স্মিথদের হাতে বিদায় পাকিস্তানের

ব্যাট হাতে স্টিভেন স্মিথ, বল হাতে জেমস ফকনার। স্মিথের ৪৩ বলে অপরাজিত ৬১ রানে অস্ট্রেলিয়া ১৯৩ করে ফেললেও আশা বেঁচে ছিল পাকিস্তানের। কিন্তু ফকনার এসে সেই সম্ভাবনা শেষ করে দিলেন। ২৭ রানে ৫ উইকেট শুধু তাঁর ক্যারিয়ার-সেরা বোলিংই নয়, অস্ট্রেলিয়ার পক্ষেই টি-টোয়েন্টির সেরা বোলিং। অধিনায়কের বিধ্বংসী ইনিংসের পর ফকনারের এই দুর্দান্ত বোলিংয়েই পাকিস্তানকে ২১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া।
আগে ব্যাট করে স্মিথের দলের ৪ উইকেটে ১৯৩ রানের জবাবে পাকিস্তান থেমে গেছে ৮ উইকেটে ১৭২ রানে। পরাজয় বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টাও বাজিয়ে দিয়েছে পাকিস্তানের। সম্ভবত এই হার দিয়েই শেষ হচ্ছে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির আন্তর্জাতিক ক্যারিয়ারও। ম্যাচ শেষেই বলে দিয়েছেন, দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে ভাববেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৬। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে ১৪। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের সিরিজেই দারুণ ছন্দে ছিলেন স্টিভেন স্মিথ। বিশ্বকাপে এসে কি তাহলে ব্যাটিংটা ভুলে গেলেন? জবাবটা কাল মোহালিতেই দিয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ৭.২ ওভারের মধ্যে ৩ উইকেট পড়ে যাওয়ার পর গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি বেঁধে সেই ধাক্কা সামলান স্মিথ। চতুর্থ উইকেটে এই জুটি ৬.২ ওভারে তুলে নেয় ৬২ রান। দারুণ খেলতে থাকা ম্যাক্সওয়েল ১৮ বলে ৩০ রান করে ইমাদ ওয়াসিমের বলে লং অনে ক্যাচ দেন আহমেদ শেহজাদের হাতে। অস্ট্রেলিয়ার রান তখন ১৩.৪ ওভারে ৪ উইকেটে ১১৯। বড় ঝড়টার শুরু এরপর। পঞ্চম উইকেটে শেন ওয়াটসনকে নিয়ে ৬.২ ওভারে আরও ৭২ রান যোগ করেন স্মিথ। শেষ পর্যন্ত ওয়াটসন অপরাজিত থাকেন ২১ বলে ৪৪ রান করে, ঝোড়ো ইনিংসটা সাজানো ৩ ছক্কা ও ৪ চারে।
তাড়া করতে নেমে পাকিস্তান তৃতীয় ওভারেই ওপেনার আহমেদ শেহজাদকে হারালেও শারজিল খান ব্যাট হাতে ঝড় তুলেছেন। ১৯ বলে ৩০ রান করে শারজিল বোল্ড হয়েছেন ফকনারের বলে, কিন্তু পাকিস্তান আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে গেছে অনেকটা সময় ধরে। খালিদ লতিফের ব্যাট আশা দেখাচ্ছিল, ৪১ বলে ৪৬ করার পর তাঁকেও ফিরিয়ে দেন ফকনার। অস্ট্রেলিয়ান এই পেসার পরেও ভুগিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানদের। একে একে তুলে নেন ইমাদ, সরফরাজ আহমেদ আর ওয়াহাব রিয়াজকে। শেষ দিকে একাই যা লড়েছেন শোয়েব মালিক, ২০ বলে ৪০ রান করে অপরাজিত তিনি। কিন্তু চড়াইয়ে উঠে যাওয়া আস্কিং রানরেটকে বাগে এনে তাঁর একার পক্ষে ম্যাচ বের করা সম্ভব হয়নি। ২৭ রানে ৫ উইকেট নিয়ে ফকনারই ম্যাচসেরা।