স্মিথের ব্যাটে সওয়ার অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের যখন দরকার ঠিক তখনই সেঞ্চুরিটা এল তাঁর ব্যাট থেকে। কাল পার্থে স্টিভেন স্মিথের (বাঁয়ে) উদ্যাপনই বলে দিচ্ছে, ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা অনেক দিন মনে রাখবেন। যাঁকে চার মেরে সেঞ্চুরি করেছেন সেই ইংলিশ বোলার বেন স্টোকসের মুখে হতাশা  রয়টার্স
দলের যখন দরকার ঠিক তখনই সেঞ্চুরিটা এল তাঁর ব্যাট থেকে। কাল পার্থে স্টিভেন স্মিথের (বাঁয়ে) উদ্যাপনই বলে দিচ্ছে, ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা অনেক দিন মনে রাখবেন। যাঁকে চার মেরে সেঞ্চুরি করেছেন সেই ইংলিশ বোলার বেন স্টোকসের মুখে হতাশা রয়টার্স

উইকেট দ্রুতগতির, রানও ওঠে দ্রুত। ওয়াকার উইকেটের চিরায়ত চরিত্রের প্রতিফলনই পড়ছিল স্কোরবোর্ডে। রান উঠছিল ওয়ানডের গতিতে, উইকেট পড়ছিল নিয়মিত বিরতিতে। খেলাটা যেহেতু টেস্ট ক্রিকেট, তাই রানের গতি নয়, উইকেট হারানোর গতিতে ভ্রু কুঁচকে গিয়েছিল ড্যারেন লেম্যানের। দিন শেষে অস্ট্রেলিয়ান কোচের মুখে চওড়া হাসি, অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে স্বস্তি। স্বস্তির হাওয়া বইয়ে দিল যাঁর ব্যাট, তিনি তখন ব্যাট উঁচিয়ে দর্শকের অভিনন্দনের জবাব দিচ্ছিলেন ড্রেসিংরুমে ফেরার পথে। স্টিভেন স্মিথ!

এই ইনিংসটা পাওনাই ছিল স্মিথের কাছে। গত অ্যাশেজ শেষ করেছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরি করে। দেশের মাটিতে কোথায় সেখান থেকেই শুরু করবেন, প্রথম দুই টেস্টে করলেন ৩১, ০, ৬, ২৩। মিডল অর্ডারে যে জায়গাটা শক্ত হাতে ধরছিলেন, সেটা আবারও হয়ে গিয়েছিল আলগা। কাল এমন শক্ত করে ধরলেন যে এবার আলগা হতে সময় লাগবে। সেঞ্চুরিটা করলেন যে দলের ভীষণ প্রয়োজনের সময়! উদ্যাপনটাও তাই হলো দেখার মতো, লাফিয়ে ছুঁতে চাইলেন আকাশ!

যখন উইকেটে যান, দল হারিয়েছে অধিনায়ক ও সবচেয়ে বড় ভরসাকে। অন্যপ্রান্তে দাঁড়িয়ে দেখলেন ডেভিড ওয়ার্নার ও জর্জ বেইলির বিদায়। তখন ১৪০ রান তুলেছে দল ওভারপ্রতি সাড়ে চার করে, কিন্তু উইকেট নেই ৫টি! টস জিতে ব্যাটিংয়ে নামা দল দুই শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায়। বাঁচা-মরার টেস্টে টগবগ করে ফুটছিল ইংল্যান্ড। আস্তে আস্তে ফুটতে থাকা ইংলিশদের মিইয়ে দিলেন স্মিথ, সঙ্গী ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা ব্র্যাড হাডিন। রানের গতির সঙ্গে খুব একটা আপস না করেই শতরানের জুটি।

উইকেট গতিময়, কিন্তু বাউন্স সমান ও বল ব্যাটে আসে বলে ব্যাটিংয়ের জন্য দারুণ। অথচ একের পর এক আত্মঘাতী আউটে ডুবতে বসেছিল অস্ট্রেলিয়া। অ্যান্ডারসনকে টানা দুটি চার মারার পর অযথা রান চুরি করতে গিয়ে রানআউট ক্রিস রজার্স। উইকেট ছুড়ে এসেছেন ওয়াটসন ও বেইলি। শততম টেস্টে মাইকেল ক্লার্কের ক্যাচ নিয়েছেন আরেক সেঞ্চুরিয়ান অ্যালিস্টার কুক। ফিফটির পর উইকেট উপহার দিয়ে ফিরেছেন ওয়ার্নারও। স্মিথ-হাডিনের যুগলবন্দী ঝংকার তুলতে থাকল তখনই। টানা চার ফিফটির পর যখন ফিরছেন হাডিন, ১২৪ রানের জুটিতে খাদের কিনারা থেকে অস্ট্রেলিয়া স্বস্তির দূরত্বে। হতাশ ইংলিশদের মনোবল আরও পিষে দিল অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে স্মিথ-জনসনের ৬৭ রান। হতাশাটা নিশ্চিত আরও দীর্ঘায়িত হয়েছে, যখন দিন শেষে ইংলিশরা ভেবেছে, কী একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল! তথ্যসূত্র: ওয়েবসাইট, স্টার স্পোর্টস ওয়ান।