স্মিথ এলবিডব্লু ব হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভন স্মিথ মনে হয় শেন ওয়ার্নের চেয়ে ভাগ্যবান। শারজায় শচীন টেন্ডুলকারের হাতে ধোলাই হওয়ার পর প্রায়ই নাকি একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত ওয়ার্নের, ডাউন দ্য উইকেট এসে তাঁকে ছয় মারছেন টেন্ডুলকার! স্মিথের দুঃস্বপ্ন দেখার সুযোগ নেই। ঘুম হলেই না স্বপ্ন-টপ্নের ব্যাপার থাকে, মোহাম্মদ হাফিজ যে তাঁর ঘুমই কেড়ে নিয়েছেন!ঢাকায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু। গায়ানা টেস্টের দ্বিতীয় ইনিংস পর্যন্ত যে ছয়বার ব্যাট হাতে নেমেছেন, প্রতিবারই উইকেটে স্মিথের স্থায়িত্ব সংক্ষিপ্ত করার কাজটি নিষ্ঠার সঙ্গে করেছেন হাফিজ। ক্রিস গেইলকে আটকানোর জন্য ঢাকার ম্যাচে হাফিজকে নতুন বল দিলেন শহীদ আফ্রিদি। স্মিথের সর্বনাশও যেন লেখা হয়ে গেল। গেইলকে তুলে নিলেন উমর গুল, হাফিজের সোজা বলে এলবিডব্লু স্মিথ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুই পেসারকে ওয়াহাব-জুনাইদকে ভালোই খেলেছিলেন। হাফিজ বোলিংয়ে এলেন, স্মিথ টিকলেন আর মাত্র ৪ বল। এবারও এলবিডব্লু। পরের ম্যাচে চেষ্টা করেছিলেন শেকল ভাঙার, একটা ছয়ও মেরেছিলেন হাফিজকে। বীরত্ব শেষ পরের ওভারেই, এলবিডব্লুর হ্যাটট্রিক। পরের ম্যাচে নাম লেখালেন অনাকাঙ্ক্ষিত এক বিশ্ব রেকর্ডে, একই বোলারের বলে টানা চার ইনিংসে এলবিডব্লু! শেষ দুই ম্যাচে তাঁকে খেলানোর দুঃসাহস আর দেখায়নি ওয়েস্ট ইন্ডিজ।রঙিন পোশাকের বদলে গায়ে উঠল সাদা পোশাক। স্মিথের ভাগ্য বদলাল না। একেবারেই বদলায়নি, তা নয়। খানিকটা বৈচিত্র্যের জন্যই যেন গায়ানার প্রথম ইনিংসে হলেন ‘বোল্ড’। তবে দ্বিতীয় ইনিংসেই ফিরে গেছেন পুরোনো ধারায়। পরশু হাফিজের প্রথম বলেই এলবিডব্লু হয়ে নিজেকেই শাপশাপান্ত করতে করতে ফিরলেন। এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে কম নেই। ক্রিকেটে ‘বানি’ শব্দটির উদ্ভবই এ জন্য। গ্লেন ম্যাকগ্রার যেমন মাইক আথারটন, শেন ওয়ার্নের ড্যারিল কালিনান কিংবা হালের বলিঞ্জারের গেইল বা জহির খানের গ্রায়েম স্মিথ। তবে ‘বানি’দের ইতিহাসে খানিকটা ব্যতিক্রম স্মিথ-হাফিজ। ব্যাটসম্যানকে ‘বানি’ বানানো এত দিন ছিল মূলত বিশেষজ্ঞ বোলারদেরই শৌর্য্য, কিন্তু হাফিজ তো আগে ব্যাটসম্যান, পরে বোলার!ভাবছেন পাকিস্তান সিরিজ শেষ হলেই স্মিথকে নামিয়ে দেবে উইন্ডিজ? ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টে পাঁচবার আউট হয়েছিলেন গ্রায়েম সোয়ানের বলে। তিনবার এলবিডব্লু, দুবার বোল্ড। মানে অফ স্পিনই তাঁর যম। নিকট-ভবিষ্যতে তাই স্মিথকে আবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখলে সেটাই হবে বিস্ময়ের!