স্মিথের বাধা কৈশোরের নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো ক্রিকেট খেলতেন মনের আনন্দে। শখটাকে পেশা হিসেবে নেওয়ার চিন্তা মাথায় ঢোকেনি। কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্রথম সফরে আসা এক তরুণকে দেখে মাথায় ঢুকে গেল, ‘ক্রিকেটারই হতে হবে।’ প্রথম দক্ষিণ আফ্রিকায় আসা সেই তরুণ ক্রিকেটার আঠারো বছর পর রংধনুর দেশে এসেছেন সম্ভবত শেষ সফরে। আর তাঁকে আদর্শ মেনে ক্রিকেটে আসা সেদিনের সেই ১১ বছরের কিশোর পরিকল্পনা আঁটছেন স্বপ্নের নায়ককে বধ করার!দক্ষিণ আফ্রিকায় ভারতের প্রথম সফরে জোহানেসবার্গে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার। নিজ শহরের মাঠে সেই সেঞ্চুরি স্বপ্নের বীজ বুনে দিয়েছিল গ্রায়েম স্মিথের মনে, ‘একদিন আমিও...’। আঠারো বছর পর টেন্ডুলকারের ব্যাট এখন যেন আরও চওড়া। কিন্তু স্মিথেরও টেন্ডুলকার-ভক্ত থেকে উত্তরণ ঘটেছে অনেক আগেই। এবার বরং স্মিথ শৈশবের নায়কের স্বপ্নভঙ্গের কারণ হতে চান। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় কোনো সিরিজ না জিতেই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা ভারতকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় দক্ষিণ আফ্রিকা। ইচ্ছাপূরণে সবচেয়ে বড় বাধা টেন্ডুলকার। একে তো সম্ভাব্য শেষ সফর, তার ওপর দাঁড়িয়ে আছেন ইতিহাসের সামনে। নিউজিল্যান্ড সিরিজে কোনো সেঞ্চুরি না পাওয়া লিটল মাস্টার ৫০তম টেস্ট সেঞ্চুরিটা নিশ্চিতভাবেই পেতে চাইবেন এখানে।এসব জানেন বলেই ভারতীয় দলকে দেওয়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সংবর্ধনা অনুষ্ঠানে স্মিথ সরাসরিই বলে দিয়েছেন, ‘টেন্ডুলকার বিশ্বমানের খেলোয়াড় ও খেলাটার অসাধারণ একজন দূত। ছেলেবেলায় তাঁর খেলা দেখেই আমার স্বপ্ন দেখা শুরু। তাঁর ফর্ম ও অভিজ্ঞতা আমাদের সিরিজ জয়ের পথে হবে বড় বাধা। যেভাবেই হোক তাঁকে থামাতে হবে আমাদের।’ সোমবার রাতে ভারতীয় দলকে এই সংবর্ধনা দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বোর্ডের প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা স্বয়ং যেটাকে বলেছেন দক্ষিণ আফ্রিকায় কোনো সফরকারী দলকে দেওয়া ‘সবচেয়ে বড় ও জাঁকালো’ সংবর্ধনা।সংবাদমাধ্যম ইতিমধ্যে সেরা দুই টেস্ট দলের লড়াইয়ের পাশাপাশি সিরিজটাকে বলছে বিশ্বসেরা ব্যাটসম্যানের (টেন্ডুলকার) সঙ্গে বিশ্বসেরা পেসারের (ডেল স্টেইন) লড়াই। তবে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিন্তু কোনো একজনের ওপর এত নির্ভরতা মানতে চাইলেন না, ‘ক্রিকেট দলীয় খেলা, ব্যক্তিগত নয়। আমরা জানি, ভারতীয় দলে এখন অনেক প্রতিভা। আমাদের সব মনোযোগ এখন কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানো ও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার দিকে।’ নিজেদের সত্যিই র্যাঙ্কিং-শীর্ষ দল প্রমাণে মরিয়া ভারত এবার আটঘাট বেঁধেই নামছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দলের ক্রিকেটাররা আগেভাগেই চলে গেছেন দক্ষিণ আফ্রিকায়। প্রস্তুতিও হচ্ছে নিবিড়।তবে সিরিজ শুরুর আগেই বড় একটা শঙ্কা ঘিরে ধরেছে ভারতকে। আগামীকাল সেঞ্চুরিয়নে শুরু প্রথম টেস্টে সংশয় আছে বোলিং আক্রমণের মূল অস্ত্র জহির খানকে নিয়ে। বাঁহাতি পেসারের সমস্যাটা কুঁচকিতে না হ্যামস্ট্রিংয়ে—এ নিয়ে একটা ধোঁয়াশা আছে। দক্ষিণ আফ্রিকা দলে এমন কোনো সমস্যা নেই। টেস্ট শুরুর তিন দিন আগেই তাই ১২ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে স্বাগতিক দল। তৃতীয় পেসারের জায়গা নিয়ে লড়াই হবে লোনওয়াবে তোতসোবে ও রায়ান ম্যাকলারেনের। আর চার পেসার খেলালে বাইরে থাকবেন বাঁহাতি স্পিনার পল হ্যারিস। ওয়েবসাইট।