স্মৃতি নিয়ে বেঁচে আছে কুমিল্লার ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচিতি পর্ব শেষে দুদলের খেলোয়াড়দের গ্রুপ ছবি তুলতে জড়ো করলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল। তাঁকে মধ্যমণি করে একসঙ্গে জ্বলে উঠল তিন-চারটি ক্যামেরার ফ্ল্যাশ। কয়েক দিনের মধ্যেই হয়তো এ ছবিটি ফ্রেমবন্দী হয়ে ঝুলতে থাকবে জেলা ক্রীড়া সংস্থার অফিসে।ভবিষ্যতে ফ্রেমবন্দী ছবিটায় একসময় হয়তো ঘুণ ধরবে। তবে ছবি হওয়ার সময়টি অর্থাৎ কালকের দিনটা একটা উৎসবের মতোই ধরা থাকল। কুমিল্লা স্টেডিয়ামে কাল প্রীতি ম্যাচে পাকিস্তানের সাবেক আম্পায়ারদের কাছে বাংলাদেশের আম্পায়ার একাদশ ৯ উইকেটে হেরে গেছে। জয়-পরাজয় ছাপিয়ে প্রীতি ম্যাচটি কয়েক ঘণ্টার জন্য হলেও চাঞ্চল্য ফিরিয়ে দিল কুমিল্লার ক্রিকেটকে। এটা অন্তত বোঝা গেল, বয়োবৃদ্ধ ক্রিকেট শহরের জীর্ণ শরীরে টিম টিম করে হলেও হূৎস্পন্দনটা আছে।ঢাকার খুব কাছের এই শহরের ক্রিকেট লিগ একসময় ছিল জমজমাট, জাতীয় পর্যায়ের তারকা ক্রিকেটারদের ‘খেপ’ খেলার লোভনীয় জায়গা। ঢাকায় খেলতে আসা বিদেশি ক্রিকেটাররাও সুযোগ পেলে ঢুঁ মেরে গেছেন রসমালাই আর খাদি পাঞ্জাবির শহরে। বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক আম্পায়ার সয়লাব হোসেন কাল কুমিল্লা স্টেডিয়ামে বসে হারানো দিনের স্মৃতি রোমন্থন করলেন, ‘কুমিল্লা লিগে আমিও আম্পায়ারিং করেছি তখন। কী জমজমাট ক্রিকেট হতো।’দু-চারটে বিদেশি দল তখনো ক্রিকেট খেলে গেছে কুমিল্লায়। এসেছে কেনিয়ার মতো দলও। গ্যালারি থাকত দর্শকে ঠাসা। স্কুল পলাতকের দল সিনেমা হলের পথে না হেঁটে হতো মাঠমুখী। জাতীয় পর্যায়ের ক্রিকেটেও সাফল্য আছে কুমিল্লার। আন্তজেলা ক্রিকেটে কয়েকবারের চ্যাম্পিয়ন এই জেলা। ১৯৯২ সালের নির্মাণ স্কুল ক্রিকেটেরও শিরোপা জিতেছে কুমিল্লা জিলা স্কুল।আর এখন? বিবর্ণ দাঁড়িয়ে থাকা কুমিল্লা স্টেডিয়ামের মতো কুমিল্লার ক্রিকেটটাও রং হারানো ক্যানভাস! কুমিল্লার ক্রিকেট নিয়ে কারও সঙ্গে এখন কথা বলতে গেলেই গল্পের শুরুটা হয়, ‘একদা এক সময়...’ দিয়ে।জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে আইসিসির আম্পায়ার এনামুল হক (মনি) কুমিল্লার সন্তান। কুমিল্লা ক্রিকেটের স্বর্ণযুগের সাক্ষী, ক্ষয়িষ্ণু বর্তমানেরও। কেন হারিয়ে যাচ্ছে কুমিল্লার ক্রিকেট-ঐতিহ্য, কেন নতুন প্রতিভার দেখা মিলছে না এই জেলা থেকে? এনামুলের উত্তরে ক্ষোভ আর হতাশা মিশে রইল, ‘মূল কারণ স্থানীয় সংগঠকদের ব্যর্থতা। খেলাই হয় না ঠিকভাবে, খেলোয়াড় তৈরি হবে কোত্থেকে? কুমিল্লায় ক্রিকেট প্রতিভার অভাব নেই। তাহলে ঢাকার বিভিন্ন পর্যায়ে কুমিল্লার এত ক্রিকেটার খেলত না।’এই অভিযোগ অনেকেরই। সাংগঠনিক ব্যর্থতা আর ব্যক্তিস্বার্থের চক্রে পড়েই কুমিল্লার ক্রিকেট আজ মুমূর্ষু। তবে ডিএসএর সহসাধারণ সম্পাদক নাজমুল আহসান মনে করেন, স্থানীয় ক্রিকেটের উন্নয়নে তাদের আন্তরিকতার অভাব নেই। মূল সমস্যা অর্থসংকট, ‘লিগ এখানে নিয়মিতই হয়। মাঠে খেলা আছে। তবে টাকার অভাবে উঠতি ক্রিকেটারদের নিয়ে আমাদের অনেক পরিকল্পনা ভেস্তে গেছে। কুমিল্লার সবচেয়ে বড় সমস্যা এখানে স্পনসর নেই। শুনেছি, কুমিল্লা স্টেডিয়ামের উন্নয়নের জন্য এনএসসি ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ করেছে। সেই টাকাও পাইনি এখনো।’বিসিবির বর্তমান সভাপতি আ হ ম মোস্তফা কামাল কুমিল্লার মানুষ। তিনি বোর্ড সভাপতি হওয়ার পর নতুন করে জেগে ওঠার স্বপ্ন দেখেছিল এখানকার ক্রিকেট। স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে, বোর্ড সভাপতি সেটি বাস্তবায়নের কোনো উদ্যোগ এখনো নেননি। দুর্মুখেরা বলে, নিতে পারবেনও না। স্থানীয় রাজনীতির সমীকরণটাই বড় বাধা!