স্মিথের ব্যাটে লড়ছে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেড টেস্টে লড়াইটা যেন দুই দলের অধিনায়কেরই হচ্ছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের ইতিহাস-গড়া দ্বিশতকটির পর এবার দক্ষিণ আফ্রিকার ভরসা হয়ে উঠেছেন গ্রায়েম স্মিথ। ১১১ রানের হার না মানা ইনিংস খেলে আজ টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছেন প্রোটিয়া অধিনায়ক। স্মিথের ২৬তম টেস্ট শতকটির ওপর ভর করে লড়াইটাও ভালোভাবেই চালিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৫৫০ রানের জবাবে দিনের খেলা শেষে প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ২১৭ রান।গতকাল অ্যাডিলেড টেস্টের প্রথম দিনেই ইতিহাস-গড়া দ্বিশতকটি পূর্ণ করেন মাইকেল ক্লার্ক। টেস্ট ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে চারটি দ্বিশতক করার অনন্য রেকর্ড গড়েন অসি অধিনায়ক। আজ দ্বিতীয় দিনে অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। দিনের ষষ্ঠ ওভারেই তাঁকে সাজঘরমুখী করেন মরনে মরকেল। এরপর ম্যাথু ওয়েড ও বেন হিলফেনহসের উইকেটও তুলে নেন এই প্রোটিয়া পেসার। শেষের দিকে জেমস প্যাটিনসনের ৩৫ বলে ৪২ রানের ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ৫৫০ রান যোগ করে অলআউট হয় স্বাগতিক অস্ট্রেলিয়া।জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করেছিল দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতেই ১৩৮ রান যোগ করে দলকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন গ্রায়েম স্মিথ ও অ্যালভাইরো পিটারসেন। ৪২তম ওভারে দুর্ভাগ্যজনকভাবে রানআউটের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। কয়েক ওভার পর হাশিম আমলাও ধরেন সাজঘরের পথ। দিনের বাকিটা সময় অবশ্য নির্বিঘ্নেই পার করেছেন স্মিথ ও জ্যাক রুডলফ। তৃতীয় উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান।