স্মরণীয় প্রত্যাবর্তনের আশায় বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা-পূর্ববর্তী এই দেশের ফুটবলে পরাশক্তি ছিল বিজেএমসি। বেশ কয়েকবারই চ্যাম্পিয়ন হয়েছে। স্বাধীনতার পরও ঢাকার ফুটবলে ধরে রেখেছে সমান দাপট। ১৯৭৩ সালে ঢাকা লিগের প্রথম শিরোপাটা বিডিআইসি নামে জিতেছে বিজেএমসি। ১৯৭৯ সালে দ্বিতীয় ও শেষবার শিরোপা জয়। তখন নাম ছিল বিজেআইসি। ’৭৫ সালে রানার্সআপ বিজেএমসি নামেই। ইতিহাস ঘাঁটাঘাঁটির কারণ, ২৭ বছর পর আজ আবার নতুন করে মাঠে নামছে বিজেএমসি। ১৯৮৩ সালে অবনমিত হওয়ার পর দলটি সেই যে মাঠের বাইরে চলে গেল, প্রায় তিন যুগ কাটল নির্বাসনে। এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় বিজেএমসির পরিচালক হওয়ার পর তাঁর চেষ্টায় ফুটবলে প্রত্যাবর্তন। উচ্ছ্বসিত জয় বললেন, ‘একটা ইতিহাস ফিরিয়ে আনতে পেরে খুবই ভালো লাগছে।’ দলটিকে মাঠে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। এর আগে মোহামেডান, মুক্তিযোদ্ধা ও আরামবাগের অধিনায়ক ছিলেন। কাল ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এক অনুষ্ঠানে আলফাজের হাতে বিজেএমসির অধিনায়কের বাহুবন্ধনী পরিয়ে দেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এই অনুষ্ঠানে পাটমন্ত্রী খেলোয়াড়দের উজ্জীবিত করার পাশাপাশি ঘোষণা করেন, মৌসুম শেষে ফলাফল যা-ই হোক না কেন, তিনি দলের প্রত্যেক সদস্যকে এক লাখ করে টাকা দেবেন। এবং দলের উপদেষ্টা কোচ ওয়াজেদ গাজীকে দেবেন পাঁচ লাখ টাকা। ওয়াজেদ গাজী বিজেএমসির সোনালি সময়ে মাঠের সেনানি ছিলেন। সেই স্মৃতি কাল তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে দাঁড়িয়ে নস্টালজিয়ায় ভোগাল, ‘১৯৬৭, ’৬৮, ’৭০ ও ’৭৩-এর বিজেএমসির লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলাম। মনে পড়ে, সে সময় বিজেএমসি বলতে অন্যরা ভয়ে কাঁপত। আজ এত বছর পর দলটির নতুনভাবে ফিরে আসার এই সময়ও আমি আছি। কতটা ভালো লাগছে বোঝাতে পারব না।’ অভিজ্ঞ আলফাজ দৃপ্ত পায়ে এগিয়ে যেতে চান, ‘আবুল, আবদুল্লাহ পারভেজ, আরাফাত রনি, রমজান, রাসেল আনসারিদের নিয়ে আমাদের দলটা শক্তিশালীই। দলে আছে ভালো বিদেশি। আমরা চ্যাম্পিয়ন হতেই ঝাঁপাব। প্রথম ম্যাচের প্রতিপক্ষ মোহামেডানের চেয়ে নিজেদেরই এগিয়ে রাখব আমি।’ এখনো ৯০ মিনিট খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী এই স্ট্রাইকার, ‘গতবার আবাহনীর হয়ে অনেকটা বেঞ্চেই বসেই ছিলাম। তবে এবার প্রমাণ করব, এখনো ফুরিয়ে যাইনি।’