স্মৃতিতে রদ্রিগেজের গোল
দর্শক-সমর্থকেরা তখন টাইব্রেকারের জন্য অপেক্ষা শুরু করে দিয়েছে। তখনই ত্রাতা হয়ে আবির্ভাব ম্যাক্সিমিলিয়ানো রদ্রিগেজের। বক্সের অন্য প্রান্ত থেকে উড়ে আসার বল বুকে নামিয়ে অবিশ্বাস্য এক ভলিতে সেটিকে জড়িয়ে দিলেন জালে। মেক্সিকোর বাধা পার হয়ে গেল আর্জেন্টিনা। জার্মানি বিশ্বকাপের অন্যতম সেরা গোল করে ফেলা সেই রদ্রিগেজ আজও দলের সঙ্গে আছেন।ফলে লিওনেল মেসিরা চাইলে রদ্রিগেজের কাছ থেকে এই গোলের গল্পটা আরেকবার শুনে নিতে পারেন। রদ্রিগেজের কাছে গোলের স্মৃতিটা এখনো সমুজ্জ্বল, ‘স্মৃতিটা সত্যিই অসাধারণ। ওই ম্যাচে যা কিছু হয়েছিল সবই অসাধারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ম্যাচটা আমরা জিতেছিলাম।’আরেকবার সেই মেক্সিকোই যখন আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডেরই প্রতিপক্ষ, তখন রদ্রিগেজ আলোচনায় আসবেনই। একটা গোল করে আর্জেন্টিনাকে আজকের ম্যাচটা বের করে আনার স্বপ্ন দেখছেন রদ্রিগেজ, ‘আশা করি, আমি খেলার সুযোগ পাব এবং গোলের সুযোগ তৈরি হলে সেটা করে দলকে জেতাতেও চাই; যদি লাইনের ওপর সামান্য টোকা দিয়ে করা গোল হয়, তাই সই।’সমস্যা হলো, রদ্রিগেজ আদৌ মাঠে নামার সুযোগ পাবেন কি না! এখন পর্যন্ত ডিয়েগো ম্যারাডোনা রদ্রিগেজকে মাঠে নামাচ্ছেন সেন্ট্রাল মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরনের বিকল্প হিসেবে। এর মানে, রদ্রিগেজকে খেলতে হলে বসতে হবে ভেরনকে।কিন্তু তা যে হওয়ার নয়। কোচ ম্যারাডোনা ঘোষণা দিয়ে দিয়েছেন, তাঁর ‘জাভি’ ভেরনকে তিনি কোনোক্রমেই পরিবর্তন করতে চান না, ‘ও আমার জাভি। ও অপরিবর্তনযোগ্য! সে আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে ফুটবলটা সবচেয়ে বেশি বোঝে। এ জন্য ওকে আমি মাঠে দলের কোচ মনে করি। আমার ওকে প্রয়োজন, কারণ, ও চিৎকার করে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারে। আমার ওকে সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ মেসির ওপর ওর প্রভাব আছে। লিও (মেসি) শুধু ওর কথাই শোনে এবং এটাই আমার কাছে একজন খেলোয়াড়ের অপরিবর্তনযোগ্য হওয়ার বিরাট যোগ্যতা।’তবে মাঠে নামুন আর না-ই নামুন, দলের জয় নিয়েই ছক কাটছেন রদ্রিগেজ। প্রতিপক্ষ মেক্সিকোর কোচ হ্যাভিয়ের আগুইরেকে খুব ভালো করে চেনেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদে একসঙ্গে কাজ করেছেন দুজন। সেই অভিজ্ঞতা থেকেই রদ্রিগেজ বলছেন, ‘আমার মনে হয় না, উনি শুরুতেই ম্যাচ বের করে ফেলার চেষ্টা করবেন। মেক্সিকো ধীরে এগিয়ে পাল্টা-আক্রমণ করার চেষ্টা করবে।’অবশ্য রদ্রিগেজদের ভয় পাওয়ার দরকার নেই। কারণ ম্যাচের ফলাফল এরই মধ্যে চলে এসেছে! ম্যারাডোনার ‘৯০-এর বিখ্যাত সতীর্থ সার্জিও গয়কোচিয়া বলে দিয়েছেন, ‘মেক্সিকো ভালো দল। আর্জেন্টিনাকে হারানোর জন্য সেরা কৌশলই করবে। কিন্তু আমার হূদয় বলছে, আমরা ২-০ গোলে জিতব।’ ওয়েবসাইট।