স্মৃতিকাতর জিকোর জাপান-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল কোচের জীবনটা বড় অদ্ভুত। একসময় যে দলকে জেতানোর জন্য সব উজাড় করে দিয়েছেন, সময়ের পালাবদলে সেই দলকেই হারানোর জন্য ছক কষতে হয়। ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর কথাই ধরুন। এখন তিনি ইরাকের কোচ। আজ বিশ্বকাপ বাছাইপর্বে তাঁর দলের প্রতিপক্ষ জাপান। সেই জাপান, যা তাঁর কাছে অন্তহীন স্মৃতির মিছিল। নিজের খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছিলেন জাপানের কারিশমা অ্যান্টলার্সে। ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত ছিলেন ‘ব্লু সামুরাই’দের কোচ। ২০০৬ বিশ্বকাপেও নিয়ে গিয়েছিলেন তাদের। ভিন্ন ভূমিকায় আবার সেই জাপানে পা রেখে পেশাদারির মুখোশ ছিঁড়ে জিকো তাই খানিকটা আবেগাক্রান্তই, ‘আমার কাছে জাপানে ফিরে আসাটা খুবই দারুণ একটা ব্যাপার। একটু আবেগঘনও। কারণ ১৫ বছর সেখানে আমি কাজ করেছি, ওদের সম্পর্কে আমার ধারণাও ভালো।’ তাঁর কোচিংয়েই ২০০৪ এশিয়া কাপ জিতেছিল জাপান। সেই স্মৃতি রোমন্থন করে জিকো একটু গর্বও অনুভব করেন, ‘আমি এখানে অনেক কিছুই গড়ে দিয়েছি। আমি খুশি, জাপানের মানুষ সেটা বুঝতে পারে। এখন জাপান এশিয়ার অন্যতম পরাশক্তি।’জিকো যুদ্ধবিধ্বস্ত ইরাকের দায়িত্ব নিয়েছেন এক বছর, তরুণ এই দলের ভালো ফল করতে দলীয় প্রয়াসকেই মানছেন চাবিকাঠি, ‘আমাদের দলটা তরুণ। অনেকেই খেলছে প্রথমবারের মতো। আমার মাত্র তিনজন নিয়মিত খেলোয়াড় আছে, তাই পুরো দলের সমন্বিত প্রচেষ্টাই দরকার।’ বিশ্বকাপে একবারই খেলেছিল ইরাক, সেই ১৯৮৬ সালে। আবার বিশ্বকাপে যাওয়ার স্বপ্নপূরণের পথটা খুবই বন্ধুর। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে জাপানই ‘বি’ গ্রুপের শীর্ষে। ইরাক, অস্ট্রেলিয়া ও ওমানের পয়েন্ট ২। ওমান অবশ্য ম্যাচ খেলেছে একটি (৩টি) বেশি। গ্রুপের অন্য দল জর্ডানের পয়েন্ট দুই ম্যাচে ১। এশিয়া অঞ্চলের বাছাইপর্বে পাঁচ দলের দুই গ্রুপ থেকে প্রথম দুটি করে দল সরাসরি চূড়ান্ত পর্বে উঠে যাবে। দুই গ্রুপে তৃতীয় হওয়া দুই দল মুখোমুখি হবে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ পেতে। এএফপি।