে কর্মকর্তাদের হাতে। কিন্তু এটুকুতেই কি শেখ রাসেলকে হারানোর স্মরণীয় ক্ষণটার উদ্যাপন হয়! কাল সকালে তাই উত্তর বারিধারার খেলোয়াড়েরা গেলেন পতেঙ্গার সমুদ্রসৈকতে। নবম প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম দিনেই বড় অঘটনের জন্ম দেওয়ার বিস্ময় আর রোমাঞ্চ সবার সঙ্গী।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই সৈকতে যাওয়া। জোয়ার চলায় পানিতে দাপাদাপি বেশি হয়নি। তবে আধঘণ্টার ওই পতেঙ্গা-ভ্রমণে ছবি তোলা, কিছু সময় স্ট্রেচিং করা, সবকিছু আরও বেশি করেই যেন একসুতোয় গাঁথল ‘পুঁচকে’ দলটিকে। কোচের তাড়া খেয়ে পানি থেকে দ্রুত উঠে আসার সময় অধিনায়ক সোহেল রানা বলছিলেন, ‘এমনিতে ম্যাচের পরদিন রিকভারি থাকে। সেটির অংশ হিসেবেই কর্মকর্তারা বললেন, ‘চলো তোমাদের পতেঙ্গায় নিয়ে যাই।’
খুশির আভা ২০০৮ সাল থেকে ক্লাবটিতে টানা খেলে আসা দুলাল হোসেনের চোখেমুখে। তাঁর শুরুর বছরে বারিধারা দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়। সেসব স্মৃতির সঙ্গে বর্তমানটাকে মেলান এই ফুটবলার, ‘আমাদের ক্লাবে এমন খুশির সময় আগে আসেনি।’
পরশুর ম্যাচের একমাত্র গোলদাতা ডিফেন্ডার খালেকুজ্জামানের অনুভূতিটা একটু আলাদা। পেনাল্টি নেওয়ার সময় কুড়িগ্রামের ছেলে স্মরণ করেন বাবা-মাকে। বছর চারেক ধরে এই দলের হয়ে খেলে সব পেনাল্টি তিনিই নিয়েছেন, কখনো ব্যর্থ হননি। ক্যারিয়ারে করা চার-পাঁচটি গোল ছাপিয়ে কালকের গোলটিই খালেকুজ্জামানের কাছে সেরা, ‘এমন গোল আগে করিনি। মনকে তখন বলছিলাম যদি গোল করতে পারিস, সবচেয়ে স্মরণীয় জয়টা আমরা পেতে পারি।’
হ্যাঁ, উত্তর বারিধারার ২১ বছরের ইতিহাসে এটিই সেরা জয়। দুই বছর আগে প্রিমিয়ার লিগে এসেই ২৭ ম্যাচে ৮৫ গোল খেয়ে জয় পেয়েছে শুধু ব্রাদার্স (৩-২) ও বিজেএমসির (৩-০) বিপক্ষে। এবার স্বাধীনতা কাপে ৫টি ও ফেডারেশন কাপে ২টি ম্যাচের সব কটিতেই হার। ওই বৃত্তটা ভাঙার পেছনে ঐক্যবদ্ধ থাকাটাই মন্ত্রের মতো কাজ করেছে, বলছিলেন সোহেল রানা, ‘এটি একটা পরিবার হয়ে গেছে, তাই সাফল্য পেলাম।’
অথচ এই খেলোয়াড়দের প্রাপ্তি সামান্য। তাঁরা উঠেছেন সদরঘাটের এক হোটেলে। শেখ রাসেলের মতো দলের যেখানে বাজেট ১০ কোটি টাকার ওপরে, ৫০ লাখ টাকার চুক্তিবদ্ধ খেলোয়াড়ও আছে, সেখানে বারিধারার খেলোয়াড়েরা গড়পড়তা পাঁচ-ছয় লাখ টাকায় খেলেন। সর্বোচ্চ ৯-১০ লাখ টাকার চুক্তি আছে খালেকুজ্জামানহ কয়েকজনের। তিন বিদেশি খেলোয়াড় শুকু, কলিন্স ও সিসা। ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের দেওয়া তথ্য, এবার দলটির বাজেট দেড় কোটি টাকা। তবে অনেকের ধারণা, প্রকৃত বাজেট আরও কম। যার মধ্যে বাফুফেই দেবে ৪০ লাখ।
তবে খেলোয়াড়দের এসব নিয়ে কোনো হা-হুতাশ নেই। তাঁরা সবকিছু মেনেই নিয়েছেন। ফুটবলাররা লড়াকু এবং এঁদের নিয়ে লিগে টিকে থাকা সম্ভব বলে মনে করেন জাহাঙ্গীর আলম, ‘দুই বছর আগে আমরা প্রিমিয়ার লিগে প্রথম এসে অনেক ভুল করেছি। এবার তা থেকে শিক্ষা নিয়ে শেখ রাসেলকে হারালাম।’ শুধু কি তাই, ২৮ জুলাই শেখ জামালকে হারানোরও স্বপ্ন দেখছে তারা। ঘটাতে চায় আরও অঘটন। সেটা বিশ্বাস না করে এখন উপায়ও নেই।
১৯৯৫ সালে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়াকিল আহমেদের হাত ধরে ক্লাবটির প্রতিষ্ঠাতা, তিনিই এটির সভাপতি। ক্লাবের বড় পর্দায় খেলাটা দেখানোর আয়োজন করেছিলেন পরশু। জয়ের আনন্দে মিষ্টি বিলিয়েছেন। হয়েছে আনন্দমিছিল।
অন্য অনেক ক্লাবের ঠিকানা নেই, কিন্তু বারিধারার আছে। কালাচাঁদপুরে ক্লাবের চারতলা ভবন। দুটি ফ্লোরে খেলোয়াড়েরা থাকেন। হলরুম, নিজস্ব জিম আছে। ঢাকা মোহামেডানের মতো দলের আজও একটা নিজস্ব মাঠ হলো না। অথচ বারিধারা অনুশীলন করে নিজস্ব মাঠে!
এমন ছোট ক্লাবে খেললে অবহেলার শিকার হতে হয়। বারিধারার খেলোয়াড়েরাও এই সত্যটা জানেন। এই দলের শুধু খালেকুজামান, গোলরক্ষক রাজীব বঙ্গবন্ধু গোল্ডকাপে অনূর্ধ্ব-২৩ দলের স্কোয়াডে ছিলেন। তবে এই ক্লাবের জার্সি গায়েই তৃতীয় বিভাগ থেকে উঠে আসা নাবিব নেওয়াজ জীবন জাতীয় দলে ঢুকেছেন। কে বলতে পারে আর কোনো জীবন লুকিয়ে নেই এবার লিগের শুরুতেই রূপকথা লিখে ফেলা দলটিতে!