স্মিথের সামনে অনন্য গৌরবের হাতছানি
দেশের হয়ে শততম টেস্ট খেলতে পারার অনুভূতি নিশ্চয় অন্য রকম। উদ্যাপন করার মতোই একটা ব্যাপার। আজ ওভালে এমনই এক অনুভূতির আস্বাদ পেতে যাচ্ছেন প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। তবে নিজের শততম টেস্ট ম্যাচের আনন্দ উদ্যাপনটা তিনি তুলে রাখবেন দলের ভালো পারফরম্যান্সের অপেক্ষায়। সফরের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডের বিপক্ষে ভালো করে, তবেই তিনি উদ্যাপন করবেন নিজের এই অনন্য অর্জন।এর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে দুবার ইংল্যান্ড সফর করেন গ্রায়েম স্মিথ। ২০০৩ ও ২০০৮ সালের ওই দুই সফরের চেয়ে এবারের পরিস্থিতি একেবারেই আলাদা। এবার ইংল্যান্ডকে পেছনে ফেলতে পারলেই টেস্ট ক্রিকেটের শীর্ষস্থানটা নিজেদের করে নিতে পারবে দক্ষিণ আফ্রিকা।টেস্ট ক্রিকেটে নিজেদের শীর্ষে তুলে ধরার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই গ্রায়েম স্মিথের কাছে। নিজের শততম টেস্ট ম্যাচের গৌরবও এখানে গৌণ হয়ে উঠেছে। স্মিথ নিজেও বলেছেন, ‘শততম টেস্ট ম্যাচ খেলতে পারাটা যথেষ্ট গৌরবের। কিন্তু এটা নিয়ে ভাবব টেস্ট সিরিজের পর।’ ‘শততম টেস্ট খেলাটা সবার ভাগ্যে জোটে না। এটা অবশ্যই বিরাট ব্যাপার। কিন্তু এর চেয়ে বড় ব্যাপার আছে এই মুহূর্তে। সেটা হলো মাঠের ক্রিকেট।’ গ্রায়েম স্মিথের মন্তব্য।গত বিশ্বকাপের পর ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করে গেলেও তিনি আপাতত লো-প্রোফাইলেই বন্দী রেখেছেন নিজেকে। তবে গ্যারি কারস্টেন দলের কোচ হওয়ার পর অধিনায়কত্ব নিয়ে তাঁর মধ্যে যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, সেটা স্বীকার করেছেন স্মিথ, ‘গ্যারি কারস্টেনের নেতৃত্বাধীন নতুন কোচিং স্টাফের অধীনে অধিনায়কত্ব নিয়ে আমার মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তাঁরা আমাকে আমার কাজটা ঠিকমতো করার ব্যাপারে যথেষ্ট উত্সাহ-উদ্দীপনা জুগিয়ে যাচ্ছেন।’স্মিথ বলেন, ‘আমি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়কত্ব করছি ১০ বছর হতে চলল। সম্ভবত, আমিই ক্রিকেট-বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার চাপের মধ্য দিয়ে চলেছি।’ সত্যিই, একজন ক্রিকেটারের ক্যারিয়ারে দীর্ঘ সময় ধরে অধিনায়কত্ব করাটা বিরাট চাপের ব্যাপার।এর আগে যে দুটো সিরিজে ইংল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ, ঘটনাচক্রে সেই দুই সিরিজের পরপরই ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে সরে দাঁড়াতে হয়েছিল ইংলিশ অধিনায়কদের। ২০০৩ সালে নাসের হুসেইন এবং ২০০৮ সালে মাইকেল ভনের অধিনায়কত্বের ইতি ঘটেছিল প্রোটিয়াদের বিপক্ষেই। এবারও কি অ্যান্ড্রু স্ট্রাউসের ভাগ্যে তেমনই কিছু ঘটতে যাচ্ছে? ব্যাপারটি কাকতালীয় উল্লেখ করে স্মিথ বলেছেন, ‘কোনো অধিনায়কের চাকরি খেয়ে ফেলাটা আমাদের লক্ষ্য নয়। আমরা এখানে এসেছি ভালো ক্রিকেট খেলতে, আর আমরা সেটাই করতে চাই।’ নাসের হুসেইন ও মাইকেল ভন—দুজনই তাঁর কাছে সম্মানের পাত্র উল্লেখ করে স্মিথ বলেন, ‘আমি অবশ্যই চাই না অ্যান্ড্রু স্ট্রাউসের তেমন কিছু হোক।’ এ ব্যাপারে স্মিথের অভিমত, ‘আমার মনে হয়, আগের দুটো সিরিজেও আমরা ঠিক সময়ে এসে সঠিক পারফরম্যান্সই মাঠে ঢেলে দিয়েছিলাম।’ তিনি বলেন, ‘নাসের হুসেইন ও মাইকেল ভন অধিনায়কত্ব হারিয়েছিলেন আমাদের ভালো পারফরম্যান্সের কারণেই।’ এবারও তেমন কিছুই করতে চান স্মিথ। তবে অ্যান্ড্রু স্ট্রাউসের পরিণতি নাসের হুসেইন ও মাইকেল ভনের মতো হলে তিনি যে খুশি হবেন না, সেটা জানাতে ভোলেননি স্প্রিংবক অধিনায়ক। ওয়েবসাইট।