স্মৃতি খুঁজে ফেরা মিলনমেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্তর দশকের শুরুর কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠের এক পাশে লংজাম্প অনুশীলন করতেন শামীমা সাত্তার মিমু, সুলতানা কামালরা। পাশেই ফুটবল খেলতেন কবির আহমেদ। নিজেদের অনুশীলন ফেলে শামীমা প্রায়ই তাকিয়ে তাকিয়ে দেখতেন কবির আহমেদের বাঁ পায়ের জাদু। প্রায় ৩০ বছর পর ফুটবলার কবির আহমেদের সঙ্গে দেখা সাবেক অ্যাথলেট শামীমার। আর সাবেক ক্রিকেটার আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে ক্রিকেট খেলেছেন বশীর আহমেদ। খেলোয়াড়ি জীবন শেষ হলেও দুজনের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু গত ১০ বছর বশীর আহমেদের সঙ্গে যোগাযোগই ছিল না আলতাফ হোসেনের। পুরান ঢাকার দুই খেলোয়াড় আবারও মুখোমুখি হলেন কাল, ফিরে গেলেন পুরোনো দিনের স্মৃতিচারণায়। গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার কাল এমনি করে এক ছাদের নিচে নিয়ে এসেছিল ক্রীড়াঙ্গনের অতীত আর বর্তমানকে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক কর্মকর্তা আখতার হোসেনের দেখা পেয়ে দারুণ উচ্ছ্বসিত সাবেক শ্যুটার সাইফুল আলম রিংকি। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকের দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাওয়া আখতার হোসেন খানের সঙ্গে কালই প্রথম দেখা হলো সাফ গেমস ও সাফ শ্যুটিংয়ে সোনাজয়ী শ্যুটারের। উচ্ছ্বসিত রিংকি বললেন, ‘অনেক দিন ধরে আখতার ভাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু পাইনি। কী যে ভালো লাগছে!’হাতে চায়ের কাপ। রূপসী বাংলা হোটেলের সুইমিংপুলের পাশে খোশমেজাজে আড্ডা দিচ্ছিলেন ক্রিকেট-ব্যক্তিত্ব জালাল আহমেদ চৌধুরী, অ্যাথলেটিকস কোচ নজরুল ইসলাম রুমি ও সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু। গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বিচারকের সুবাদে প্রতিবারই অনুষ্ঠানে আসা হয় গোলাম সারোয়ারের। পুরোনো দিনের বন্ধুদের দেখা পেয়ে অভিভূত গোলাম সারোয়ার, ‘এ অনুষ্ঠানের আসল আকর্ষণই হলো এই মিলনমেলা। আমি এটা দারুণ উপভোগ করি।’ জালাল আহমেদের কথা, ‘এমন অনুষ্ঠানের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি।’২০০৯ বর্ষসেরা নারী ক্রীড়াবিদ সাঁতারু ববিতাকে দেখে আফসোস করছিলেন সাবেক সাঁতারু লায়লা নূর, ‘আমাদের সময়ে কেন যে এমন অনুষ্ঠান হতো না। সত্যিই আমার আফসোস হচ্ছে।’ টেবিল টেনিস তারকা মাহবুব বিল্লাহ এ অনুষ্ঠানে আসার জন্য উন্মুখ হয়ে ছিলেন, ‘আগে থেকেই দিন গুনতাম কবে এ অনুষ্ঠান হবে। আমি প্রতিবারই আসি। প্রতিবারই আসব।’ ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন এনায়েতউল্লাহ খানের অপেক্ষা পুরস্কার জেতার, ‘ক্রীড়াবিদদের এমন অনুষ্ঠান দেখে আমি খুব অভিভূত। অপেক্ষায় আছি কবে আমি পাব।’ মাঝে দুই বছর বিরতির পর একসঙ্গে তিন বছরের পুরস্কার দেওয়া হয়েছে এবার। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু এই বিরতিটা ঠিক মানতে পারছেন না, ‘আমি মোহামেডানে কবির ভাইয়ের সঙ্গে খেলেছি। ওনার সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে খুবই ভালো লাগল। এ অনুষ্ঠানের আসলেই একটা ছন্দ আছে। এটা তাই প্রতিবছরই করা উচিত।’খেলোয়াড়-সংগঠকদের এই মিলনমেলায় এসেছিলেন সাবেক ক্রিকেটার রাইসউদ্দিন আহমেদ, রকিবুল হাসান, এ এস এম ফারুক, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, ফারুক আহমেদ, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, সাবেক ফুটবলার জহিরুল হক, মোহাম্মদ কায়কোবাদ, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ইমতিয়াজ সুলতান জনি, শেখ মোহাম্মদ আসলাম, রুম্মন বিন ওয়ালী সাব্বির, শফিকুল ইসলাম মানিক, সত্যজিৎ দাস রুপু, ছাইদ হাসান কানন, সাইফুল বারী টিটু, আরিফ খান জয়, আমিনুল হক, নজরুল ইসলাম, মোহাম্মদ সুজন, জাহিদ হাসান এমিলি, মামুনুল ইসলাম, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, বক্সার আবদুল হালিম, মোশারফ হোসেন, সাবেক অ্যাথলেট ডলি ক্রুজ, কামরুন্নাহার ডানা, কামরুন্নাহার হীরু, কাবাডির আবদুল জলিল, জিয়াউর রহমান—এ রকম ক্রীড়াঙ্গনের অসংখ্য প্রিয় মুখ। আড়াই ঘণ্টার অনুষ্ঠান শেষে পুরোনো দিনের স্মৃতি হাতড়াতে হাতড়াতেই তাঁরা ফিরলেন যে যাঁর ঘরে।