স্মিথের সেঞ্চুরিতে ভেলা ভাসাল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ভর করে ৩২৬ রানের লড়াকু সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া।
স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ভর করে ৩২৬ রানের লড়াকু সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া।

ভস্মাধারটা অস্ট্রেলিয়ার হাতে আগেই তুলে দিয়েছে ইংল্যান্ড। এখন সিরিজের শেষ ম্যাচটা তাদের জন্য পরিণত হয়েছে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লড়াইয়ে। ব্রিসবেনের প্রথম টেস্টটার মতো শেষ ম্যাচটাতেও শুরুটা ভালোভাবেই করেছিল অ্যালিস্টার কুকের দল। মাত্র ৯৭ রানেই তুলে নিয়েছিল অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট। কিন্তু সেই ব্রিসবেনের মতোই আজ অস্ট্রেলিয়াকে উদ্ধার করলেন ব্র্যাড হাডিন। অবশ্য প্রথম দিন শেষে আসল নায়ক স্টিভেন স্মিথ। হাডিনের ৭৫ আর স্মিথের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া পেয়েছে ভালো সংগ্রহই।
ভালো শুরুর পরও দিনের শেষভাগে ইংলিশ ক্রিকেটারদের মনে মিশে থাকল ‘কী ছিল, কী হয়ে গেল’ ধরনের আক্ষেপ। ষষ্ঠ উইকেটে হাডিন আর স্মিথের গড়া ১২৮ রানের জুটিটার সুবাদে প্রথম ইনিংস শেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়েছে ৩২৬ রান। ১১৫ রানের চমত্কার ইনিংস খেলে দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন স্মিথ। ইংল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করে ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ছয় উইকেট শিকার করেছেন তরুণ ইংলিশ পেসার বেন স্টোকস। ১ উইকেটে ৮ রান নিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড। চতুর্থ ওভারেই জনসনের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন মাইকেল কারবেরি।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক কুক। এ সিদ্ধান্তের যথার্থতা প্রমাণও করেছিলেন ইংলিশ পেসাররা। প্রথম ৩০ ওভারের মধ্যে মাত্র ৯৭ রানেই তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ব্যাটসম্যান—ডেভিড ওয়ার্নার (১৬), ক্রিস রজার্স (১১), মাইকেল ক্লার্ক (১০), শেন ওয়াটসন (৪৩) ও জর্জ বেইলির (১) উইকেট। স্টোকস আর ব্রড দুটো করে উইকেট নিয়ে শুরুতেই দিলেন বড় ধাক্কা।
কিন্তু ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়ে ধাক্কাটা ভালোভাবেই সামলে নেন হাডিন ও স্মিথ। দলীয় ২২৫ রানের মাথায় হাডিন সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন স্মিথ। সপ্তম ও অষ্টম উইকেটে মিচেল জনসন ও রায়ান গ্যারিসকে সঙ্গী করে স্কোরবোর্ডে যোগ করেছেন ১০০ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতকটিও পূর্ণ করেছেন স্মিথ। অস্ট্রেলিয়ার ডুবন্ত ভেলাটি ভাসিয়ে রেখেছেন স্মিথই।
অস্ট্রেলিয়ার সংগ্রহটা আরও বড় হতে পারত। ৭ উইকেটে ৩২৫ থেকে মাত্র এক রান যোগ করতেই শেষ হয়ে গেছে শেষ তিনটি উইকেট। পর পর দুই বলে হ্যারিস ও সিডলকে ফিরিয়ে হ্যাটট্রিকের সামনেও দাঁড়িয়েছিলেন স্টোকস। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও ওই ওভারের শেষ বলে স্মিথকেও তুলে নেন। ৯৯ রানে ৬ উইকেট তাঁর ক্যারিয়ার সেরা বোলিং।