স্মরণীয় শেষের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়ে প্রথমবারই শিরোপা জয়—এমন সৌভাগ্য সবার হয় না। তাঁর হয়েছিল। তার পরও একটু আক্ষেপ থাকলেও থাকতে পারে। ওই শিরোপা জয়ের অভিযানে তিনি যে সামনের সারির সারথি ছিলেন না। ৬ ম্যাচে পেয়েছিলেন ৭ উইকেট, গড় ৩০.৮৫।মুত্তিয়া মুরালিধরনের সামনে সুযোগ এসেছে, শুরুর ওই আক্ষেপটুকু শেষে এসে মুছে ফেলার। এটাই যে তাঁর শেষ। শুধু বিশ্বকাপ বলে নয়, এটাই তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টও। এরপর অবসর নেবেন আগেই টেস্ট থেকে সরে দাঁড়ানো শ্রীলঙ্কান স্পিনার। আগেও জানিয়েছেন, বিবিসিকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে আবারও নিশ্চিত করলেন, ‘এই বিশ্বকাপের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেব।’২৪ বছর বয়সে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন মুরালি। বয়সের সঙ্গে সঙ্গে বেড়েছে অভিজ্ঞতা। যদিও ১৯৯৯ ইংল্যান্ড বিশ্বকাপটা তাঁর জন্য কেটেছিল হতাশায়। ইকোনমি রেট ভালো থাকলেও মাত্র ৬ উইকেট পেয়েছিলেন। কিন্তু পরের দুটো বিশ্বকাপ অন্য মুরালিকেই দেখেছে। ২০০৩ বিশ্বকাপে ১৭ উইকেট নিয়েছেন মাত্র ১৮.৭৬ গড়ে। গতবার তো ১৫.২৬ গড়ে ২৩ উইকেট নেওয়া মুরালি ছিলেন দলকে ফাইনালে তোলার অন্যতম কারিগর।গতবার পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে আর পারেননি। সেই হতাশাও আছে। ফাইনালে গিয়ে হারার চেয়ে তো প্রথম রাউন্ডেই বাদ পড়া ভালো! ৩৮ বছর বয়সী মুরালির জন্য এবার তাই গতবারের হতাশাও মুছে ফেলার সুযোগ। মুরালি নিশ্চয়ই নিজের শেষ বিশ্বকাপ খেলার জন্য ভালো প্রস্তুতিই নিয়ে রাখছেন।প্রস্তুতিতে মুরালি সন্তুষ্ট বলেই জানালেন, ‘আমাদের প্রস্তুতি ভালোই হচ্ছে। এবার খেলা শ্রীলঙ্কাতেই হবে বলে আমাদের জন্য ভালো সুযোগ থাকছে। অবশ্য এমন নয় যে আমরা নিজেদের কন্ডিশনে খেলার সুবিধা অনেক বেশি পাব। তবে সেটির কিছুটা প্রভাব তো থাকবেই। আমাদের দলটাতে অভিজ্ঞ আর তরুণ খেলোয়াড়ের মিশেল আছে। তা ছাড়া দুই বছর ধরে আমাদের দলটা ওয়ানডেতে খুবই ভালো খেলছে।’স্বাভাবিকভাবেই বিবিসি মুরালির কাছে জানতে চেয়েছিল এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সম্ভাবনা কতটুকু। দুই বছর ধরে ইংল্যান্ড দলটা আসলেই দারুণ খেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে নিয়েছে ওরা। মুরালিও ইংল্যান্ডকে অন্যতম ফেবারিট বলছেন। তবে এর সঙ্গে জুড়ে দিয়েছেন একটা ‘কিন্তু’, ‘ওরা উপমহাদেশের কন্ডিশনে কেমন খেলে, সেটার ওপরই নির্ভর করছে ওদের সাফল্য। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অনেক পার্থক্য। এখানকার কন্ডিশন স্পিনবান্ধব। ওদের দলে অবশ্য গ্রায়েম সোয়ান আছে। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার ও।’ ওয়েবসাইট।