স্মিথের চোখে বাংলাদেশই আনপ্রেডিক্টেবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাসম্ভব ভদ্র চেহারা দিয়ে সাংবাদিকের করা ঝাঁজাল প্রশ্নটার মুখোমুখি হলেন তিনি। কে? না, সাকিব আল হাসান নন; গ্রায়েম স্মিথ!দক্ষিণ আফ্রিকা বিশাল জয় পেয়েছে। তৃপ্ত ভাব নিয়ে সংবাদ সম্মেলনে এলেন গ্রায়েম স্মিথ। পাশে আমুদে চেহারা নিয়ে ম্যাচসেরা লনওয়াবো সতসোবে। এ-কথা সে-কথার ফাঁকে এক দক্ষিণ আফ্রিকান সাংবাদিক করে বসলেন সেই প্রশ্ন, ‘গ্রায়েম আজ একটা রানআউট হয়েছে। রানআউটের হাত থেকে বেছে গেছেন কয়েকবার। কারণ কী?’স্মিথ সেটার কী উত্তর দিয়েছে, তা গৌণ। তবে ওই সাংবাদিকের প্রশ্নের মধ্যেই যেন লুকিয়ে থাকল এবারের দক্ষিণ আফ্রিকা দলের শিরোপা জয়ের প্রত্যয়। বিশাল জয়ের মধ্যেও যারা খুঁজে নেয় আত্মসমালোচনার জায়গা। স্মিথ বলেন, ‘আমাদের উন্নতি করার অনেক জায়গা আছে। সামনে এখন অনেক পথ।’দক্ষিণ আফ্রিকা অধিনায়ক যে পথের কথা বলছেন, তাতে সামনে মাত্র আর তিনটি স্টেশন। ‘মাত্র’ কিন্তু স্মিথ মনে করিয়ে দিলেন, এটাই সবচেয়ে কঠিন যাত্রা, ‘নকআউট পর্বে যাওয়া সবগুলো দলই শিরোপা জেতার জন্য মুখিয়ে থাকবে। তবে আমরা একটু অন্যভাবে এগোতে চাই। এত দূরে এখনই চোখ রাখতে চাই না। এখন পর্যন্ত আমরা প্রতিটি ম্যাচ ধরে ধরে এগিয়েছি। সেভাবেই এগোতে চাই।’ স্মিথরা আরও কিছুদিন সম্ভবত আতিথ্য নিচ্ছেন ঢাকার। তাঁদের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি এখানেই হতে পারে। স্মিথও জানালেন, ‘মনে হচ্ছে, ম্যাচটা এখানেই হবে। ওই ম্যাচের জন্যও আমরা একইভাবে প্রস্তুতি নেব—এত দিন যেভাবে নিয়েছি।’শেষ আটে প্রতিপক্ষ হিসেবে নির্দিষ্ট কোনো পছন্দও নেই তাঁর, ‘শিরোপা জিততে চাইলে আপনাকে সবগুলো দলকেই হারাতে হবে। এখানে আটটি দলই হবে সেরা। তাই কে আপনার প্রতিপক্ষ হলো এ নিয়ে নির্ঘুম রাত কাটানোর কোনো মানে হয় না।’নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে স্মিথ খুবই গম্ভীর। তবে পুরোটাই এমন ভাবগাম্ভীর্যে কাটেনি। তাতে রসের জোগানও ছিল। স্মিথ নিজে একবার জোগান দিলেন বাংলাদেশকে ৫৮ রানে অলআউট করতে চেয়েছিলেন কি না—এমন প্রশ্নের উত্তরে। স্মিথ এদিন বাংলাদেশের ক্রিকেট নিয়ে নতুন তত্ত্বও দিলেন—পাকিস্তান নয়; বাংলাদেশই এখন ক্রিকেটের সবচেয়ে ‘আনপ্রেডিক্টেবল’ দল, ‘বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধারাবাহিকতা নিয়ে আসা। তারা যত ধারাবাহিক খেলবে, ততই আত্মবিশ্বাস বাড়বে। এখন তাদের শিখতে হবে কীভাবে ম্যাচ জিততে হয়। ম্যাচ হারলে নিজের সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। তাদের এখন এই প্রশ্ন থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে।’