মাত্র দুই সপ্তাহ আগেও অনিশ্চিত ছিল মার্ক গিলেস্পির ভবিষ্যৎ। ক্রিকেট মৌসুম শেষ হওয়ার পর কী করবেন ভাবছিলেন তা নিয়ে, খুঁজছিলেন চাকরি। ওই অনিশ্চয়তার মধ্যেই অপ্রত্যাশিতভাবে নির্বাচকদের ডাক পেলেন। ঢুকে গেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের নিউজিল্যান্ড দলে, নিলেন ৫ উইকেট। আর কাল তৃতীয় টেস্ট আরও ৬ উইকেট নিয়ে আপাতত দূর করেছেন ভবিষ্যৎ শঙ্কা। কিন্তু তাঁর দল নিউজিল্যান্ডের পরাজয়ের শঙ্কা কাটেনি। প্রথম ইনিংসে কোনো উইকেটে না হারিয়ে ৬৫ রান করেছে স্বাগতিকেরা। তবে সফরকারীদের প্রথম ইনিংসের চেয়ে তারা পিছিয়ে এখনো ৪০৯ রানে!কালই প্রথম ওয়েলিংটনের আকাশটা ছিল রোদঝলমল। খেলা হয়েছে পুরো ৮৪.৪ ওভার, যার ৬৯.৪ ওভারই খেলেছে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ২৪৬ রানের সঙ্গে যোগ হয়েছে আরও ২২৮ রান। মোট রান ৯ উইকেটে ৪৭৪ হয়ে যাওয়ার পরই ইনিংস ঘোষণা করেছেন প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। সেঞ্চুরি পেয়েছেন প্রথম দিন থেকেই ব্যাট করা দুই ব্যাটসম্যান আলভিরো পিটারসেন ও জেপি ডুমিনি।৯৬ রান নিয়ে দিন শুরু করা পিটারসেনকে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র ৫ বল। ক্রিস মার্টিনের করা দিনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ২ রান নেওয়ার পরের বলেই বাউন্ডারি মেরে তিন অঙ্কে পৌঁছান এই বাঁহাতি। পরে মার্টিনের বলেই বোল্ড হওয়ার আগে ক্যারিয়ার-সর্বোচ্চ ১৫৬ রান করেছেন ৩১ বছর বয়সী পিটারসেন।পিটারসেনের সঙ্গে তৃতীয় উইকেটে ঠিক ২০০ রান যোগ করেছিলেন দুই বছর পর টেস্ট দলে ফেরা জেপি ডুমিনি। ১০৩ রান করে পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তাঁকে আউট করেই নিউজিল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন তিন বছর পর অপ্রত্যাশিতভাবে দলে ফেরা মার্ক গিলেস্পি। ১১৩ রানে ৬ উইকেট—পাঁচ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে তাঁর সেরা বোলিং।৩ উইকেটে ৩৬২, সেখান থেকে হঠাৎ করেই খেই হারিয়ে ৭ উইকেটে ৪০৪ দক্ষিণ আফ্রিকা। এরপর মার্ক বাউচার (৪৬) দুই টেলএন্ডার ভারনন ফিল্যান্ডার ও মরনে মরকেলকে নিয়ে আরও ৭০ রান যোগ করার পরেই আসে ইনিংস ঘোষণা। রয়টার্স, ওয়েবসাইট।