স্মিথের শীর্ষে ফেরার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করবেন গ্রায়েম স্মিথ—এ খবরটাই ছড়িয়ে দিল গুজবের ডালপালা। ওয়ানডে আর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন, এবার নাকি টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা আসছে! বিল্ড পত্রিকা তো নতুন অধিনায়কের নামও ছেপে দিল—সব ধরনের ক্রিকেটে অধিনায়ক হয়ে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স।কাল জোহানেসবার্গের স্যান্ডটন হোটেলে সবার ভুল ভাঙালেন স্মিথ। সংবাদ সম্মেলন ঠিকই হলো, কিন্তু টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা এল না। বরং টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে কীভাবে আরও ওপরে ওঠানো যায়, সেটাই নাকি স্মিথের চিন্তা। টেস্ট অধিনায়ক হিসেবে স্মিথের আপাত লক্ষ্য ভারতকে সরিয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ওঠা। ১২৮ রেটিং নিয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে এখন ভারত (৫৩৫৭ পয়েন্ট), ১১৭ রেটিং নিয়ে এর পরই আছে দক্ষিণ আফ্রিকা (৪২২৮ পয়েন্ট)।‘প্রোটিয়াদের নিয়ে আমি খুবই আশাবাদী। টেস্ট র্যাংকিংয়ের এক নম্বরে ওঠার জন্য আমরা ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছি’—বলেছেন স্মিথ। দক্ষিণ আফ্রিকা দলের নতুন কোচের নাম ঘোষণার কথা আজই। স্মিথ আছেন সেই অপেক্ষায়, ‘নতুন কোচের নাম ঘোষণার পর তাঁর সঙ্গে বসে একটা পরিকল্পনা ঠিক করব, সেই পরিকল্পনা অনুযায়ীই তিনি আমার খেলাটাকে আবার সেরা অবস্থায় নিয়ে আসবেন।’ ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কারস্টেনই হচ্ছেন দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রধান কোচ, নিউজিল্যান্ডকে ‘না’ বলে দিয়ে বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড—এমনটাই খবর।বিশ্বকাপের পর আইপিএলও ভালো যায়নি স্মিথের। বিশ্বকাপ থেকে দলের সঙ্গে দেশে না ফেরায়ও পড়েছিলেন বিতর্কের মধ্যে। এসবের ব্যাখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক, ‘আমি ক্ষমা চাচ্ছি...এর কোনো অজুহাত নেই। তবে আমি চাই, দক্ষিণ আফ্রিকান সমর্থকেরা সমস্যাটা বুঝুক। আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আর বিশ্বকাপের আগেই ব্যক্তিগত কাজে আয়ারল্যান্ড যাওয়ার অনুমতি নিয়ে রেখেছিলাম।’আইপিএল থেকে তাঁর আগেভাগে চলে আসাটাকে অনেকে বলেছেন, তাঁকে নিয়ে এক চিয়ারলিডারের টুইটের প্রতিক্রিয়া। কিন্তু স্মিথ বলছেন, হাঁটুর ইনজুরির কথা, ‘হাঁটুর ইনজুরির কারণে আইপিএল পুরো খেলতে পারিনি। যতটুকু ভাবা হয়েছিল, ইনজুরিটা তার চেয়েও বেশি।’ ওয়েবসাইট