স্মরণীয় রাতে ত্রয়ীর মাইলফলক
একই দিনে তিন অভিজ্ঞ ফুটবলার ছুঁয়েছেন স্মরণীয় কিছু ব্যক্তিগত মাইলফলক। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে উইগানের ম্যাচটাও হয়ে গেল স্মরণীয়। এটি ছিল প্রিমিয়ার লিগে রায়ান গিগসের ৬০০তম ম্যাচ, রিও ফার্ডিনান্ড খেলেছেন ইউনাইটেডের হয়ে নিজের ৪০০তম ম্যাচ। আর পল স্কোলস লাল জার্সিতে খেলেছেন ৭০০তম ম্যাচ। উপলক্ষকে স্মরণীয়ই করে রেখেছেন এই ত্রয়ী। আর উইগানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার ২ নম্বরে উঠে এসেছে তাদের দল। পল স্কোলস তো গোল করে আরও একবার জানালেন, ক্যারিয়ারের এই গোধূলিবেলায়ও ইউনাইটেডকে অনেক কিছুই দেওয়ার আছে তাঁর। এর সঙ্গে যোগ করে নিতে পারেন খোদ স্যার অ্যালেক্স ফার্গুসনের দেওয়া একটা তথ্য, ‘এ নিয়ে সে (স্কোলস) তাঁর ১০০, ৩০০, ৪০০, ৫০০ ও ৭০০তম ম্যাচে গোল করল। এটা অসাধারণ।’ দিনটা অবশ্য ইউনাইটেডের একার ছিল না, প্রতিদ্বন্দ্বী আর্সেনালও মঞ্চে ছিল। সাউদাম্পটনকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার পর আর্সেন ওয়েঙ্গার দারুণ নির্ভার বোধ করছেন। স্বীকৃত কোনো সেন্টার ফরোয়ার্ড ছাড়াই গোলের ফুলঝুরি, ওয়েঙ্গার তাই মজা করে বলেছেন, ‘আমরা তো আমাদের সব উইঙ্গারকে সেন্টার ফরোয়ার্ড বানিয়ে ফেলেছি!’ তবে পরক্ষণেই আবার স্বভাবসুলভ গাম্ভীর্যে পা মাটিতে রাখারই পরামর্শ দিয়েছেন শিষ্যদের, ‘আমাদের সামনে একটা অন্য রকম সপ্তাহ আসছে। মঁপেলিয়েরের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের খেলার পরে ম্যানচেস্টার সিটি ও চেলসির সঙ্গে ম্যাচ। এই দলটা কেমন, এই ম্যাচগুলোর পর সেটা আরও ভালো বোঝা যাবে।’ আর যা-ই হোক, রবিন ফন পার্সির অভাব এখন নিশ্চয়ই খুব একটা টের পাচ্ছেন না তিনি!চেলসি-কিউপিআরের ম্যাচটি শেষ হয়েছে ম্যাড়মেড়ে এক গোলশূন্য ড্রয়ে। তবে সবচেয়ে বড় খবরটির জন্ম দিয়েছেন কিউপিআর ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিনান্ড। ম্যাচের আগে জন টেরি ও অ্যাশলি কোলের সঙ্গে সৌজন্যসূচক করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফার্ডিনান্ডকে বর্ণবাদী ‘গালি’ দেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছিলেন টেরি। কোলও টুইটারে সমর্থন জানিয়েছিলেন টেরিকে। সেটার জেরেই এই কাণ্ড। কিউপিআর এই চাপান-উতোরের জের থেকেই কিনা লড়েছে চোখে চোখ রেখে। চেলসিকে রুখেও দিয়েছে। তবে এখনো চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে চেলসি। পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলও। স্টোক সিটির রক্ষণদুর্গ ভেঙে তাদের মাঠ থেকে জয় নিয়ে ফেরাটা দুরূহই বটে। বজ্র আঁটুনিটা ভাঙতে পারেনি সিটি, ড্র করেছে ১-১ গোলে। তবে সিটি কোচ রবার্তো মানচিনি খেপেছেন পিটার ক্রাউচের দেওয়া বিতর্কিত গোলটির জন্য। সিটি খেলোয়াড়েরা হ্যান্ডবলের কারণে গোলটি বাতিলের জন্য মাঠেই প্রতিবাদ করেছিলেন। লাভ হয়নি। মানচিনিও ক্ষোভ আড়াল করেননি, ‘প্রথম গোলের কথা বললে, ফুটবল নয়, আমাদের এনবিএ (বাস্কেটবল) নিয়েই কথা বলা উচিত। অবিশ্বাস্য ব্যাপারটা হলো রেফারি ক্রাউচের পেছনেই ছিলেন।’ লিভারপুলের দুর্দশা যেন শেষই হচ্ছে না। ১০০ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরুর পর অলরেডরা এখন পয়েন্ট টেবিলের তলানির দিকে। গতকালও সান্ডারল্যান্ডের সঙ্গেও ড্র করেছে ১-১ গোলে। এই হতশ্রীর ফলে অনেকেই নতুন কোচ ব্রেন্ডন রজার্সের পিণ্ডি চটকাচ্ছেন। তবে অধিনায়ক স্টিভেন জেরার্ড আছেন কোচের পাশেই। বলছেন এটা সাময়িক, ‘আমরা ভালো ছন্দেই ছিলাম। যে গোলটা খেয়েছি সেটা ছিল খেলার বিপরীতে। যারা খেলাটা দেখেছে তারা বুঝবে আমরা উন্নতির দিকেই আছি।’ পরের ম্যাচটাই ইউনাইটেডের সঙ্গে, জেরার্ডদের দুর্দশা তো শিগগিরই কাটার লক্ষণ নেই। এএফপি, রয়টার্স।