
প্রথম টেস্টের হারটাই হয়তো তাতিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই, কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা দলটি দুবাইয়ে যেন পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা নিয়েই নেমেছে। পরশু ম্যাচের প্রথম দিনে পাকিস্তানকে মাত্র ৯৯ রানে বিধ্বস্ত করে বোলাররা শুরু করেছিলেন। কাল ব্যাটসম্যানরাও দেখালেন তাঁরাও কম যান না। পাকিস্তানি বোলাররা এবার পিষ্ট প্রোটিয়া ব্যাটে। অধিনায়ক গ্রায়েম স্মিথ পেয়েছেন ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি, এবি ডি ভিলিয়ার্স পেয়ে গেছেন ১৭তম টেস্ট সেঞ্চুরি। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দুজনে যোগ করেছেন ৩২৬ রান। ৪ উইকেটে ৪৬০ রানে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে এগিয়ে গেছে ৩৬১ রানে।
সারা দিনে পাকিস্তানের একমাত্র সাফল্য ‘নৈশপ্রহরী’ ডেল স্টেইনকে ফেরাতে পারা। দিনের সপ্তম ওভারে মোহাম্মদ ইরফানের বলে বোল্ড স্টেইন। পরের বলটাই ঠিক করে দিল দিনের গতিপ্রকৃতি। মুখোমুখি হওয়া প্রথম বলটা ডি ভিলিয়ার্সের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভস ছুঁলেও ক্যাচটা নিতে পারেননি আদনান আকমল। পড়ে পাওয়া জীবনটাকে পুরোই কাজে লাগিয়ে দিন শেষে ডি ভিলিয়ার্স অপরাজিত ১৫৭ রানে। সঙ্গী স্মিথ ব্যাট করছেন ২২৭ রানে। অবিচ্ছিন্ন ৩২৬ রান; পঞ্চম উইকেটে নতুন দক্ষিণ আফ্রিকান রেকর্ড। ডি ভিলিয়ার্স-স্মিথরা পেছনে ফেলেছেন ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যাক ক্যালিস ও অ্যাশওয়েল প্রিন্সের ২৬৭ রানকে।
জুলফিকার বাবরের বলে ২ রান নিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি টেস্টে ৯ হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন স্মিথ। ২৭তম টেস্ট সেঞ্চুরি পাওয়া স্মিথের চেয়ে বেশি রান করা প্রোটিয়া ব্যাটসম্যান মাত্র একজন—এই দলেরই জ্যাক ক্যালিস (১৩১৪০ রান)। তথ্যসূত্র: ক্রিকইনফো।