স্মৃতি-জাগানিয়া উৎসবের রাত
ম্যানেজার গাজী আশরাফ হোসেন একটু বিব্রত। তখনো দুজন খেলোয়াড় অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি বলে কপট রাগ করলেন, ‘কেন যে ওরা টাইম মেনটেইন করে না!’বর্তমান পরিচয় বিসিবির পরিচালক। কিন্তু পরশু রূপসী বাংলা হোটেলে ১৯৯৭ আইসিসি ট্রফিজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যেন আবার সেই দলের ম্যানেজার। সংবর্ধনা অনুষ্ঠান যে চোখের সামনে হাজারো স্মৃতির নাচনে তাঁকে ফিরিয়ে নিয়ে গেছে ১৫ বছর আগে।শুধু গাজী আশরাফ কেন, এক ছাদের নিচে বীরদের এই মিলনমেলা নস্টালজিক করেনি কাকে! উইন্টার গার্ডেনে ঢোকার মুখে দুই পাশে সেই আইসিসি ট্রফির সময়কার ছবি। হলরুমেও যেদিকে তাকানো যায়, স্মৃতির কোলাজ। পেসার সাইফুল ইসলামের মনে পড়ল, ট্রফি জয়ের রাতে উদ্দাম উল্লাসের পরিণতি, ‘সকালে ঘুম ভাঙার পর দেখি আমি লিফটের সামনে শুয়ে আছি!’ শুধু এই অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া থেকে উড়ে এসেছেন ওই দলের সহ-অধিনায়ক আমিনুল ইসলাম। অনুষ্ঠানস্থলে এসে তিনি শিহরিত, ‘এখানে এসে আবারও মনে হচ্ছে ১৫ বছর আগে একটা কিছু করেছিলাম। এর আগে অভিষেক টেস্ট খেলা খেলোয়াড়দের সংবর্ধনায় গিয়েও এটা মনে হয়েছিল। এমন একটা আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ।’বিসিবি ধন্যবাদ পেয়েছে সব বীর ক্রিকেটার এবং তাঁদের পরিবারের সবার কাছ থেকেও। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও অভিনেত্রী আফসানা মিমির উপস্থাপনায় বর্ণাঢ্য অনুষ্ঠানটিতে বীর ক্রিকেটারদের সঙ্গে মঞ্চে তোলা হয় তাঁদের পরিবারের সদস্যদের। নাঈমুর রহমানের মা সেই মঞ্চে দাঁড়িয়ে বললেন, ‘লিপু (গাজী আশরাফ) আমাকে ফোন করে বলেছিল, ওদের জন্য দোয়া করতে। আমি নামাজ পড়ে দোয়া করেছি, ওরা যেন জিতে আসে। সেই দোয়া আমি এখনো করি...এখন যারা খেলছে তাদের জন্য।’অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সারিতে বর্তমান জাতীয় দলের অনেক ক্রিকেটারই ছিলেন। তবে এই রাতে আলোটা বর্তমানদের চেয়ে সাবেকদের ওপরই বেশি থাকল। তবে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে বর্তমান ক্রিকেটাররা মঞ্চে উঠে আলো বাড়ালেন অনুষ্ঠানের। বর্তমান যোগাযোগমন্ত্রী ও ওই সময়ের ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের বীরদের হাতে তুলে দিয়েছেন স্মৃতির স্মারক, বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলমের হাত থেকে খেলোয়াড়েরা নিলেন পাঁচ লাখ টাকার চেক। মুশফিকসহ অন্য বর্তমান ক্রিকেটাররা অগ্রজদের দিলেন সেই দলের একটা করে গ্রুপ ছবি।ছবিতে যে ব্লেজার পরে ছিলেন আকরাম খান-আতহার আলীরা, সেটা এখনো পরতে পারছেন কেবল সাইফুলই। অনুষ্ঠানে সেই স্মৃতিময় ব্লেজার পরে এসে সাইফুল রসিকতার ছলে দাবি করলেন, ‘দেখেন, একমাত্র আমিই ফিট আছি।’ ফিটনেস প্রসঙ্গটা মঞ্চে অন্যভাবেও এল। জাভেদ ওমর মঞ্চে গেলে সঞ্চালক হাবিবুল জানতে চাইলেন, ‘তোমার বয়স নিয়ে সবার মনেই প্রশ্ন। আসলে বয়সটা কত?’ জাভেদ রহস্য ভাঙলেন না, ‘আমার বয়স কত, সেটা নিয়ে আমিও কনফিউজড।’ মঞ্চে যে ক্রিকেটারই গেছেন, তাঁকে নয়তো তাঁর পরিবারের সদস্যদের এ রকম মজার মজার প্রশ্ন করেছেন হাবিবুল ও বর্তমান ক্রিকেটাররা।সমাপনী বক্তব্যে বিসিবির সভাপতি মুস্তফা কামাল বললেন, ‘এই অনুষ্ঠান কেবল চেক আর স্মারক প্রদানের উপলক্ষ নয়। বাংলাদেশের আজকের ক্রিকেট যে এই বীরদের রচিত ভিতের ওপর দাঁড়িয়ে, সবাইকে সেটা আরেকবার মনে করিয়ে দেওয়াই এর মূল উদ্দেশ্য।’ বিসিবি সেটা এতটাই ভালোভাবে পারল যে, আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক আকরাম খানের কণ্ঠ কৃতজ্ঞতায় বাষ্পরুদ্ধ হলো, ‘বিসিবি যে এত জমকালো অনুষ্ঠান করবে, আমি কল্পনাও করতে পারিনি। আইসিসি ট্রফি জয়ের পর যে রকম আনন্দ লেগেছিল, আজও সে রকমই লাগছে।’