স্মৃতিতে ব্রাজিল-আর্জেন্টিনা এবং স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের চার জোড়া থেকে সম্ভাব্য বিজয়ীদের খুঁজে নেওয়া দুরূহ কাজ। কারণ এই আটটি দল সাধারণত সবচেয়ে শক্তিমান । এ বছর আবার আটটি গ্রুপ চ্যাম্পিয়নই জায়গা করে নিয়েছে শেষ আটে। আজ থেকে তাদেরও ঝরে পড়ার শুরু।
এ বছরের জোড়াগুলো ঠিক হয়ে যাওয়ার পর শুধু ভেবেছি, কোন চারটি দলকে সেমিফাইনালে দেখব। কেননা লাতিন ফুটবল, বিশেষ করে ব্রাজিলের খেলার ভক্ত হওয়ায় আমি শুধুই খুঁজে পেতে চাই ব্রাজিল কীভাবে সেমিফাইনাল পার হয়ে ফাইনালে নিজের জায়গাটা পাকা করবে। কিন্তু টিভিতে এ পর্যন্ত যা দেখেছি, কাজটি একেবারে অসম্ভব না হলেও বেশ কঠিন।
ষাটের দশকের শুরুতে আমরা যখন স্কুলে, তখন ব্রাজিল তাদের প্রথম দুটি বিশ্বকাপ জিতে ফেলেছে। আমরা খবর পেতাম দৈনিক পত্রিকায় বা রেডিওতে। তখনই তুলনাহীন পেলের নাম মাথায় স্থায়ীভাবে ঢুকে যায়। সে সময় খেলার ওপর লেখাও খুব একটা ছিল না। কলেজজীবনের বিশ্বকাপ ১৯৬৬ সালের ইংল্যান্ডে। গ্রুপ পর্যায়ে পেলেকে পর্তুগিজরা পায়ের লাথিতেই প্রতিযোগিতা থেকে বের করে দেয়, ব্রাজিলের দৌড়ও থেমে যায়।
এর পর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৭০ বিশ্বকাপ। গভীর রাতে রেডিওতে কান লাগিয়ে শুনতাম। হলে কয়েক বন্ধু মিলে রেডিওর শর্ট ওয়েভে ফাইনালের দিন ধারাবিবরণী খুঁজে যখন পেলাম, তার আগেই ব্রাজিল গোল করে ফেলেছে, পেলের মাথা থেকে। পরে বনিনসেনা ইতালির পক্ষে গোল শোধ করলেও হাফটাইমের পর গের্সনের জোরালো শট, জেয়ারজিনহোর তৃতীয় গোল আর সব শেষে কার্লোস আলবার্তোর সেই দুর্দান্ত গোল। পরে ফিল্মে আর টেলিভিশন-ক্লিপিংয়ে যতবারই এ গোলটি দেখেছি, ততই বিস্ময়বিমুগ্ধ হয়েছি। অনেক বিশেষজ্ঞের মতে এটিই বিশ্বকাপের সেরা দলীয় গোল। ব্রাজিল এরপর আরও দুবার বিশ্বকাপ জিতেছে। কিন্তু ১৯৭০ সালের মতো দল কি আর করতে পেরেছে?
আমার দ্বিতীয় পছন্দের দল আর্জেন্টিনা। একটা স্বপ্নের ফাইনাল হবে যদি ব্রাজিল ও আর্জেন্টিনা ওই আট থেকে বেরিয়ে চারে এবং শেষে দুয়ে আসে। আর্জেন্টিনা ১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপ জিতলেও ম্যারাডোনা না আসা পর্যন্ত দুনিয়াজোড়া আর এ দেশে জনপ্রিয় হয়নি। ১৯৮২ থেকে এ দেশে টিভিতে বিশ্বকাপ দেখানো শুরু হয়; ফলে এর জনপ্রিয়তা ও বিশ্বকাপ নিয়ে সারা দেশের মাতামাতিও বাড়তে থাকে। ১৯৮২-তে ২১ বছরের ম্যারাডোনা প্রতিভার ঝলক দেখালেও তাঁর আসল পরিচয় মেলে ১৯৮৬ সালে। ইতিহাসে কোনো খেলোয়াড় একা একটা দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি। তখন থেকেই বিশ্বজোড়া ও বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তার শুরু। ১৯৯০ সালের ফাইনালে কোদেসালের জায়গায় অন্য রেফারি থাকলে ম্যারাডোনার দ্বিতীয় কীর্তি দেখা যেত।
ম্যারাডোনার পর ওই জনপ্রিয়তার অনুঘটক হয়েছেন মেসি। ২০১০ সালের মেসির আর্জেন্টিনা আর ১৯৮২ সালের ম্যারাডোনার আর্জেন্টিনা অনেকটা এক রকম। দুজনই ওই দুবার পুরো পরিণত হননি। এখন ২০১৪ কি ১৯৮৬-কে ফিরিয়ে আনতে পারবে? এ পর্যন্ত যা দেখা গেছে, মেসি খেলতে পারলে বিপক্ষের বিপদ আছে। গ্রুপের তিন ম্যাচে ৪ গোল আর দলের চালক হিসেবে তাঁর অবস্থান এ বছরের বিশ্বকাপের সবচেয়ে বড় আলোচ্য। নকআউটে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করেননি ঠিকই, কিন্তু তিনি না থাকলে আর্জেন্টিনা কেমন দল, এ প্রশ্ন ঠিকই বারবার ওঠে। ঘাম ঝরানো খেলার ১১৮ মিনিটের পাসটি আর কজন কতবার বিশ্বকাপে দিয়েছেন? প্রায় দুই ঘণ্টা খেলার পর বাঁ পায়ে বল নিয়ে ওই অশ্বগতি আর ডি মারিয়ার অবস্থানটি মাথায় রাখা অবিশ্বাস্য। যেন পাস নয়, হাত দিয়ে বল বসিয়ে দেওয়া। এ পর্যন্ত এ বিশ্বকাপে মেসি যা করেছেন, তাকেই বলা হয় দৈব। এই একজনের অপার্থিব ক্ষমতার ওপর ভর করে আছে আর্জেন্টিনা।
ব্রাজিলও আর্জেন্টিনার মতোই অনেকটা নেইমারের ওপর ভর করে আছে। কিছুটা সুবিধা ব্রাজিল স্বাগতিক দল বলে। কিন্তু এতেই কি শেষ পর্যন্ত ১৩ জুলাই মারাকানার ফাইনালে যাওয়া সম্ভব হবে? আজ রাতেই কলম্বিয়ার বিপক্ষে তার অনেকটা উত্তর মিলবে। আর্জেন্টিনা খেলবে কাল বেলজিয়ামের সঙ্গে। বাকি ছয়টি দলই চেষ্টা করবে এদের রুখতে। কিন্তু স্বপ্ন দেখতে দোষ কী? বিশেষ করে যখন জানি, এই মেসি আর নেইমাররাই বিশ্বকাপের প্রাণ।