স্মিথের স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার বাবার হওয়ার মুহূর্তটি প্রায় সবার কাছেই জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। এটির সঙ্গে পরিচিত হতে আর দিন তিনেকের অপেক্ষা। কিন্তু সেই রোমাঞ্চে ডুবে থাকার জো নেই গ্রায়েম স্মিথের। নিজের শততম টেস্ট, দলের সামনে এক নম্বরের হাতছানি। স্মিথ ডুবে রইলেন ক্রিকেটে। ক্রিকেটও ফেরাল না তাঁকে। বাবা হওয়ার ঠিক আগে আরেকটি স্মরণীয় মুহূর্ত এল দক্ষিণ আফ্রিকার অধিনায়কের জীবনে। শততম টেস্টে সেঞ্চুরি, স্মিথ নিজে বলছেন, ‘স্বপ্ন পূরণ!’ইতিহাসের মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরি করছেন স্মিথ। ওভাল টেস্ট শেষেই দেশে উড়ে যাবেন সন্তানসম্ভবা স্ত্রী আইরিশ পপস্টার মরগান ডিয়ানের পাশে থাকার জন্য। বাবা হওয়ার রোমাঞ্চটা হয়তো ঘিরে ধরবে তখন, আপাতত স্মিথ রোমাঞ্চিত নিজের অর্জনে, ‘এখনো হজম করতে পারছি না, হয়তো আরও দু-একদিন লাগবে। মনে হচ্ছে পুরোটাই অবাস্তব। অনেক ভাবনা, অনেক আবেগ ঘিরে ধরেছে আমাকে। ১০০ টেস্ট খেলতে পারাটাই অসাধারণ এক অর্জন। সেই ম্যাচে সেঞ্চুরি তো সোনায় সোহাগা। যেন স্বপ্নপূরণ হলো।’ইনিংসটা যেভাবে এগিয়ে নিয়েছেন, সেঞ্চুরিটা তাতে আরও ‘বিশেষ’ হয়ে ওঠে। শুরু থেকেই লড়াই করতে হয়েছে নিজের সঙ্গে। টাইমিং হচ্ছিল না, ইংলিশরা আটকে দিয়েছিল তাঁর শক্তির জায়গাগুলো। অসংখ্যবার বল ব্যাটের কানা নিতে নিতেও নেয়নি। সোয়ানের বলে বেশ কবার বেঁচে গেছেন অল্পের জন্য। তবে হাল ছাড়েননি, পড়ে থেকেছেন মাটি কামড়ে। ১৬০ বলে ছুঁয়েছেন প্রথম পঞ্চাশ, তাঁর ক্যারিয়ারের মন্থরতম ফিফটি। পরের ফিফটি ছুঁতে লেগেছে মাত্র ৪১ বল। কাজটা কতটা কঠিন ছিল, দিন শেষে বলছিলেন স্মিথ, ‘এটা ছিল শক্তি আর সামর্থ্যের লড়াই। রান করার সুযোগই দিচ্ছিল না ওরা। প্রলুব্ধ করে যাচ্ছিল ভুল করতে। একটা পর্যায়ে সোয়ানের বলে যখন বারবার পরাস্ত হচ্ছিলাম, সেঞ্চুরিটাকে মনে হচ্ছিল বহুদূরের পথ। তবে কঠিন মনোযোগে সেই সময়টা পার করে দেওয়ার পর আর সমস্যা হয়নি। অবাস্তব মনে হতে থাকা সেঞ্চুরিটাই একসময় বাস্তব হলো!’টেস্ট সেঞ্চুরি হয়ে গেল ২৫টি। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান (৭৫৬৭) ও সেঞ্চুরির (২২) রেকর্ড তো আগে থেকেই দখলে। ক্যারিয়ারে আরও কত কীর্তি! কিন্তু সময়-পরিস্থিতি-পারিপার্শ্বিকতা সব মিলিয়ে এই সেঞ্চুরিটার উচ্ছ্বাসের কাছে ম্লান যেন আর সবকিছুই, ‘সেঞ্চুরিটা ছোঁয়ার পর এত সব আবেগ ঘিরে ধরল; সোয়ানের সঙ্গে ওই স্নায়ুর লড়াই থেকে দিন তিনেকের মধ্যে আমার স্ত্রীর সন্তান জন্ম দেওয়া—সবকিছু মাথায় ঘুরপাক খাচ্ছিল। সেঞ্চুরিটা কীভাবে উদ্যাপন করেছি, সেটাও এখন বলতে পারব না। আর স্মৃতিতে ওই সময়টা একটা ফাঁকা মুহূর্ত।’ রোমাঞ্চের তীব্রতাটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তবে কাজ এখনো খানিকটা বাকি। নিজের সেঞ্চুরির সঙ্গে যদি দলের জয়টাও যোগ হয়, প্রথম সন্তানের মুহূর্তটাও স্মরণীয় করে রাখার জন্য আর কী প্রয়োজন! ওয়েবসাইট।